• facebook
  • twitter
  • youtube
Sunday, 19 July, 2026

ছুটির দিনে বৃষ্টিস্নাত মহানগরী, উত্তরবঙ্গে জারি লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কী পরিস্থিতি?

রবিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার দু-এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পং জেলার কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে আজ লাল সতর্কতা জারি করা হয়েছে।

ছুটির দিনে বৃষ্টিস্নাত মহানগরী, উত্তরবঙ্গে জারি লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কী পরিস্থিতি?

Image: ANI

ছুটির দিনে বৃষ্টিস্নাত কলকাতা। রবিবার সকাল থেকেই কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। কখনও কখনও আবার আকাশ কালো করে ঝেঁপে নামছে বৃষ্টি। আপাতত রবিবার সারাদিনই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে উত্তরবঙ্গে আজ অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

রবিবার দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলার কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে আজ দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও নদিয়ায় তেমন কোনও বৃষ্টির পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর।

কলকাতার আবহাওয়া

রবিবার ছুটির দিনে সকাল থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে শুরু করেছে কলকাতা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ সারাদিনই কলকাতার আকাশ মেঘলা থাকবে। সেই সঙ্গে বৃষ্টিও হবে। রবিবার কলকাতার সবোর্চ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

উত্তরবঙ্গে আজ লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার দু-এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পং জেলার কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে আজ লাল সতর্কতা জারি করা হয়েছে।

অন্যদিকে, কোচবিহার জেলার কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কোচবিহারে আজ কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। উত্তর দিনাজপুর জেলায়ও আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলায় আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।