সংসদের বিশেষ অধিবেশন ডাকার সিদ্ধান্ত ঘিরে দেশের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, আগামী ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত লোকসভা ও রাজ্যসভার বিশেষ অধিবেশন বসতে পারে। সরকারের বক্তব্য, এই অধিবেশনে জরুরি সরকারি কাজকর্ম সম্পন্ন করা হবে। কিন্তু ঠিক কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে, তা এখনও স্পষ্ট করা হয়নি। আর এই নীরবতাই রাজনৈতিক জল্পনা বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে মহিলা সংরক্ষণ আইন কার্যকর করা এবং লোকসভা কেন্দ্রগুলির সীমানা পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশন নিয়ে নতুন করে উদ্যোগের সম্ভাবনা দেখা দিয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক বক্তব্যও এই জল্পনাকে আরও জোরালো করেছে। সংবিধান দিবস উপলক্ষে লেখা এক নিবন্ধে তিনি বলেছেন, আইনসভায় মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ নিশ্চিত করার পথে কোনও শক্তিই বাধা হয়ে দাঁড়াতে পারবে না। প্রধানমন্ত্রী নাকি মন্ত্রীদের ১৫ ডিসেম্বরের মধ্যে পরবর্তী সংসদ অধিবেশনের প্রস্তুতি শেষ করতে এবং তার আগে বিদেশ সফর এড়িয়ে চলতে বলেছেন। সব মিলিয়ে মনে হচ্ছে, সরকার এবার মহিলা সংরক্ষণ এবং লোকসভা আসনের সংখ্যা বাড়ানোর প্রস্তাব নিয়ে দ্রুত এগোতে চাইছে।
কিন্তু এখানে একটি প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলি। মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের সঙ্গে লোকসভার আসন সংখ্যা বাড়ানো এবং নির্বাচনী কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণকে একসঙ্গে যুক্ত করার প্রয়োজন কতটা? মহিলাদের রাজনৈতিক প্রতিনিধিত্ব বাড়ানো নিঃসন্দেহে একটি জরুরি এবং প্রশংসনীয় উদ্যোগ। দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক মহিলা হলেও সংসদে তাঁদের প্রতিনিধিত্ব এখনও প্রত্যাশার তুলনায় অনেক কম। তাই এই সংরক্ষণ কার্যকর করার ক্ষেত্রে আর দেরি হওয়া উচিত নয়।
কিন্তু সংরক্ষণের নামে আসন পুনর্বিন্যাসের বিষয়টি আলাদা গুরুত্ব দাবি করে। কারণ, ডিলিমিটেশনের ফলে বিভিন্ন রাজ্যের লোকসভা আসনের অনুপাত বদলে যেতে পারে। বিশেষ করে দক্ষিণ ভারতের রাজ্যগুলির আশঙ্কা, জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল হওয়ার কারণে ভবিষ্যতে সংসদে তাদের রাজনৈতিক প্রতিনিধিত্ব কমে যেতে পারে। অন্যদিকে, উত্তর ভারতের বেশি জনসংখ্যার রাজ্যগুলির আসন সংখ্যা বাড়ার সম্ভাবনা তৈরি হবে। ফলে এই সিদ্ধান্ত শুধু নির্বাচনী কেন্দ্রের সীমানা বদলের বিষয় নয়, দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং কেন্দ্র-রাজ্য রাজনৈতিক ভারসাম্যের সঙ্গেও যুক্ত।
গত এপ্রিল মাসে সরকার এই সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল আনার চেষ্টা করেছিল। কিন্তু প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না থাকায় সেই উদ্যোগ সফল হয়নি। এবার পরিস্থিতি কিছুটা বদলেছে বলে মনে হচ্ছে। বিরোধী জোটের শরিক এনসিপি (শরদ পাওয়ার)-এর সাংসদ সুপ্রিয়া সুলে জানিয়েছেন, বিলটি আগে সংসদে আসুক, তার সম্পূর্ণ বিষয়বস্তু দেখা হোক, তারপর দেশের স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া যাবে। ডিএমকের অবস্থানেও কিছুটা নমনীয়তার ইঙ্গিত মিলেছে। ফলে সরকার এবার প্রয়োজনীয় সমর্থন পেয়ে যেতে পারে বলে রাজনৈতিক মহলে ধারণা তৈরি হয়েছে।
তবে বিরোধীদের আপত্তিও উপেক্ষা করার মতো নয়। কংগ্রেস-সহ বিরোধী দলগুলি বলছে, লোকসভার আসন সংখ্যা না বাড়িয়েও মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ কার্যকর করা সম্ভব। তাদের বক্তব্য, নারী ক্ষমতায়নের বিষয়টিকে আসন পুনর্বিন্যাসের সঙ্গে জুড়ে দেওয়া ঠিক নয়। পাশাপাশি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও সংসদে আলোচনার দাবি জানিয়েছে বিরোধীরা।
এখানে সরকারের কাছে তাদের প্রত্যাশা একটাই— সংসদকে সংখ্যার জোর দেখানোর মঞ্চ না করে যুক্তি ও আলোচনার ক্ষেত্র হিসেবে ব্যবহার করা হোক। বিশেষ অধিবেশনে কী বিল আনা হচ্ছে, তার সম্পূর্ণ খসড়া বিরোধীদের হাতে দেওয়া এবং রাজ্যগুলির উদ্বেগের বিষয়গুলি নিয়ে খোলামেলা আলোচনা করা জরুরি। কারণ সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কোনও একটি দলের রাজনৈতিক সুবিধার কথা ভেবে নেওয়া উচিত নয়। মহিলা সংরক্ষণ বিষয়টি দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করার দাবি। একইভাবে ডিলিমিটেশনও একটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়। সরকারের উচিত হবে, মহিলাদের সংরক্ষণ কার্যকর করার ক্ষেত্রে আর বিলম্ব না করা এবং আসন পুনর্বিন্যাসের প্রশ্নে সব রাজ্য ও রাজনৈতিক দলের আস্থা অর্জন করা।




