• facebook
  • twitter
Tuesday, 10 March, 2026

কালীঘাটের পরে বেলুড়ে জ্ঞানেশ কুমার, দক্ষিণেশ্বরে ফের দেখানো হল কালো পতাকা

আসন্ন নির্বাচনে যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে নির্বাচন কমিশন বিশেষভাবে সতর্ক রয়েছে

তিন দিনের সফলে বাংলায় এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। মঙ্গলবার সকালে বেলুড় মঠ পরিদর্শন করেন। সকাল প্রায় ৭টা নাগাদ তিনি মঠে পৌঁছে মূল মন্দিরে প্রার্থনা করেন এবং পরে মঠের অধ্যক্ষ স্বামী গৌতমানন্দজি মহারাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তাঁর কাছ থেকে আশীর্বাদও নেন। প্রায় ৪৫ মিনিট তিনি মঠে কাটান।

বেলুড় মঠ থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জ্ঞানেশ কুমার জানান, আসন্ন নির্বাচনে যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে নির্বাচন কমিশন বিশেষভাবে সতর্ক রয়েছে। তিনি বলেন, শান্তিপূর্ণ ও হিংসামুক্ত নির্বাচন নিশ্চিত করাই কমিশনের প্রধান লক্ষ্য।

Advertisement

এরপর তিনি দক্ষিণেশ্বর কালী মন্দিরের উদ্দেশে রওনা দেন। অভিযোগ, সেখানে যাওয়ার পথে কিছু বিক্ষোভকারী তাঁকে কালো পতাকা দেখান। এর আগের দিন, সোমবার, তিনি কালীঘাট কালী মন্দিরে পুজো দিতে গেলে সেখানেও একদল প্রতিবাদকারী তাঁকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দেন এবং কালো পতাকা প্রদর্শন করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে অনেক ভোটারের নাম অযথা ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। যদিও এই অভিযোগ বা বিক্ষোভ নিয়ে কোনও মন্তব্য করেননি জ্ঞানেশ কুমার।

Advertisement

সোমবার তিনি রাজ্যের পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করেন। ওই বৈঠকের পর নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের ধারণা, রাজ্যের কিছু এলাকায় কিছু সমস্যা থাকলেও সামগ্রিকভাবে বিধানসভা নির্বাচনের উপযুক্ত পরিবেশ রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ নয়।

অন্যদিকে, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনার প্রস্তুতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। তবে এমন প্রস্তাব আনতে গেলে কমপক্ষে ১০০ জন সাংসদের স্বাক্ষর প্রয়োজন। লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে তৃণমূলের মোট সাংসদ সংখ্যা ৪২ হওয়ায়, অন্যান্য সমমনোভাবাপন্ন দলের সমর্থন জোগাড় করার উদ্যোগ নিতে হবে তৃণমূলকে।

Advertisement