• facebook
  • twitter
  • youtube
Thursday, 23 July, 2026

আগামী ৭ দিন বৃষ্টিমুখর বাংলা, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা, উত্তরবঙ্গে বাড়বে দুর্যোগ?

বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কলকাতায় আজ সবোর্চ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

আগামী ৭ দিন বৃষ্টিমুখর বাংলা, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা, উত্তরবঙ্গে বাড়বে দুর্যোগ?

Photo: Magnific

একটানা বৃষ্টির সেভাবে দেখা নেই। তবে বুধবার সকাল থেকে এক দফা ভারী বৃষ্টিতে ভিজেছে কলকাতা। এদিন দক্ষিণবঙ্গেও লাগাতার বৃষ্টি শুরু হয়েছে। অন্যদিকে আজ, বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গেও কি আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে? উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাস্প প্রবেশ করতে শুরু করেছে। সেই জন্য রাজ্যের প্রায় সব জেলায় আগামী সাতদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে উত্তর থেকে দক্ষিণে আগামী কয়েকদিন বৃষ্টির দাপট বাড়বে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আজ দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

শুক্রবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এদিনও দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

শনি ও রবিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে।

দক্ষিণবঙ্গের উপর কী কী প্রভাব পড়তে পারে?

  • বৃষ্টির জন্য ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
  • বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কারণে খোলা জায়গায় বা মাঠে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।
  • প্রবল বৃষ্টিতে নীচু এলাকায় জল জমারও আশঙ্কা রয়েছে।

দক্ষিণবঙ্গের মানুষদের জন্য সতর্কবার্তা

  • বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সময় খোলা জায়গায় বা রাস্তায় না থেকে কোনও নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
  • তবে দুর্যোগের সময়ে কোনও গাছ, ইলেকট্রিক পোল বা বিপদজ্জনক বাড়ির তলায় আশ্রয় না নেওয়াই শ্রেয়।
  • বৃষ্টির কারণে যান চলাচল কিছুটা নিয়ন্ত্রণ হতে পারে।

আজ কলকাতার আবহাওয়া

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতায় সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। সূর্যের দেখা প্রায় নেই বললেই চলে। কলকাতায় সকাল থেকেই মেঘলা আকাশের দেখা মিলছে। তবে বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কলকাতায় আজ সবোর্চ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

উত্তরবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে।

উত্তরবঙ্গের উপর কী কী প্রভাব পড়তে পারে?

  • আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং ও কালিম্পং জেলায় পাহাড়ি অঞ্চলে ধস নামার সম্ভাবনা রয়েছে।
  • প্রবল বৃষ্টিতে নীচু এলাকায় জল জমারও আশঙ্কা রয়েছে।
  • তিস্তা, তোর্সা, জলঢাকা ও রায়ঢাক নদীতে জলস্তর বাড়তে পারে বলে আগাম সতর্ক করা হয়েছে।
  • বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কারণে খোলা জায়গায় বা মাঠে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের মানুষদের জন্য সতর্কবার্তা

  • বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সময় খোলা জায়গায় বা রাস্তায় না থেকে কোনও নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
  • তবে দুর্যোগের সময়ে কোনও গাছ, ইলেকট্রিক পোল বা বিপদজ্জনক বাড়ির তলায় আশ্রয় না নেওয়াই শ্রেয়।
  • ভূমিধসপ্রবণ এলাকাগুলি এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।