• facebook
  • twitter
Sunday, 12 April, 2026

নতুন নকশায় তৈরি হবে ভোপালের বিতর্কিত ৯০ ডিগ্রি সেতু

সম্প্রতি এ বিষয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, সেখানে পূর্ত দপ্তর এবং রেল কর্তৃপক্ষ সেতুটির পুনর্নির্মাণে সম্মত হয়েছে

মধ্যপ্রদেশের ভোপালে নির্মিত ৯০ ডিগ্রি বাঁকযুক্ত রেলসেতুটি একসময় ব্যাপক বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। সেতুটি তৈরি হলেও নিরাপত্তা সংক্রান্ত নানা প্রশ্ন ওঠায় তা জনসাধারণের জন্য চালু করা যায়নি। প্রায় ১০ মাস ধরে একই অবস্থায় পড়ে থাকার পর অবশেষে সেতুটি চালুর সম্ভাবনা তৈরি হয়েছে। তবে তার আগে সেতুটির নকশায় পরিবর্তন আনা হবে এবং নতুন নকশা অনুযায়ী পুনর্নির্মাণ হবে। তারপরেই জনসাধারণের জন্য সেতুটি খুলে দেওয়া হবে।

সম্প্রতি এ বিষয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, সেখানে পূর্ত দপ্তর এবং রেল কর্তৃপক্ষ সেতুটির পুনর্নির্মাণে সম্মত হয়েছে। এখন অপেক্ষা কেবল কাজ শুরুর। মহামই কা বাগ এবং পুষ্পনগরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার লক্ষ্যেই নিউ ভোপাল স্টেশন সংলগ্ন এলাকায় প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে এই সেতুটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু উদ্বোধনের আগেই কিছু যানবাহন ৯০ ডিগ্রির বাঁক পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হওয়ায় বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে, মুখ্যমন্ত্রী মোহন যাদব হস্তক্ষেপ করেন এবং নির্মাণকাজের সঙ্গে যুক্ত আটজন ইঞ্জিনিয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়।

Advertisement

নতুন পরিকল্পনা অনুযায়ী, সেতুর বাঁকের ব্যাসার্ধ ২ মিটার থেকে বাড়িয়ে প্রায় আড়াই মিটার করা হবে। পাশাপাশি সেতুর প্রস্থ বর্তমান সাড়ে ৮ মিটার থেকে বাড়িয়ে প্রায় সাড়ে ১০ থেকে ১১ মিটার করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রশাসনের মতে, এই পরিবর্তনের ফলে শুধু ছোট গাড়িই নয়, মাঝারি ও ভারী যানবাহনও নিরাপদে চলাচল করতে পারবে। জানা গিয়েছে, আগামী চার-পাঁচ দিনের মধ্যেই নতুন নকশা তৈরির কাজ শুরু হবে। তবে যে সংস্থা এই সেতুটি তৈরি করেছিল, তাদেরই পুনরায় নতুন নকশা মেনে কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement