এপ্রিলের শেষ সপ্তাহে বাংলার আবহাওয়ার দুই প্রান্তে দুই বিপরীতমুখী চিত্র সামনে এসেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে একদিকে তাপপ্রবাহ ও অস্বস্তিকর গরম-আর্দ্রতা বাড়বে, অন্যদিকে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দাপট দেখা যেতে পারে।
২০ থেকে ২৬ এপ্রিলের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের আশঙ্কা প্রবল, যেখানে পারদ ৪০ ডিগ্রি বা তার বেশি ছুঁতে পারে। পাশাপাশি বাঁকুড়া, ঝাড়খন্ড লাগোয়া ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বীরভূমে গরমের সঙ্গে আর্দ্রতা মিলিয়ে অস্বস্তি আরও বাড়বে বলে সতর্কতা জারি করা হয়েছে।
Advertisement
২১ ও ২২ এপ্রিল মূলত শুষ্ক আবহাওয়া থাকলেও, ২৩ থেকে ২৬ এপ্রিলের মধ্যে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ২৬ এপ্রিল ঝোড়ো হাওয়া ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে এবং বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
Advertisement
অন্যদিকে, উত্তরবঙ্গে পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে একাধিক দিন ধরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ২৫ ও ২৬ এপ্রিল বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
২৩ এপ্রিল ভোটের দিনও এই বৈপরীত্য বজায় থাকতে পারে। উত্তরবঙ্গে মাঝেমধ্যে বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা থাকলেও, দক্ষিণবঙ্গের ভোটের জেলাগুলিতে বৃষ্টি হবে মূলত বিচ্ছিন্নভাবে। তবে গরম ও আর্দ্রতা ভোটারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
আবহাওয়া দপ্তর বিশেষভাবে শিশু, বয়স্ক ও অসুস্থদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। দুপুর ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রোদ এড়িয়ে চলা, পর্যাপ্ত জল পান করা এবং হালকা পোশাক পরার উপর জোর দেওয়া হয়েছে। সব মিলিয়ে, ভোটের মরশুমে বাংলার আবহাওয়া এখন দ্বিমুখী— দক্ষিণে দাবদাহ, উত্তরে বৃষ্টি। আগামী কয়েকদিন এই পরিস্থিতি আরও তীব্র হতে পারে বলেই আশঙ্কা।
Advertisement



