• facebook
  • twitter
  • youtube
Friday, 27 November, 2026

১৫ ডিসেম্বর প্রকাশিত হবে সংশোধিত খসড়া ভোটার তালিকা, চূড়ান্ত তালিকা ৮ ফেব্রুয়ারি

১৫ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত ভোটাররা নিজেদের নাম, ঠিকানা কিংবা অন্য কোনও তথ্যের বিষয়ে দাবি বা আপত্তি জানাতে পারবেন

১৫ ডিসেম্বর প্রকাশিত হবে সংশোধিত খসড়া ভোটার তালিকা, চূড়ান্ত তালিকা ৮ ফেব্রুয়ারি

প্রতিনিধিত্বমূলক চিত্র

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের নতুন সময়সূচি ঘোষণা করল নির্বাচন কমিশন। দু’বার সূচি পরিবর্তনের পর অবশেষে সংশোধিত খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ জানানো হল। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী, আগামী ১৫ ডিসেম্বর প্রকাশিত হবে সংশোধিত খসড়া তালিকা। আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি।

এর আগে ভোটার তালিকায় এসআইআর প্রক্রিয়ার পর রাজ্যে বিশেষ সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী, প্রথমে ২৩ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ধার্য করেছিল কমিশন। কিন্তু ‘অনিবার্য পরিস্থিতি’র কথা উল্লেখ করে সেই প্রক্রিয়া স্থগিত করে দেয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। ফলে কবে নতুন করে তালিকা প্রকাশ করা হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এ বার সেই জট কাটি নতুন সূচি প্রকাশ করল কমিশন।

আরও পড়ুন: আসানসোলে পুলিশের গুলিতে জখম অভিযুক্ত, বাড়ি থেকে গ্রেপ্তার প্রতাপ

নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৩ ডিসেম্বরের মধ্যে ভোটকেন্দ্রগুলির আসন পুনর্বিন্যাসের কাজ শেষ করতে হবে। ১৫ ডিসেম্বর প্রকাশিত হবে সংশোধিত খসড়া ভোটার তালিকা। এর পর ১৫ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত ভোটাররা নিজেদের নাম, ঠিকানা কিংবা অন্য কোনও তথ্যের বিষয়ে দাবি বা আপত্তি জানাতে পারবেন। সেই সমস্ত দাবি ও আপত্তির নিষ্পত্তি করতে হবে ২০২৭ সালের ১ ফেব্রুয়ারির মধ্যে। সব প্রক্রিয়া শেষ করে ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

কমিশন জানিয়েছে, খসড়া তালিকায় নাম, ঠিকানা কিংবা ব্যক্তিগত তথ্যের ক্ষেত্রে কোনও ভুল বা অসঙ্গতি থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যে সংশোধনের আবেদন জানাতে পারবেন সংশ্লিষ্ট ভোটাররা।

এদিকে, ভোটার তালিকায় তথ্যগত অসঙ্গতি এড়াতে বাড়ি বাড়ি গিয়ে যাচাইয়ের উপরেও জোর দিয়েছে কমিশন। আগের নির্দেশিকায় জানানো হয়েছিল, যাঁদের তথ্যের সঙ্গে নথিপত্রের অমিল রয়েছে, তাঁদের ক্ষেত্রে বুথস্তরের আধিকারিক বা বিএলও-কে বাড়িতে গিয়ে তথ্য যাচাই করতে হবে। এবার সেই প্রক্রিয়ায় যাতে কোনও ভুল না থাকে, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ৩০ নভেম্বর কলকাতায় আসতে পারেন অমিত শাহ, বিজেপির সংবিধান গৌরব কর্মসূচিতে যোগ দেওয়ার সম্ভাবনা

কমিশনের বক্তব্য, প্যান বা আধার কার্ডের মতো গুরুত্বপূর্ণ পরিচয়পত্রের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ কিংবা ঠিকানায় ভুল থাকলে তা সংশোধন করান হয়। কিন্তু ভোটার পরিচয়পত্রে অনেক ক্ষেত্রেই ভুল তথ্য থেকে যায়। সেই প্রবণতা বন্ধ করতেই এই উদ্যোগ। ভোটার তালিকায় কারও নাম, বাবা-মায়ের নাম, জন্মতারিখ, মোবাইল নম্বর, ছবি-সহ অন্যান্য তথ্য ভুল থাকলে তা চিহ্নিত করে সংশোধন করতে হবে।

তবে শুধুমাত্র ‘অটোমেটেড আইডেন্টিফিকেশন’-এর ভিত্তিতে ভোটার তালিকায় কোনও পরিবর্তন করা যাবে না বলেও স্পষ্ট করেছে কমিশন। সংশ্লিষ্ট ভোটারের স্বাক্ষর এবং উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনের পরেই তথ্য সংশোধনের কাজ করা যাবে।

দেখুন: