• facebook
  • twitter
  • youtube
Sunday, 28 June, 2026

তৃণমূলের দখলদারি থেকে মুক্তি, বৃদ্ধ দম্পতির ঘরে এবার বৈধ চুক্তিতে বিজেপির দলীয় কার্যালয়

সম্প্রতি বিজেপি নেতৃত্ব উদ্যোগ নিয়ে ঘরটি দখলমুক্ত করে এবং মালিকের হাতে ঘরের চাবি ফিরিয়ে দেয়

তৃণমূলের দখলদারি থেকে মুক্তি, বৃদ্ধ দম্পতির ঘরে এবার বৈধ চুক্তিতে বিজেপির দলীয় কার্যালয়

রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর হাওড়ার বেলুড়ের এক বৃদ্ধ দম্পতির দীর্ঘদিনের অভিযোগের অবসান ঘটল। বেলুড়ের ওই বৃদ্ধ দম্পতি তৃণমূল কংগ্রেসকে একটি ঘর ভাড়া দিয়েছিলেন। অভিযোগ, ভাড়া নিলেও দীর্ঘদিন সেই ঘরের জন্য একটি টাকাও দেয়নি তৃণমূল নেতারা। উল্টে ভাড়া চাইতে গেলে ওই দম্পতিকে রীতিমতো ভয় দেখানো হতো। এমনকী, ঘর ছাড়ার অনুরোধও তারা কর্ণপাত করেনি। তৃণমূলের দখলে থাকা সেই ঘর এবার দখলমুক্ত করল বিজেপি। শুধু তাই নয়, বৈধ ভাড়ার চুক্তির মাধ্যমে সেখানে দলীয় কার্যালয় গড়ল বিজেপি।

বেলুড় স্টেশন রোডের বাসিন্দা বৃদ্ধ সুভাষ মিত্র ও তাঁর স্ত্রী জানিয়েছেন, তাঁদের বাড়ির একটি ঘর দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস ব্যবহার করলেও কখনও ভাড়া দেয়নি। ভাড়া চাইতে গেলে তাঁদের হুমকি, মানসিক নির্যাতন এবং এমনকী শারীরিক হেনস্তার শিকার হতে হয়েছে বলেও অভিযোগ করেছেন তাঁরা। সুভাষের দাবি, একাধিকবার প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছিল।

রাজ্যে সরকার পরিবর্তনের পর ওই ঘরটি দীর্ঘদিন বন্ধ অবস্থায় ছিল। সম্প্রতি বিজেপি নেতৃত্ব উদ্যোগ নিয়ে ঘরটি দখলমুক্ত করে এবং মালিকের হাতে ঘরের চাবি ফিরিয়ে দেয়। এরপর বাড়ির মালিকের সঙ্গে বৈধ ভাড়ার চুক্তি করে সেখানে বিজেপির দলীয় কার্যালয় চালু করা হয়েছে। বিজেপির বালি ১ নম্বর মণ্ডলের যুবনেতা দীপক যাদব বলেন, ‘আমরা সম্পূর্ণ আইনি প্রক্রিয়া মেনেই ঘরটির মালিকের সঙ্গে ভাড়ার চুক্তি করেছি। বহু বছর ধরে ঘরটি বেআইনিভাবে দখল করে পার্টি অফিস চালাচ্ছিল তৃণমূল। বাড়ির মালিককে একটি পয়সাও ভাড়া দেওয়া হয়নি, উল্টে প্রতিবাদ করলে তাঁদের উপর অত্যাচার করা হয়েছে। আমরা সেই অবস্থা থেকে তাঁদের মুক্তি দিয়েছি।’

অন্যদিকে, বৃদ্ধ দম্পতি বলেছেন, ‘বিজেপির কিছু লোকজন এসে আমাদের ঘর দখলমুক্ত করেছে এবং নিয়ম মেনে ভাড়া দেওয়ার আশ্বাস দিয়েছে। এতদিন পরে নিজেদের সম্পত্তির অধিকার ফিরে পেয়ে আমরা অত্যন্ত খুশি।’ বেলুড়ের এই ঘটনা রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে তৃণমূল নেতাদের সম্পত্তি দখল ও দলীয় প্রভাব খাটানোর অভিযোগকে সামনে এনেছে।