নদিয়ার চাকদহের পালপাড়া এলাকায় এক মতুয়া নেতার বাড়িতে ঢুকে তাঁর স্ত্রীকে ধর্ষণ, নেতাকে মারধর এবং তাঁদের দুই নাবালিকা কন্যাকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠল কয়েক জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে। শুধু তাই নয়, বাড়ির আলমারি ভেঙে নগদ টাকা ও সোনার গয়না লুট করে পালানোর অভিযোগও উঠেছে। বুধবার গভীর রাতের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার রাতে চাকদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা গৃহবধূ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

নির্যাতিতার অভিযোগ, বুধবার গভীর রাতে মুখ ঢাকা অবস্থায় কয়েক জন দুষ্কৃতী বাড়ির গেট ভেঙে ভিতরে ঢোকে। এরপর তাঁর স্বামীর মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁকে মারধর করা হয়। দু’জন মাটিতে চেপে ধরে রাখার পর এক ব্যক্তি তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। ওই দম্পতির আট ও ছয় বছরের দুই শিশুকন্যাকেও শারীরিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগে জানানো হয়েছে।
আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশ মেনে হলদিয়া আদালতে আত্মসমর্পণ মিলন প্রধানের
নির্যাতিতার দাবি, তাঁরা মতুয়া সম্প্রদায়ের হওয়ার কারণেই তাঁদের উপর এই অত্যাচার চালানো হয়েছে। দুষ্কৃতীরা বাড়ির আলমারি ভেঙে নগদ টাকা ও সোনার গয়না নিয়ে পালিয়ে যায়। যাওয়ার সময় পুলিশের কাছে অভিযোগ জানালে গোটা পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

নির্যাতিতার স্বামীর দাবি, তিনি ‘অল ইন্ডিয়া মতুয়া সংঘ’-র গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। ঠাকুরনগরের ঠাকুরবাড়ির রাস উৎসবে যোগ দেওয়ার পর থেকেই কয়েক জন তাঁকে হুমকি দিচ্ছিলেন। তিনি মুখ্যমন্ত্রীর কাছে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার বলেন, ‘আইন আইনের পথেই চলবে। উপযুক্ত বিচার হবে। প্রশাসন ব্যবস্থা নেবে।’
রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শুভম যাদব জানিয়েছেন, অভিযোগ জমা পড়েছে। তদন্ত চলছে। ধর্ষণের মামলা রুজু হলেও এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।
দেখুন:




