স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে এক তৃণমূল কাউন্সিলারকে মারধর করে বিবস্ত্র অবস্থায় এলাকায় ঘোরানোর অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, পুলিশের উপস্থিতিতেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ মামলাকারীর। গুরুতর জখম অবস্থায় ওই কাউন্সিলারকে আইসিইউতে ভর্তি করতে হয়েছিল বলেও আদালতে জানানো হয়েছে। ঘটনাটিকে অত্যন্ত ‘গুরুতর অভিযোগ’ বলে উল্লেখ করে এবার রাজ্য পুলিশের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট।
আদালতের নির্দেশ, সংশ্লিষ্ট থানার আইসি-কে ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে রিপোর্ট জমা দিতে হবে। কীভাবে এই ঘটনা ঘটল? ঘটনার সময় পুলিশ কোথায় ছিল? অভিযোগ পাওয়ার পর পুলিশ কী পদক্ষেপ করেছে? সব কিছুই রিপোর্টে জানাতে হবে। এর পাশাপাশি তদন্তের অগ্রগতি নিয়েও জানতে চেয়েছে আদালত। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না, গ্রেপ্তার না হলে তার কারণ কী? সেই বিষয়টিও রিপোর্টে উল্লেখ করতে হবে।
মামলাকারীর অভিযোগ, স্থানীয় কয়েকজন দুষ্কৃতী তাঁর উপর চড়াও হয়ে মারধর করে। তাঁকে বিবস্ত্র অবস্থায় এলাকায় ঘোরানো হয় বলেও অভিযোগ। সেই সময় পুলিশ উপস্থিত থাকলেও তাঁকে রক্ষা করার জন্য কার্যকর কোনও পদক্ষেপ করা হয়নি বলে দাবি। হামলায় গুরুতর জখম হওয়ার পর তাঁকে আইসিইউতে চিকিৎসাধীন থাকতে হয়। এই অভিযোগ সামনে আসার পরই পুলিশের ভূমিকা এবং তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন উঠেছে।
শুধু ঘটনার তদন্ত নয়, মামলাকারী ও তাঁর পরিবারের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখেছে আদালত। প্রয়োজন হলে তাঁদের পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৬ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। ওই দিন রাজ্য পুলিশের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে আদালত।
আরও পড়ুন: মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
এখন পুলিশের রিপোর্টের দিকে নজর রয়েছে। কাউন্সিলারকে মারধর ও বিবস্ত্র করে ঘোরানোর অভিযোগের সত্যতা, ঘটনার সময় পুলিশের ভূমিকা এবং এখনও পর্যন্ত গ্রেপ্তারি না হওয়ার কারণ, সব প্রশ্নের উত্তরই এবার আদালতের সামনে দিতে হবে রাজ্যকে।




