• facebook
  • twitter
Saturday, 2 May, 2026

শহরবাসীর নিরাপত্তায় কলকাতাজুড়ে বসবে সিসিটিভি

শাসক দলের ১২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রূপক গঙ্গোপাধ্যায় এই উদ্যোগের কথা তুলে ধরেন

কলকাতা শহরের নাগরিক নিরাপত্তা আরও জোরদার করতে অলিগলিতে সিসিটিভি ক্যামেরা বসানোর প্রস্তাব উঠেছে কলকাতা পুরসভার মাসিক বৈঠকে। শাসক দলের ১২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রূপক গঙ্গোপাধ্যায় এই উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি জানান, পুরসভা ইতিমধ্যেই জল সরবরাহ, স্বাস্থ্য পরিষেবা এবং রাস্তা রক্ষণাবেক্ষণের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দক্ষতার সঙ্গে কাজ করছে। তবে বর্তমান পরিস্থিতিতে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

রূপক গঙ্গোপাধ্যায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে শহরের নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ওপর জোর দেন। তাঁর মতে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিরাপত্তা ব্যবস্থায় উন্নয়ন জরুরি। তিনি উল্লেখ করেন, কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ ইতিমধ্যেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় সিসিটিভি বসিয়েছে, যা যানজট নিয়ন্ত্রণ ও দুর্ঘটনার তদন্তে কার্যকর ভূমিকা নিয়েছে। সেই উদ্যোগকে আরও বিস্তৃত করার প্রয়োজন রয়েছে।

Advertisement

প্রস্তাব অনুযায়ী, প্রতিটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ মোড়, বাজার এলাকা, স্কুল-কলেজের আশপাশ, পার্ক এবং ব্যস্ত রাস্তায় উচ্চমানের সিসিটিভি ক্যামেরা বসানো হবে। এর ফলে অপরাধ দমন ও নজরদারি আরও কার্যকর হবে। পাশাপাশি, স্থানীয় পুলিশ এবং পুরসভার মধ্যে তথ্য আদানপ্রদানের একটি সমন্বিত ব্যবস্থা গড়ে তোলার কথাও বলা হয়েছে।

Advertisement

এই প্রকল্প বাস্তবায়নের জন্য প্রতিটি ওয়ার্ডে নির্দিষ্ট বাজেট বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। রূপক গঙ্গোপাধ্যায়ের মতে, এই উদ্যোগ সফল হলে কলকাতাকে আরও আধুনিক, স্মার্ট এবং নিরাপদ শহর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। যদিও জাতীয় অপরাধ নথিভুক্তি ব্যুরোর তথ্য অনুযায়ী কলকাতা দেশের অন্যতম নিরাপদ শহর, তবুও ভবিষ্যতের কথা মাথায় রেখে এই ধরনের পদক্ষেপ অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করা হচ্ছে।

 

Advertisement