পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে জটিলতা আরও বাড়ল। নির্বাচন কমিশনের ভোটার তালিকা ‘ফ্রিজ’ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে নতুন মামলা দায়ের হয়েছে। ট্রাইব্যুনালে বিচারাধীন থাকা লক্ষাধিক ভোটারের ভবিষ্যৎ এবং তাঁদের ভোটাধিকার বজায় থাকবে কি না—এই প্রশ্নেই মূলত দৃষ্টি আকর্ষণ করা হয়েছে শীর্ষ আদালতের।
প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল পাঞ্চোলির বেঞ্চ জানিয়েছে, আগামী ১৩ এপ্রিল এসআইআর সংক্রান্ত মূল মামলার সঙ্গেই এই বিষয়টি বিবেচনা করা হবে। ওই দিনই ‘বিচারাধীন’ ভোটারদের অবস্থান এবং ভোটার তালিকায় তাঁদের অন্তর্ভুক্তির প্রশ্নে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
Advertisement
মামলাকারী পক্ষের দাবি, কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের নেতৃত্বাধীন আপিল ট্রাইব্যুনাল সম্প্রতি কয়েকটি ক্ষেত্রে আবেদনকারীদের পক্ষে রায় দিয়েছে। সেখানে অভিযোগ ছিল, যথাযথ নথি যাচাই না করেই অনেকের নাম বাতিল করা হয়েছিল। ফলে বর্তমানে ট্রাইব্যুনালে বিচারাধীন থাকা বহু আবেদনকারীর ভোটাধিকার চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
Advertisement
প্রসঙ্গত, রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশন নির্ধারিত সময়সীমা অনুযায়ী ভোটার তালিকা ‘ফ্রিজ’ করেছে। কমিশনের যুক্তি, নির্দিষ্ট ‘কাট-অফ’ তারিখের পর আর নতুন নাম অন্তর্ভুক্ত করা যায় না, যা নির্বাচনী প্রক্রিয়ার একটি স্বীকৃত নিয়ম। তবে আদালতে প্রশ্ন উঠেছে—যাঁদের আবেদন ইতিমধ্যেই বিচারাধীন, তাঁদের ক্ষেত্রেও কি একই নিয়ম প্রযোজ্য হবে ?
পরিসংখ্যান অনুযায়ী, এসআইআর প্রক্রিয়ায় প্রায় ৬০ লক্ষ নাম নিয়ে আপত্তি ওঠে। তার মধ্যে প্রায় ৩৩ লক্ষ ভোটারের নাম পুনরায় তালিকাভুক্ত করা হলেও এখনও প্রায় ২৭ লক্ষ আবেদন ট্রাইব্যুনালে বিচারাধীন। এই বিপুল সংখ্যক মানুষের ভোটাধিকার কার্যত অনিশ্চয়তার মুখে। এছাড়াও, যাঁদের বৈধ পাসপোর্ট রয়েছে, তাঁদের স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার আবেদনও আদালতে জানানো হয়েছে। এই বিষয়টিও ১৩ এপ্রিলের শুনানিতে খতিয়ে দেখা হবে।
Advertisement



