• facebook
  • twitter
  • youtube
Thursday, 18 June, 2026

আয়ুষ্মান ভারত কেন্দ্রের মেগা স্বাস্থ্য প্রকল্প: শান্তনু ঠাকুর

বৃহস্পতিবার নদিয়ার কল্যাণী সতীমায়ের বাড়ির এলাকায় লালন কক্ষে আয়োজিত একটি 'জনকল্যাণ শিবির'-এ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিগত সরকারের কড়া সমালোচনা এবং বর্তমান রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর

রাজ্যে পালাবদলের পর ‘ডাবল ইঞ্জিন’ সরকারের উদ্যোগে অবশেষে পশ্চিমবঙ্গে বাস্তবায়িত হতে চলেছে কেন্দ্রের মেগা স্বাস্থ্য প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’। বৃহস্পতিবার নদিয়ার কল্যাণী সতীমায়ের বাড়ির এলাকায় লালন কক্ষে আয়োজিত একটি ‘জনকল্যাণ শিবির’-এ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিগত সরকারের কড়া সমালোচনা এবং বর্তমান রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।
আয়ুষ্মান ভারত প্রকল্প প্রসঙ্গে শান্তনু ঠাকুর বলেন, রাজ্যে আয়ুষ্মান ভারত চালু হওয়া সাধারণ মানুষের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ। এর ফলে প্রতিটি মানুষ ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন। তিনি অভিযোগ করেন, বিগত সরকার শুধুমাত্র সঙ্কীর্ণ রাজনীতির স্বার্থে বাংলার মানুষকে এই সুবিধা থেকে বঞ্চিত করেছিল, বর্তমান রাজ্য সরকার সাধারণ মানুষের কথা ভেবে এই প্রকল্প চালু করায় তিনি সরকারকে ধন্যবাদ জানান।
রাজ্য বাজেট প্রসঙ্গে মন্ত্রী শান্তনু বলেন, নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী। তিনি জানান, এই বাজেট পাশ হওয়ার পর রাজ্যে উন্নয়নের কাজ আরও দ্রুত গতিতে এগোবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, যার জন্য সাধারণ মানুষ অপেক্ষায় রয়েছে।
জাতীয় সুরক্ষার স্বার্থে রাজ্য সরকার যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, সে বিষয়ে রাজ্যপালের দেওয়া বার্তার প্রসঙ্গে প্রশ্ন করা হয় । এর উত্তরে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, এটা তো করতে বাধ্য, এখন ডাবল ইঞ্জিনের সরকার।
২০১৯-২০ সাল থেকে আটকে থাকা বিভিন্ন পরিকাঠামোগত প্রকল্প পুনরায় চালু করার বিষয়ে তিনি আশ্বাস দেন। তিনি বলেন, নতুন সরকার সবে মাত্র দায়িত্ব নিয়েছে, এখন ধীরে ধীরে সমস্ত আটকে থাকা কাজগুলো বাস্তবায়িত করা হবে। সাক্ষাৎকারের শেষে প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা উদয়ন গুহর সাম্প্রতিক গ্রেপ্তারি বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এককথায় কটাক্ষ করে বলেন, এটা তো হওয়ারই কথা ছিল।