• facebook
  • twitter
  • youtube
Monday, 20 July, 2026

সপ্তাহের শুরুতেই কলকাতায় বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কি বাড়বে দুর্যোগ?

সোমবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়ার কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

সপ্তাহের শুরুতেই কলকাতায় বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কি বাড়বে দুর্যোগ?

Image: ANI

কখনও হালকা আবার কখনও মাঝারি বৃষ্টি। রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কম-বেশি এরকমই আবহাওয়ার দেখা মিলেছে। তবে সপ্তাহের শুরুতে সোমবার সকাল থেকেই আকাশের মুখ ভার। আজও কি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রবিবারের মতো বৃষ্টির দেখা মিলবে? উত্তরবঙ্গে কি বৃষ্টির পূর্বাভাস রয়েছে? কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর?

দক্ষিণবঙ্গের পূর্বাভাস

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়ার কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই জেলাগুলিতে আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির কোনও পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর।

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

সপ্তাহের শুরুর দিন কলকাতায় সারাদিনই মেঘলা আকাশের দেখা মিলবে। তবে কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ সবোর্চ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

উত্তরবঙ্গের পূর্বাভাস

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার দু-এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে কয়েকটি জায়গায় আবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে আজ কমলা সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: বাংলায় এবারে চালকরাই মালিক, বিরাট শাহি ঘোষণা

অন্যদিকে, উত্তর দিনাজপুর জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে উত্তরবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সোমবার উত্তরবঙ্গের বাকি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।