সংসদের বিশেষ অধিবেশন শুরুর ঠিক তিন দিন আগে আসন পুনর্বিন্যাস (delimitation) এবং মহিলা সংরক্ষণ বিল ঘিরে বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে দেশের প্রতিটি রাজ্যে সমানুপাতিক হারে লোকসভার আসন ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে রাজ্যগুলির মধ্যে আসন বণ্টনের বর্তমান আনুপাতিক কাঠামো (যা ১৯৭১ সালের জনগণনার ভিত্তিতে নির্ধারিত) আগামী ২৫ বছরের জন্য, অর্থাৎ ২০৫১ সাল পর্যন্ত অপরিবর্তিত বা স্থগিত রাখার গুরুত্বপূর্ণ সংশোধনীতেও সিলমোহর দিয়েছে মন্ত্রিসভা। আগামী সোমবার থেকে শুরু হতে চলা সংসদের সংক্ষিপ্ত ও বিশেষ বৈঠকে সংশোধিত সংবিধান সংশোধনী বিলটি পেশ করার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র।
৮৫০ আসনের পথে লোকসভা
বর্তমানে সংবিধানের কাঠামো অনুযায়ী লোকসভার সর্বোচ্চ আসন সংখ্যা হতে পারে ৫৫০ (রাজ্যগুলির জন্য ৫৩০ এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য ২০), যার মধ্যে ১৯৭১ সালের জনগণনা অনুযায়ী ৫৪৩টি আসনে নির্বাচন হয়। মন্ত্রিসভার অনুমোদিত নতুন সংশোধনী অনুযায়ী, লোকসভার সর্বোচ্চ আসনসীমা বাড়িয়ে ৮৫০ করার প্রস্তাব রাখা হয়েছে। যেখানে রাজ্যগুলির জন্য সর্বোচ্চ ৮১৫টি এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য ৩৫টি আসন বরাদ্দ থাকবে। প্রতিটি রাজ্যের আসন সমানুপাতিক ভাবে ৫০ শতাংশ বৃদ্ধি পাওয়ায় কোনও রাজ্যেরই রাজনৈতিক গুরুত্ব কমবে না।
দীর্ঘ দিন ধরেই তামিলনাড়ু, কেরলম, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলঙ্গানার মতো দক্ষিণ ভারতের রাজ্যগুলি জনসংখ্যা-ভিত্তিক আসন পুনর্বিন্যাসের তীব্র বিরোধিতা করে আসছিল। তাদের মূল আশঙ্কা ছিল, যে হেতু দক্ষিণের রাজ্যগুলি সাফল্যের সঙ্গে জনসংখ্যা নিয়ন্ত্রণ করেছে, তাই সাম্প্রতিক জনসংখ্যার নিরিখে আসন পুনর্বিন্যাস হলে উত্তর ভারতের দ্রুত বর্ধনশীল রাজ্যগুলির তুলনায় সংসদে তাদের প্রতিনিধিত্ব অনেকটাই কমে যাবে। এ দিন প্রতিটি রাজ্যের আসন সমহারে ৫০ শতাংশ বাড়ানো এবং ১৯৭১ সালের আনুপাতিক কাঠামো ২০৫১ সাল পর্যন্ত অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়ে কার্যত জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে আসন ভাগাভাগির সরাসরি যোগসূত্রটিই আপাতত ছিন্ন করে দিল মোদী সরকার। এর ফলে সংসদে ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ কার্যকর করার পথও অনেকটাই মসৃণ হল, কারণ মহিলা সংরক্ষণের বাস্তবায়ন সরাসরি আসন পুনর্বিন্যাস প্রক্রিয়ার সঙ্গে যুক্ত।
এপ্রিলের ধাক্কা সামলে সংসদে নতুন রণকৌশল
গত ১৩ আগস্ট সংসদের বাদল অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি (adjourned sine die) হয়ে গেলেও তা আনুষ্ঠানিক ভাবে সমাপ্ত (prorogue) ঘোষণা করা হয়নি। সেই বাদল অধিবেশনেরই বর্ধিত অংশ হিসেবে আগামী ৩০ নভেম্বর লোকসভা এবং ২ ডিসেম্বর রাজ্যসভার বিশেষ বৈঠক ডাকা হয়েছে, যা ৩ ডিসেম্বর শেষ হওয়ার কথা। শুক্রবার দুপুর ১টায় ‘সেবা তীর্থ’-এ প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সংশোধনীতে অনুমোদন দেওয়া হয়।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের এপ্রিল মাসে সংবিধান (১৩১তম সংশোধনী) বিল, ২০২৬ লোকসভায় পাশ করাতে গিয়ে বড় ধাক্কা খেয়েছিল কেন্দ্র। সংবিধান সংশোধনী বিল পাশ করানোর জন্য সংসদের উভয় কক্ষে উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, যা সে সময় জোগাড় করতে পারেনি শাসক শিবির। তবে এপ্রিলের পর থেকে লোকসভার দলীয় সমীকরণে যেমন পরিবর্তন এসেছে, তেমনই দক্ষিণ ভারতের রাজ্যগুলির প্রধান দাবি মেনে নিয়ে এ বার বিরোধী শিবিরের একাংশের সমর্থন টানার কৌশল নিয়েছে কেন্দ্র। তামিলনাড়ুর শাসক দল ডিএমকে-র তরফেও ইঙ্গিত মিলেছে যে, রাজ্যের স্বার্থ সুরক্ষিত হলে নতুন খসড়াটি বিবেচনা করে দেখা হতে পারে।
পাল্টা কৌশলে বিরোধী শিবির
কেন্দ্রের এই আকস্মিক তৎপরতা এবং আসন পুনর্বিন্যাস বিলের সংশোধনীতে মন্ত্রিসভার অনুমোদনের পরেই সক্রিয় হয়ে উঠেছে বিরোধী জোট। সংসদের আগামী সপ্তাহের বিশেষ বৈঠকে কী অবস্থান নেওয়া হবে, তা ঠিক করতে শনিবার সমস্ত বিরোধী দলের সংসদীয় নেতাদের (floor leaders) বৈঠক ডেকেছেন কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গে। তাঁর বাসভবনে এই রণকৌশল বৈঠক হওয়ার কথা। ৫০ শতাংশ আসন বৃদ্ধি এবং ২০৫১ সাল পর্যন্ত বর্তমান অনুপাত ধরে রাখার ফর্মুলা দিয়ে কেন্দ্র বিরোধী ঐক্যে ফাটল ধরাতে পারে কি না, নাকি ভোটাভুটিতে ফের নাটকীয় পরিস্থিতি তৈরি হয়, এখন সে দিকেই নজর গোটা দেশের।




