• facebook
  • twitter
  • youtube
Thursday, 26 November, 2026

বাংলার সড়ক ও সেতু উন্নয়নে বিপুল কেন্দ্রীয় বিনিয়োগের আশ্বাস গডকরির, একগুচ্ছ নতুন প্রকল্পের দাবি মুখ্যমন্ত্রীর

কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গডকরীর উপস্থিতিতে রাজ্যে ৮,৭০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করা হল। একই সঙ্গে বাংলার সড়ক, সেতু ও মহাসড়ক নির্মাণে আগামী দিনে আরও বড় অঙ্কের অর্থ বরাদ্দের আশ্বাস দিলেন কেন্দ্রীয় মন্ত্রী

বাংলার সড়ক ও সেতু উন্নয়নে বিপুল কেন্দ্রীয় বিনিয়োগের আশ্বাস গডকরির, একগুচ্ছ নতুন প্রকল্পের দাবি মুখ্যমন্ত্রীর

Image: X/nitin_gadkari

পশ্চিমবঙ্গের সড়ক যোগাযোগ ও পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রীয় বিনিয়োগের নতুন দিশা দেখাল কোলাঘাটের সরকারি অনুষ্ঠান। কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গডকরির উপস্থিতিতে রাজ্যে ৮,৭০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করা হল। একই সঙ্গে বাংলার সড়ক, সেতু ও মহাসড়ক নির্মাণে আগামী দিনে আরও বড় অঙ্কের অর্থ বরাদ্দের আশ্বাস দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও রাজ্যের যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য একাধিক নতুন প্রকল্পের প্রস্তাব তুলে ধরলেন। তাঁর বক্তব্য, কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে কাজ এগোলে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সুন্দরবন থেকে সীমান্তবর্তী এলাকা— সব জায়গার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আনা সম্ভব।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বাংলার ইতিহাসের প্রসঙ্গ তুলে তাম্রলিপ্ত জাতীয় সরকারের ভূমিকার কথাও স্মরণ করান। তিনি বলেন, ১৯৪২ সালে দেশে যে তিনটি জাতীয় সরকার গঠিত হয়েছিল, তার অন্যতম ছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার। সতীশ সামন্তের নেতৃত্বে ওই সরকার ২২ মাস ধরে কাজ করেছিল। একই সঙ্গে ২৯ সেপ্টেম্বর মাতঙ্গিনী হাজরার আত্মবলিদানের কথাও উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে রাজমার্গে যুদ্ধবিমান নামানোর মতো প্রযুক্তিগত সাফল্যের প্রসঙ্গও। গডকরীর নেতৃত্বে সড়ক নির্মাণ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কথা উল্লেখ করে তাঁকে ‘বিকাশ পুরুষ’ বলে অভিহিত করেন শুভেন্দু।

আরও পড়ুন: গঙ্গার উপর দিয়ে রোপওয়েতে জুড়বে দক্ষিণেশ্বর-বেলুড়, কার্শিয়াং-দার্জিলিং প্রকল্পেও গতি

কেন্দ্রীয় মন্ত্রীর কাছে নতুন প্রকল্পের দাবি জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে ইতিমধ্যেই শিলান্যাস, উদ্বোধন ও চলমান কাজ মিলিয়ে প্রায় ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের অগ্রগতি হয়েছে। এর মধ্যে পূর্ব মেদিনীপুরে মাতঙ্গিনী হাজরার নামে নরঘাট সেতুর পাশে আরও একটি সেতু এবং উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ সহজ করতে ফরাক্কার দ্বিতীয় সেতু জাতির উদ্দেশে উৎসর্গ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর মতে, ফরাক্কার দ্বিতীয় সেতু চালু হওয়ায় উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ আরও দ্রুত হবে। একই সঙ্গে উত্তর-পূর্ব ভারত এবং প্রতিবেশী নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্য ও পর্যটনের ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি হবে।

শুভেন্দু জানিয়েছেন, গত ছ’মাসে জাতীয় সড়ক সংক্রান্ত আটকে থাকা অনাপত্তিপত্র এবং জমিজট মেটানোর ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় বাড়ানো হয়েছে। এই সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখার আবেদন জানিয়ে তিনি একাধিক নতুন সড়ক ও সেতু প্রকল্পের প্রস্তাব দেন। তাঁর দাবি, কলকাতা থেকে বনগাঁ হয়ে পেট্রাপোল পর্যন্ত প্রায় ৭৫ কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়ক সম্প্রসারণ করা প্রয়োজন। হুগলি নদীর ওপর ফলতা ও বাগনানকে যুক্ত করে একটি সেতু নির্মাণের কথাও বলেন তিনি। পাশাপাশি ৩৫ কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়ক ১১৭-এর গতিপথ পুনর্বিন্যাস ও সম্প্রসারণের প্রস্তাব তুলে ধরেন।

দক্ষিণ ২৪ পরগনার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর পর্যন্ত সংযোগ এবং জোকা থেকে নামখানা ও নন্দকুমার থেকে দিঘা পর্যন্ত চার লেনের সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সুন্দরবনের বিভিন্ন এলাকায় সেতু নির্মাণ, গোসাবা সেতু এবং গোসাবা থেকে বনগাঁ পর্যন্ত নতুন রাজমার্গ তৈরির প্রস্তাবও তাঁর তালিকায় রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং থেকে শিলিগুড়ি এবং শিলিগুড়ি থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত সড়ক যোগাযোগের কাজ সম্পূর্ণ করার ওপর জোর দিয়েছেন তিনি।

শিল্প ও পর্যটনের বিকাশের সঙ্গেও নতুন সড়ক প্রকল্পগুলিকে যুক্ত করতে চান মুখ্যমন্ত্রী। জামশেদপুর থেকে পানাগড় হয়ে বাঁকুড়ার বিষ্ণুপুর, সোনামুখী ও মুকুটমণিপুরের পাশ দিয়ে দামোদর সেতু পর্যন্ত একটি বিকল্প সড়ক নির্মাণের প্রস্তাব দিয়েছেন তিনি। এই সড়ক তৈরি হলে দুর্গাপুর ও জামশেদপুরের মতো শিল্পাঞ্চলের মধ্যে যোগাযোগ সহজ হবে। পাশাপাশি মুকুটমণিপুরের মতো পর্যটনকেন্দ্রের সঙ্গে শিল্প ও বাণিজ্যিক এলাকার সংযোগ বাড়বে। প্রস্তাবিত বারাণসী-কলকাতা এক্সপ্রেসওয়েকেও দুর্গাপুরের সঙ্গে যুক্ত করার সম্ভাবনার কথা তুলে ধরেছেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী বলেন, নতুন সরকারকে সহযোগিতা করতে হবে এবং প্রয়োজনীয় জমি রাজ্য সরকার দেবে। বিরোধী দলনেতা থাকাকালীন গডকরী যেভাবে তাঁকে পরামর্শ ও সহযোগিতা করেছেন, এবারও বাংলার উন্নয়নে একই ধরনের সহায়তা চান তিনি।

কেন্দ্রীয় মন্ত্রী গডকরি বাংলার ইতিহাস, সংস্কৃতি ও মনীষীদের অবদানের কথা উল্লেখ করে বক্তব্য শুরু করেন। স্বামী বিবেকানন্দ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম ও কর্মভূমি হিসেবে বাংলার ঐতিহ্যের প্রশংসা করেন তিনি। এরপর রাজ্যে কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে উন্নয়নের গতি বাড়ানোর কথা বলেন। গডকরী বলেন, ‘আজ বাংলায় আবার ডবল ইঞ্জিন এসেছে। এক দিকে মোদীজি, অন্যদিকে শুভেন্দু অধিকারী। এই ডবল ইঞ্জিনের বুলেট ট্রেন এমন গতিতে ছুটবে যে বাংলাকে সমৃদ্ধ ও সম্পন্ন করে উন্নয়নের লক্ষ্য পূরণ করবে।’

পরিকাঠামো উন্নয়নের ব্যাখ্যা দিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, জল, বিদ্যুৎ, পরিবহন ও যোগাযোগ— এই চারটি ক্ষেত্র শক্তিশালী না হলে শিল্প, ব্যবসা, কৃষি, গ্রামীণ উন্নয়ন, বিনিয়োগ ও কর্মসংস্থানের প্রসার সম্ভব নয়। এই ক্ষেত্রগুলির উন্নয়ন হলে দারিদ্র্য কমানোর পথও প্রশস্ত হয়। বাংলায় সড়ক নির্মাণের জন্য অর্থের অভাব হবে না বলে মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করে তিনি বলেন, ‘চিন্তা করবেন না। মহাভারতে দ্রৌপদীর থালার মতো আমার থালাতেও টাকার কোনও অভাব নেই। আপনি চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু আমি টাকা দিতে ক্লান্ত হব না।’

আরও পড়ুন: সংবিধান দিবসে বিরোধীদের নিশানা শুভেন্দুর, জরুরি অবস্থা ও শিখ দাঙ্গার প্রসঙ্গ তুলে আক্রমণ

মহারাষ্ট্রে ১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত মন্ত্রী থাকার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন গডকরি। তাঁর বক্তব্য, ওই সময়ে ৫৫টি উড়ালপুল, ওরলি-বান্দ্রা সমুদ্রসেতু এবং মুম্বাই-পুণে এক্সপ্রেসওয়ের মতো বড় প্রকল্প বাস্তবায়নে অর্থের সংস্থান করতে হয়েছিল। বাজার থেকে অর্থ সংগ্রহের অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, মুম্বাই স্টক এক্সচেঞ্জের মাধ্যমে দ্রুত বিপুল অর্থের সংস্থান করা সম্ভব। তাঁর বক্তব্যে স্পষ্ট, সরকারি বরাদ্দের পাশাপাশি বিকল্প অর্থায়নের পথও পরিকাঠামো নির্মাণে কাজে লাগানো যেতে পারে।

কেন্দ্রীয় মন্ত্রীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, বাংলার জন্য নির্ধারিত তিন লক্ষ কোটি টাকার কর্মসূচির মধ্যে প্রায় ৪০ হাজার কোটি টাকার ২,৪০০ কিলোমিটার সড়ক প্রকল্পের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। আরও প্রায় ৩৫ হাজার কোটি টাকার ৪৫০ কিলোমিটার প্রকল্পের কাজ চলছে। প্রায় দুই লক্ষ কোটি টাকার প্রকল্প রয়েছে ভবিষ্যৎ পরিকল্পনার তালিকায়, যার কয়েকটির কাজ শুরু হয়েছে। এর বাইরে নতুন করে আরও এক লক্ষ কোটি টাকার প্রকল্পের কথা ঘোষণা করেন তিনি। পাশাপাশি রাজ্যে প্রায় দেড় লক্ষ কোটি টাকার সবুজক্ষেত্র মহাসড়ক নির্মাণের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

গডকরী বলেন, দীর্ঘ ১৩ বছর ধরে এই দপ্তরের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা থেকে তিনি জানেন, শুধু ঘোষণা করলেই উন্নয়ন হয় না। প্রকল্পের কাজ শেষ করাই আসল বিষয়। তাঁর কথায়, ‘আমি সেই সব নেতার মতো নই যাঁরা ঘোষণা করে চলে যান। যা বলব, তা ডঙ্কা পিটিয়ে করে দেখাব।’ বাংলা ও মহারাষ্ট্রের সাহিত্য, কবিতা, শিল্প ও সংস্কৃতির অবদানের কথাও উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঁচ লক্ষ কোটি ডলারের অর্থনীতি গড়ে তোলা এবং ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যের প্রসঙ্গ টেনে গডকরী বলেন, উন্নত সড়ক যোগাযোগ সেই লক্ষ্য পূরণের অন্যতম শর্ত।

মার্কিন প্রেসিডেন্ট কেনেডির একটি বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, আমেরিকা ধনী বলে তাদের রাস্তা ভালো নয়, বরং রাস্তা ভালো বলেই আমেরিকা ধনী। এই উদাহরণ টেনে বাংলার জাতীয় সড়কগুলিকেও আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রয়োজনীয়তার কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী। কোলাঘাটের অনুষ্ঠান ঘিরে তাই শুধু কয়েকটি প্রকল্পের উদ্বোধন বা শিলান্যাস নয়, রাজ্যের ভবিষ্যৎ যোগাযোগ ব্যবস্থা, শিল্পের প্রসার, পর্যটন এবং কর্মসংস্থানের সঙ্গে যুক্ত একাধিক বড় পরিকল্পনা সামনে এল।

দেখুন: