• facebook
  • twitter
Wednesday, 27 May, 2026

অনুব্রত-কাজলদের ওয়াই প্লাস নিরাপত্তা প্রত্যাহার,তালিকায় একঝাঁক তৃণমূল নেতা

অনুব্রত মণ্ডল, হাসনের বিধায়ক কাজল শেখ এবং প্রাক্তন মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহার অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে

এবার অনুব্রত মণ্ডল-কাজল শেখ সহ বীরভূমের আরও কয়েকজন তৃণমূল নেতার নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনল জেলা প্রশাসন। অনুব্রত মণ্ডল, হাসনের বিধায়ক কাজল শেখ এবং প্রাক্তন মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহার অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে রাজ্যের প্রাক্তন বিধায়ক অভিজিৎ সিনহা, প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় ও প্রাক্তন বিধায়ক বিকাশ রায়চৌধুরীও। তাঁদের সকলের ওয়াই ও ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা সরিয়ে দুই-তিন পুলিশকর্মীকে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে।

রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে এতদিন অনুব্রত মণ্ডলের সঙ্গে পাইলট গাড়ি, এসকর্ট ও বাড়ির বাইরে বিশেষ পুলিশি নিরাপত্তা ছিল। সেই নিরাপত্তাই এবার সরিয়ে নেওয়া হয়েছে। নতুন ব্যবস্থায় তাঁর সঙ্গে শুধুমাত্র একজন সশস্ত্র নিরাপত্তারক্ষী থাকবেন। একইভাবে কাজল শেখের নিরাপত্তাও কমানো হয়েছে। সরকারি নির্দেশ অনুযায়ী তাঁর জন্য তিনজন সশস্ত্র নিরাপত্তারক্ষী রাখা হবে। অন্যদিকে চন্দ্রনাথ সিনহার ক্ষেত্রেও অতিরিক্ত নিরাপত্তা তুলে দিয়ে দু’জন সশস্ত্র রক্ষী রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

প্রশাসনিক সূত্রের দাবি, রাজনৈতিক ব্যক্তিত্বদের নিরাপত্তা নতুন করে পর্যালোচনা করা হচ্ছে। প্রকৃত ঝুঁকির ভিত্তিতেই নিরাপত্তা নির্ধারণ করা হবে। অপ্রয়োজনীয় নিরাপত্তায় সরকারি অর্থ ব্যয়ের পরিবর্তে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নীতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

এ প্রসঙ্গে বিধায়ক কাজল শেখ বলেছেন, ‘আমি একজন জেলা সভাধিপতি, তাই আমাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। কেন নিরাপত্তা তুলে নেওয়া হলো, সেটা তারাই বলতে পারবেন। তবে মানুষ আমাকে এতদিন নিরাপত্তা দিয়েছে। তারাই আগামীতেও দেবেন। আমি যেমন বেরোচ্ছিলাম, তেমনই বের হবো।’

Advertisement