অবশেষে কণ্ঠস্বরের নমুনা দিতে বিধাননগর মহকুমা আদালতে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেলা ১২টার সময় তিনি আদালতে যান। ম্যাজিস্ট্রেটের সামনে এবং সিআইডি আধিকারিকদের উপস্থিতিতে কণ্ঠস্বরের নমুনা দেবেন তিনি। এর আগে দু’বার নোটিস পাঠানো হলেও তিনি হাজিরা এড়িয়ে যান।
অভিষেকের আদালতে আসার খবর ছড়িয়ে পড়তেই বিধাননগর মহকুমা আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থায় জোর দেওয়া হয়। মোতায়েন করা হয় র্যাফ-সহ অতিরিক্ত পুলিশ বাহিনী। নির্দিষ্ট কারণ ছাড়া কাউকে আদালত চত্বরে প্রবেশ করতে নিষেধ করা হয়। কেউ যাতে অভিষেককে লক্ষ্য করে ডিম ছুঁড়তে না পারে, তা নিশ্চিত করতে পুলিশকে বাড়তি সতর্ক থাকতে দেখা যায়।
বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে ডিজে সংক্রান্ত একটি মন্তব্যকে কেন্দ্র করে অভিষেকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেই মামলার তদন্ত করছে সিআইডি। তদন্তের স্বার্থে তাঁর কণ্ঠস্বরের নমুনার জন্য্ আদালতে আবেদন জানায় ওই সংস্থা। আদালত নির্দেশ দিয়েছিল, অভিষেককে তদন্তে সহযোগিতা করতে হবে। পাশাপাশি এটাও জানানো হয়েছিল, তদন্ত চলাকালীন তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না সিআইডি।
গত ৩০ জুন এবং ৮ জুলাই কণ্ঠস্বরেরর নমুনা দেওয়ার জন্য নোটিস পাঠানো হয়েছিল। ওই দুই দিনই হাজিরা এড়িয়ে যান অভিষেক। পরপর দু’বার হাজিরা এড়িয়ে যাওয়ায় ১০ জুলাই কলকাতা হাইকোর্টের বিচারপতি তাঁর ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। আদালত স্পষ্ট জানিয়ে দেয়, অবিলম্বে কণ্ঠস্বরের নমুনা দিয়ে তদন্তে সহযোগিতা না করলে রক্ষাকবচ প্রত্যাহার করে নেওয়া হবে। সিআইডি তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ বা গ্রেপ্তারিও করতে পারে।
সেই শুনানিতেই অভিষেকের আইনজীবী আদালতকে জানান, নির্দেশ মেনে বুধবার তাঁর মক্কেল ম্যাজিস্ট্রেটের সামনে কণ্ঠস্বরের নমুনা দেবেন। সেই সঙ্গে আবেদন করা হয়, তাঁকে লক্ষ্য করে কেউ যেন ডিম না ছোঁড়ে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া রাজ্যের দায়িত্ব বলে জানায় আদালত।
উল্লেখ্য, বিধাননগর মহকুমা আদালত প্রথমে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহরে জন্য ১৮ জুলাইয়ের দিন ধার্য করেছিল। তবে নির্ধারিত সময়ের তিন দিন আগেই, বুধবার আদালতে হাজির হয়ে কণ্ঠস্বরের নমুনা দিতে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।




