প্রচারে বেরিয়ে টাকা বিলির অভিযোগ উঠল বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। বর্ধমান দক্ষিণের বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্রর বিরুদ্ধে এই অভিযোগ সামনে এসেছে। টাকা বিলির সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। তবে সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি দৈনিক স্টেটসম্যান। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস।
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির চত্বরে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির সঙ্গে কথা বলছেন মৌমিতা। সেই সময়ে পিছন থেকে গেরুয়া পাঞ্জাবি পরা কেউ একজন মৌমিতার হাতে টাকা তুলে দিচ্ছেন। বিজেপি প্রার্থী সেই টাকা ওই ব্যক্তির হাতে তুলে দিচ্ছেন। বিষয়টি নিয়ে কমিশনের কাছে অভিযোগ করেছে তৃণমূল। দলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, ‘নির্বাচনী বিধিভঙ্গ করে প্রচারে বেরিয়ে টাকা বিলি করছেন বিজেপি প্রার্থী। আসলে বিজেপি টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। কমিশনের উচিত বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কারণ রাজ্যে আদর্শ আচরণ বিধি চালু হয়ে গিয়েছে।’ তৃণমূল নেতার কটাক্ষ, বিজেপির কমিশন না হয়ে দেশের কমিশন হিসেবে কাজ করা উচিত নির্বাচন কমিশনের।
Advertisement
মৌমিতা টাকা দেওয়ার কথা স্বীকার করলেও বিধিভঙ্গ হয়েছে বলে মানতে নারাজ। তিনি বলেন, ‘সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। সেখানে ওই ভদ্রলোক এসে জানান, তিনি মায়ের কাছে সবার কল্যাণ কামনায় পুজো দেবেন। তাঁকে পুজোর খরচ বাবদ কিছু টাকা দেওয়া হয়েছে। আসলে তৃণমূল সব বিষয়েই খুঁত দেখতে পায়।’
Advertisement
সিপিএমের জেলা নেতৃত্বের কটাক্ষ, রাজ্য ও কেন্দ্র দু’টি দলই টাকা আর পেশির জোরে ক্ষমতায় টিকে রয়েছে। এই ঘটনা সেটাই প্রমাণ করল।
Advertisement



