প্রথমে ভারতের পেসারদের দাপট, তার পরে টম ব্লান্ডেল ও গ্লেন ফিলিপসের প্রতিরোধ। ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টের প্রথম দিন এমনই ওঠা-পড়ার মধ্যে দিয়ে শেষ করল ভারত ও নিউজিল্যান্ড। এক সময় ১১০ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল কিউয়িরা। সেখান থেকে ব্লান্ডেল ও ফিলিপসের অপরাজিত জুটিতে দিনের শেষে ২৪৬/৫ রান তুলল তারা।
ওয়েলিংটনে প্রথম টেস্ট ড্র হওয়ার পরে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে নেমেছে ভারত। হ্যাগলি ওভালে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন অধিনায়ক শুভমন গিল। সবুজ ঘাসে ঢাকা পিচ শুরু থেকেই পেসারদের সাহায্য করছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে নিউজিল্যান্ডের ব্যাটারদের চাপে রাখেন ভারতীয় বোলারেরা।
দিনের শেষে ব্লান্ডেল ৫৩ রানে অপরাজিত। ১১৭ বলের ইনিংসে ছ’টি চার মেরেছেন তিনি। অন্য প্রান্তে ফিলিপস ৬৪ বলে ৩৬ রান করে অপরাজিত রয়েছেন। তাঁর ব্যাট থেকে এসেছে পাঁচটি চার। ষষ্ঠ উইকেটে দু’জনে ৬২ রান যোগ করে দিনের শেষে ভারতকে কিছুটা ব্যাকফুটে ঠেলে দেন।
আরও পড়ুন: ৩১৮ রান তাড়া করে ভারতকে ছিটকে দিল শ্রীলঙ্কা! বৈভব-অভিষেকের ঝড়ও বাঁচাতে পারল না তিলকদের
গুরনূরের অভিষেক উইকেট, আকাশের জোড়া আঘাত
প্রথম টেস্টে বড় রান করার পরে দ্বিতীয় টেস্টেও শুরুটা ভাল করেছিলেন নিউজিল্যান্ডের দুই ওপেনার টম লাথাম ও ডেভন কনওয়ে। প্রথম উইকেটে ৭৭ রান যোগ করেন তাঁরা। তবে বেলা গড়াতেই ভারতীয় বোলাররা ছন্দে ফেরেন। বিশেষ করে বাংলার আকাশ দীপ।
কনওয়েকে এলবিডব্লিউ করে টেস্টজীবনের প্রথম উইকেট তুলে নেন গুরনূর ব্রার, যিনি এ দিনই টেস্ট ক্যাপ পান। ৭৯ বলে ৩১ রান করেন কনওয়ে। লাঞ্চের বিরতিতে নিউজিল্যান্ডের রান ছিল ৭৭/১।
দ্বিতীয় সেশনে ভারতীয় বোলাররা আরও বিপজ্জনক হয়ে ওঠেন। আকাশ দীপের বলে ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লাথাম। ১২৮ বলে ৫৯ রান করেন নিউজিল্যান্ড অধিনায়ক। এর পর অংশুল কম্বোজের বলে আউট হন হেনরি নিকোলস। ১৬ রান করেন তিনি।
আকাশ দীপের পরের শিকার রাচিন রবীন্দ্র। কোনও রান না করেই পন্থের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। মাত্র ১৬ বলের মধ্যে তিনটি উইকেট হারিয়ে ১১০/১ থেকে ১১০/৪ হয়ে যায় নিউজিল্যান্ড। তখন ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে ভারতের হাতে।
কিন্তু অবাক করার বিষয়, ভারতের এই লড়াইয়ে ঝশপ্রীত বুমরার কোনও প্রত্যক্ষ ভূমিকা দেখা গেল না। এই পাঁচটির মধ্যে একটিও উইকেট পেলেন না তিনি। তবে তাঁর বলে সবচেয়ে কম রান নিতে পেরেছে প্রতিপক্ষের ব্যাটাররা। অন্যান্য বোলাররা যেখানে প্রত্যেকেই প্রতি ওভারে গড়ে ২-৩, এমনকী চার রানও দিয়েছেন, সেখানে বুমরা তাঁর করা ১৯ ওভারে গড়ে ওভার প্রতি ১.৯৪ করে রান দেন। এ ছাড়া কিউয়ে ব্যাটারদের শায়েস্তা করার মতো কিছু করতে পারেননি বুমরা।
ব্লান্ডেল-ফিলিপসের লড়াই
চতুর্থ উইকেট পড়ার পরে ড্যারিল মিচেল ও ব্লান্ডেল দলকে সামলানোর চেষ্টা করেন। দু’জনে পঞ্চম উইকেটে ৭৪ রান যোগ করেন। মিচেল ৭৪ বলে ৩১ রান করে ওয়াশিংটন সুন্দরের বলে ধ্রুব জুরেলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। তখন নিউজিল্যান্ডের রান ১৮৪/৫।
এর পরেই ক্রিজে আসেন ফিলিপস। ব্লান্ডেলের সঙ্গে জুটি বেঁধে ভারতীয় বোলারদের আর কোনও উইকেট নেওয়ার সুযোগ দেননি তিনি। ধীরে ধীরে রান বাড়াতে থাকেন দু’জনে। দিনের ৭০ নম্বর ওভারে ২০০ রানের গণ্ডি পেরিয়ে যায় নিউজিল্যান্ড।
ব্লান্ডেল ১১৪ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। ফিলিপসও শেষ দিকে আক্রমণাত্মক ব্যাটিং করেন। দিনের শেষে ৮৫ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে ২৪৬/৫। ভারতের হয়ে আকাশ দীপ দু’টি উইকেট নিয়েছেন। গুরনুর, অংশুল ও ওয়াশিংটন সুন্দর একটি করে উইকেট পেয়েছেন। তবে শেষ সেশনে আর উইকেট তুলতে পারেননি ভারতীয় বোলাররা।
দ্বিতীয় দিনের শুরুতে ব্লান্ডেল ও ফিলিপসের জুটি ভাঙাই হবে ভারতের প্রধান লক্ষ্য। অন্য দিকে, নিউজিল্যান্ড চাইবে এই জুটিকে আরও বড় করে প্রথম ইনিংসে তিনশো-সাড়ে তিনশোর উপর রান তুলতে।
সংক্ষিপ্ত স্কোর: নিউজিল্যান্ড প্রথম ইনিংস ২৪৬/৫ (টম লাথাম ৫৯, টম ব্লান্ডেল ৫৯ নটআউট, আকাশ দীপ ২/৫২)
দেখুন: আসানসোলে পুলিশের রুদ্ধশ্বাস অভিযান, পাঁচিল টপকে পালাতে গিয়ে গু*লিবিদ্ধ প্রতাপ




