• facebook
  • twitter
  • youtube
Friday, 3 July, 2026

ইদের দিন জমি বিবাদে আহত একই পরিবারের ৫ জন

আহতদের মধ্যে রয়েছেন তৌহিদ শেখ (৭০), তাঁর দুই ছেলে আমিরুল শেখ (৫০) ও রবিউল শেখ (৩৫), এবং দুই নাতি আসিফ (১৮) ও বানারুল (২৫)

ইদের দিন জমি বিবাদে আহত একই পরিবারের ৫ জন

ইদের দিনই রক্তাক্ত হল কান্দি। জমি সংক্রান্ত বিবাদের জেরে এক পরিবারের উপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন পাঁচ জন, যাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে রয়েছেন তৌহিদ শেখ (৭০), তাঁর দুই ছেলে আমিরুল শেখ (৫০) ও রবিউল শেখ (৩৫), এবং দুই নাতি আসিফ (১৮) ও বানারুল (২৫)। তাঁরা কান্দি থানার হাটপাড়া গ্রামের বাসিন্দা। অভিযোগ, তৌহিদের ভাইপো শাহজাহান শেখের সঙ্গে এলাকার আজিম শেখের জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদ চলছিল। সেই বিরোধে ভাইপোর পক্ষ নেওয়াতেই এই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ।

পরিবারের দাবি, ইদের দিন সকালে আজিম শেখ ও তাঁর স্ত্রী তৌহিদের বাড়িতে এসে বচসায় জড়ান। একপর্যায়ে আজিম আগ্নেয়াস্ত্র বের করে তৌহিদের মাথায় ঠেকান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ধস্তাধস্তি শুরু হয়। তৌহিদকে বাঁচাতে এগিয়ে আসেন তাঁর ছেলে ও নাতিরা, এবং সেই সময় অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়।

অভিযোগ, এরপর আজিমের ছেলে-সহ আরও কয়েক জন ফিরে এসে আবার হামলা চালায়। বন্দুকের পাশাপাশি ধারাল অস্ত্র দিয়েও মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। গুরুতর জখম অবস্থায় প্রথমে তাঁদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যালে স্থানান্তরিত করা হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।