• facebook
  • twitter
  • youtube
Sunday, 2 August, 2026

ছুটির দিনে বৃষ্টিতে ভিজবে উত্তর-দক্ষিণ, কলকাতায় কী পূর্বাভাস?

উত্তর দিনাজপুর জেলায় আজ দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাতে রবিবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

ছুটির দিনে বৃষ্টিতে ভিজবে উত্তর-দক্ষিণ, কলকাতায় কী পূর্বাভাস?

File Photo

ছুটির দিনে সকাল থেকেই আকাশের মুখ ভার। রবিবার সকাল থেকে কলকাতার আকাশ মেঘলা রয়েছে। বৃষ্টির সেভাবে দেখা নেই। কখনও কখনও এক চিলতে রোদের দেখা মিলছে। তবে বাতাসে আর্দ্রতাজনিত অস্বস্তি ও গরম রয়েছে। কিন্তু আজ কি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সারাদিনই এরকম আবহাওয়া (West Bengal Weather Update) থাকবে? উত্তরবঙ্গে কি বৃষ্টির পূর্বাভাস রয়েছে? কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর?

রবি ও সোমবার দক্ষিণবঙ্গের আবহাওয়া

রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় আজ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আজ এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

সোমবার উত্তর ২৪ পরগনা, নদীয়া ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এদিন দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

উত্তরবঙ্গে রবি ও সোমবারের আবহাওয়ার পূর্বাভাস

রবি ও সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে আজ ও কাল কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুর জেলায় আজ দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাতে রবিবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আরও পড়ুন: হাওড়ায় মুখ্যমন্ত্রীকে হামলার ছক! ISI যোগ-বিদেশি ফান্ডিংয়ের তদন্তে চাঞ্চল্যকর দাবি STF-এর

কলকাতার আবহাওয়া

কলকাতায় আজ সারাদিনই আকাশ মেঘলা থাকবে। তবে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোনো কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। আজ কলকাতায় সবোর্চ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।