ভোটের আগে কলকাতা পুলিশে বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত কমিশনার স্তরে দায়িত্ব পুনর্বিন্যাস করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের কাজ নতুনভাবে ভাগ করে দেওয়া হয়েছে। এই পরিবর্তনের লক্ষ্য, নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা আরও মজবুত করা এবং নজরদারি বাড়ানো।
নতুন নির্দেশ অনুযায়ী, সুদীপ সরকারকে যুগ্ম কমিশনার (সদর) হিসেবে নিয়োগ করা হয়েছে। তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষা, কন্ট্রোল রুম পরিচালনা এবং নির্বাচন সেলের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব। অন্যদিকে, সোমা দাস মিত্রকে যুগ্ম কমিশনার (অপরাধ) পদে এনে ডিটেকটিভ ডিপার্টমেন্ট, সাইবার অপরাধ এবং আদালত-সংক্রান্ত বিষয়গুলির দায়িত্ব দেওয়া হয়েছে। গোয়েন্দা শাখার দায়িত্ব দেওয়া হয়েছে দেবস্মিতা দাসকে, যিনি বিশেষ শাখা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলিও দেখবেন। ট্রাফিক ও পরিবহন সংক্রান্ত একাধিক দপ্তরের দায়িত্বে রয়েছেন রূপেশ কুমার।
Advertisement
এছাড়াও অতিরিক্ত কমিশনার স্তরেও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। দেবেন্দ্র প্রকাশ সিং আইন-শৃঙ্খলা, নির্বাচন সেল, সশস্ত্র পুলিশ ও বিশেষ বাহিনীর তদারকি করবেন। ট্রাফিক, সিসিটিভি সেল, ডায়াল ১০০ এবং কমিউনিটি পুলিশিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সন্তোষ পাণ্ডেকে। ধ্রুবজ্যোতি দে বিশেষ শাখা, নিরাপত্তা ও গোয়েন্দা সংক্রান্ত বিষয় দেখবেন। অন্যদিকে আধুনিকীকরণ, নিয়োগ, আর্থিক ও প্রশাসনিক দপ্তরের দায়িত্ব পেয়েছেন অশেষ বিশ্বাস।
Advertisement
লালবাজার সূত্রে জানা গিয়েছে, আসন্ন নির্বাচনের আগে প্রশাসনিক ভিতকে আরও শক্তিশালী করতেই এই পুনর্বিন্যাস করা হয়েছে। বিশেষ করে নির্বাচন সেল, আইন-শৃঙ্খলা ও গোয়েন্দা বিভাগের কার্যক্ষমতা বাড়ানোই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।
Advertisement



