• facebook
  • twitter
  • youtube
Thursday, 18 June, 2026

তিনবার হাজিরা এড়িয়ে অবশেষে থানায় গেলেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস

বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ তিনি থানায় পৌঁছন

মেসি মামলায় অবশেষে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ তিনি থানায় পৌঁছন। এর আগে পুলিশ তাঁকে তিন বার তলব করলেও তিনি হাজিরা এড়িয়ে যান। পুলিশ সূত্রে খবর, তদন্তকারী আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন এবং পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হচ্ছে।

এই মামলায় ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তী রক্ষাকবচ পেয়েছেন অরূপ বিশ্বাস। আদালত জানিয়েছে, আগামী ১৭ আগস্ট পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কটোর পদক্ষেপ করা যাবে না। তবে তদন্তে সহযোগিতা করতে হবে এবং পুলিশের নোটিস পেলে হাজিরা দিতে হবে। তবে প্রাক্তন মন্ত্রীকে কিছু শর্তও মানতে হবে। আদালত আরও নির্দেশ দেয়, সাত দিনের মধ্যে পাসপোর্ট জমা দিতে হবে এবং আদালতের অনুমতি ছাড়া তিনি কোথাও যেতে পারবেন না।

এদিকে, অরূপকে দেওয়া এই রক্ষাকবচের বিরুদ্ধে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছেন মেসি-অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্ত। তাঁর আইনজীবী ইতিমধ্যেই প্রধান বিচরপতির দৃষ্টি আকর্ষণ করেছেন। চলতি সপ্তাহেই মামলার শুনানি হতে পারে বলে আদালত সূত্রে খবর।

গত ১৩ ডিসেম্বর কলকাতায় ফুটবল তারকা লিওনেল মেসির সফর ঘিরে যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, অরূপ বিশ্বাস ও তাঁর ঘনিষ্ঠদের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফুটবল তারকা মেসি নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়তে বাধ্য হন। ঘটনার পর সমালোচনার মুখে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন অরূপ।

শতদ্রু দত্তের অভিযোগ, মেসির অনুষ্ঠান উপলক্ষে ৭০ হাজার টিকিট ছাপানো হয়েছিল। তার মধ্যে প্রায় ২২ হাজার টিকিট তৎকালীন ক্রীড়ামন্ত্রী নিজে নিয়েছিলেন। তার একটি অংশ বিলি করার পাশাপাশি বিক্রিও করা হয়েছিল। এই অভিযোগের তদন্তেই অরূপকে একাধিকবার তলব করেছিল পুলিশ।

প্রথমে অসুস্থতার কারণ দেখিয়ে এড়ালেও হাইকোর্টের নির্দেশ ও রক্ষাকবচ পাওয়ার পর শেষ পর্যন্ত থানায় হাজির হলে প্রাক্তন মন্ত্রী। এখন তদন্তে নতুন কী তথ্য উঠে আসে, সেদিকেই নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।