• facebook
  • twitter
  • youtube
Saturday, 28 November, 2026

গণতন্ত্র শেষ করে দেশে মনুস্মৃতি চালুর চক্রান্ত: আসন পুনর্বিন্যাস বিলের বিরোধিতায় তোপ কংগ্রেসের, যদিও আরও চওড়া ‘ইন্ডিয়া’ জোটে ভাঙন

লোকসভার আসন ৮৫০ করার আসন পুনর্বিন্যাস বিলকে গণতন্ত্রের ওপর আঘাত বলে তোপ দাগলেন মল্লিকার্জুন খড়্গে। তফসিলি অবিচার ও নির্বাচন কমিশন নিয়ে সরব ইন্ডিয়া জোট, যদিও বিল-সমর্থনে ডিএমকে।

গণতন্ত্র শেষ করে দেশে মনুস্মৃতি চালুর চক্রান্ত: আসন পুনর্বিন্যাস বিলের বিরোধিতায় তোপ কংগ্রেসের, যদিও আরও চওড়া ‘ইন্ডিয়া’ জোটে ভাঙন

Meeting of INDIA bloc floor leaders underway at Congress President Mallikarjun Kharge's residence.(Image: AICC)

লোকসভার আসন সংখ্যা বাড়িয়ে ৮৫০ করার প্রস্তাবিত আসন পুনর্বিন্যাস বিলকে (Delimitation Bill) ‘গণতন্ত্রের ওপর ভয়াবহ আঘাত’ বলে চিহ্নিত করে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। শনিবার নয়াদিল্লিতে নিজের বাসভবনে বিরোধী ‘ইন্ডিয়া’ (INDIA bloc) জোটের সংসদীয় নেতাদের সঙ্গে প্রায় দু’ঘণ্টার বৈঠকের পর সাংবাদিক বৈঠক করে খড়্গে অভিযোগ করেন, চিরস্থায়ী ভাবে ক্ষমতা কুক্ষিগত করতেই এই সংবিধান সংশোধনী বিল আনা হচ্ছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপির ‘৪০০ পার’ স্লোগানকে কটাক্ষ করে খড়্গে বলেন, সেই লক্ষ্য ব্যর্থ হওয়ার পর এখন লোকসভার আসন বাড়িয়ে ৮৫০ করে ‘৮০০ পার’-এর লক্ষ্যে এগোচ্ছে বিজেপি-আরএসএস, যাতে তারা অনির্দিষ্টকালের জন্য ক্ষমতা ধরে রাখতে পারে। ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলা সংসদের বিশেষ অধিবেশনে ইন্ডিয়া জোটের শরিকেরা যৌথ ভাবে এই বিলের বিরোধিতা করবে বলেও ঘোষণা করেন তিনি।

‘চিনের মতো পরিস্থিতি’

বৈঠক শেষে কেন্দ্রের প্রস্তাবিত বিলের বিরুদ্ধে সুর চড়িয়ে খড়্গে দাবি করেন, এই আইনের মাধ্যমে আসলে গণতন্ত্রকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী মোদী দেশে চিনের মতো একদলীয় শাসনের পরিস্থিতি তৈরি করতে চাইছেন। সংখ্যাগরিষ্ঠতা হাসিল করতে পারলে বিজেপি ও আরএসএস সংবিধান বদলে দেবে, চিরকালের জন্য সরকার নিজেদের হাতে রেখে দেবে এবং দেশে ‘মনুস্মৃতি’ কার্যকর করবে বলেও আশঙ্কা প্রকাশ করেন কংগ্রেস সভাপতি।

এপ্রিল মাসে সংসদে এই বিল পাশ করাতে ব্যর্থ হওয়ার প্রসঙ্গ টেনে শাসক দলের বিরুদ্ধে বিরোধী দল ভাঙার অভিযোগও তোলেন খড়্গে। তাঁর কথায়, গত বার বিলটি খারিজ হয়ে যাওয়ায় এ বার সংখ্যাগরিষ্ঠতার অঙ্ক মেলাতে তৃণমূল কংগ্রেস, এনসিপি (এসপি) এবং শিবসেনার মতো দলগুলিকে ভেঙে নিজেদের সুবিধামতো সমীকরণ তৈরি করেছে বিজেপি।

নির্বাচন কমিশনকে নিশানা

আসন পুনর্বিন্যাস বিলের কাঠামোগত দিকগুলি তুলে ধরে খড়্গে মূলত দু’টি বড় আপত্তি সামনে এনেছেন। প্রথমত, তফসিলি জাতি ও উপজাতিদের (SC/ST) আসন সংরক্ষণ এবং দ্বিতীয়ত, নির্বাচন কমিশনের ভূমিকা। সংবিধানের ৩৩০ নম্বর অনুচ্ছেদের উল্লেখ করে তিনি বলেন, জনসংখ্যার অনুপাতে তফসিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষিত আসন বাড়ানো উচিত। কিন্তু আসন্ন ২০২৬ সালের জনগণনা (Census) নিয়ে সরকার নীরব থেকে ২০১১ সালের জনগণনার ভিত্তিতে কেন্দ্র পুনর্বিন্যাস ও সংরক্ষিত আসন নির্ধারণ করতে চাইছে এবং রাজ্যগুলির আসন-ভাগ ১৯৭১ সালের ভিত্তিতে ২০৫১ সাল পর্যন্ত স্থগিত রাখছে, যা তফসিলি সম্প্রদায়ের প্রতি চরম অবিচার।

একই সঙ্গে আসন পুনর্বিন্যাসের দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে তুলে দেওয়ার প্রস্তাবেরও তীব্র বিরোধিতা করেন খড়্গে। তাঁর অভিযোগ, যে ‘কলঙ্কিত নির্বাচন কমিশন’ ভোটার তালিকা থেকে ১০ কোটিরও বেশি মানুষের নাম বাদ দিয়েছে, তাদের ওপর পুনর্বিন্যাসের ভার দেওয়া কোনও ভাবেই মেনে নেওয়া যাবে না। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নাম বলতে গিয়ে প্রথমে হোঁচট খেয়ে ‘জ্ঞানেশ্বর’ বলে বসেন খড়্গে, এবং পরে কটাক্ষ করে বলেন যে, জ্ঞানেশ কুমার এখন অভিযুক্তের কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন। তাঁর নেতৃত্বে এই প্রক্রিয়া চললে আসাম ও জম্মু-কাশ্মীরের মতোই নিজেদের সুবিধামতো আসনগুলিকে সাধারণ বা সংরক্ষিত শ্রেণিতে বদলে দিয়ে আরও বড় কারচুপি করা হবে বলে অভিযোগ করেন তিনি।

বৈঠকের পর সমাজমাধ্যম ‘এক্স’-এ (X) কংগ্রেসের তরফে তিনটি স্পষ্ট দাবি জানানো হয়েছে। লোকসভার বর্তমান আসন সংখ্যা অপরিবর্তিত রাখতে হবে, সেই বর্তমান আসনের ভিত্তিতেই মহিলা সংরক্ষণ কার্যকর করতে হবে এবং আগামী ২৫ বছর রাজ্যগুলির মধ্যে বর্তমান আসন-বণ্টন কাঠামো বজায় রাখতে হবে।

গরহাজির ডিএমকে ও এনসিপি

শনিবারের বৈঠকে কংগ্রেস সভাপতি খড়্গে ছাড়াও উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী বঢরা, জয়রাম রমেশ ও কে সি বেণুগোপাল। বিরোধী শরিকদের মধ্যে তৃণমূল কংগ্রেসের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ব্রায়েন, শিবসেনা (ইউবিটি)-র অরবিন্দ সাওয়ান্ত, আরজেডি-র মনোজ ঝা ও অভয় কুশওয়াহা, সমাজবাদী পার্টির রামজি লাল সুমন, সিপিএমের এ রহিম, সিপিআই-এর পি সন্তোষ কুমার, আরএসপি-র এন কে প্রেমচন্দ্রন, আইইউএমএল-এর ই টি মহম্মদ বশির, ন্যাশনাল কনফারেন্সের চৌধুরী মহম্মদ রমজান এবং নির্দল সাংসদ কপিল সিবাল বৈঠকে যোগ দেন। অনলাইনে যুক্ত হন জেএমএম-এর বৈদ্যনাথ রাম।

তবে খড়্গে ঐক্যবদ্ধ বিরোধিতার ডাক দিলেও এ দিনের বৈঠকে ‘ইন্ডিয়া’ জোটের ফাটল স্পষ্ট হয়ে উঠেছে। বৈঠকে অনুপস্থিত ছিলেন এনসিপি (এসপি) নেত্রী সুপ্রিয়া সুলে এবং ডিএমকে-র প্রতিনিধিরা। এনসিপি (এসপি) ইতিমধ্যেই সংশোধিত প্রস্তাবকে সমর্থনের ইঙ্গিত দিয়েছে। অন্য দিকে, এ দিনই চেন্নাইয়ে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের বাসভবনে বৈঠক করে ডিএমকে আনুষ্ঠানিক ভাবে প্রস্তাব পাশ করে জানিয়ে দিয়েছে যে, দেশ ও তামিলনাড়ুর স্বার্থে সব রাজ্যে ৫০ শতাংশ আসন বৃদ্ধির প্রস্তাবকে তারা সমর্থন করবে। যা ঘোষণা করেন ডিএমকে সাংসদ এ রাজা। এরই মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমাজমাধ্যম ‘এক্স’-এ পোস্ট করে ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’-এর অধীনে ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণকে বাস্তবায়িত করতে সমস্ত রাজনৈতিক দলকে এই ঐতিহাসিক সংবিধান সংশোধনী বিলে সমর্থন জানানোর আহ্বান জানিয়েছেন।