• facebook
  • twitter
  • youtube
Tuesday, 24 November, 2026

ইতিহাসের দৃষ্টিতে আমাদের দেশ

মহাভারতের শান্তিপর্বে, পিতামহ ভীষ্ম যুধিষ্ঠিরকে কথায় কথায় বলেছেন, রাজা কালস্য কারণম। অর্থাৎ, সময়ই শাসকের সৃষ্টিকর্তা। আমাদের অর্থশাস্ত্রে

ইতিহাসের দৃষ্টিতে আমাদের দেশ

মহাভারতের শান্তিপর্বে, পিতামহ ভীষ্ম যুধিষ্ঠিরকে কথায় কথায় বলেছেন, রাজা কালস্য কারণম। অর্থাৎ, সময়ই শাসকের সৃষ্টিকর্তা। আমাদের অর্থশাস্ত্রে, কৌটিল্য বলেছেন, প্রজাবৃন্দ সুখী থাকলেই রাজার সুখ। সেসব তো খ্রিষ্ট জন্মেরও তিন-চার শতাব্দী আগেকার কথা!
চিন দেশের মধ্যযুগের দার্শনিক, কনফুসিয়াসকে কৌশলী প্রশ্ন করেছিলেন কেউ একজন, আচ্ছা, কেউ যদি আপনার এক গালে থাপ্পড় মারে, আপনি কি ভালোমানুষি দেখিয়ে, তার দিকে অন্য গালটা বাড়িয়ে দেবেন? না কি, একটা দাঁত ভেঙে দেওয়ার বদলা হিসেবে অপরের চোয়াল ভেঙে দেওয়াই উপযুক্ত কাজ? খারাপ কাজকে সমতুল খারাপ কাজ দিয়ে প্রতিহত করা দরকার? শঠে শাঠ্যং সমাচরেৎ? দার্শনিকের জবাবটিও ছিল বুদ্ধিদীপ্ত, ভালো কাজের জবাবেই ভালো কাজ আসে। সবার আগে চাই ন্যায়বিচার৷
ন্যায়বিচারের ভার কার হাতে? নানান দার্শনিকের দৃষ্টিতে বরং আমরা প্রাচীন ভারতকে দেখার চেষ্টা করি। শঙ্করাচার্যের অদ্বৈতবাদের ওপর ভিত্তি করে রচিত আরউইন শ্রয়েডিঙ্গারের ‘বেসিক ভিউ অফ বেদান্ত’ প্রসিদ্ধি অর্জন করেছে। বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ এই বিজ্ঞানীর জন্ম ১৮৮৭, প্রয়াণ ১৯৬১ সালে। শ্রয়েডিঙ্গার সমীকরণ, তাঁরই আবিষ্কার। তিনি ব্যাখ্যা করেছেন, ব্রহ্মচেতনা এক ও অনন্য, এটাই বেদান্তের শিক্ষা। বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত ঘটনারই উদ্ভব বিশ্বজনীন চেতনা থেকে, আর সেখানে মানুষে মানুষে কোনও ভেদ নেই।
আরও স্পষ্ট কিছু কথা উদ্ধার করি। তোমার এই যে জীবন, যা তুমি উপভোগ করছ, তা কোনও বিচ্ছিন্ন বিষয় নয়; বরং বিশেষ এক দৃষ্টিকোণ থেকে খেয়াল করলে বোঝা যায়, এখানেই পূর্ণতার স্বরূপ। এই বিশালতার ব্যাপ্তিকে এক ঝলকে দেখে শেষ করা যায় না। প্রাচীন ঋষিরা এরই বর্ণনা দিয়েছেন বেদান্তের অতি পবিত্র ও সরল আধ্যাত্মিক সূত্রে— তত্ত্বমসি: তৎ ত্বম অসি অর্থাৎ তুমিই সেই। আরেকভাবে বলা যায়, আমি আছি পশ্চিমে, আমি আছি পূর্বে, আমিই নিচে, আমি সর্বত্রই রয়েছি, পরিব্যাপ্ত সমগ্র ভুবনে।
বেদান্তের একতার তত্ত্ব এবং ধারাবাহিকতার সঙ্গে আধুনিক পদার্থবিজ্ঞানের তরঙ্গতত্ত্বের অদ্ভুত রকম সাদৃশ্য দেখা যায়। একশো বছর আগেও ধারণা ছিল যে, এই বিশ্বব্রহ্মাণ্ড হল এমনই এক যন্ত্র, যা গঠিত হয়েছে পরস্পর ক্রিয়াযুক্ত নানারকমের অজস্র পদার্থের সমষ্টি দিয়ে। কিছুকাল পর শ্রয়েডিঙ্গার, হাইজেনবার্গ আর তাঁদের সহযোগী বিজ্ঞানীরা এমন এক মডেল সৃষ্টি করলেন এই বিশ্বব্রহ্মাণ্ডের, যাকে বলা চলে প্রোবাবিলিটি অ্যামপ্লিটিউড দিয়ে তৈরি অবিচ্ছেদ্য অনন্ত তরঙ্গমালার সমাপতনের ফল। নতুন আবিষ্কৃত এই মতবাদ, বেদান্তের ‘একের মধ্যেই সমস্ত’, তথা, সবার মধ্যেই তিনি, এই তত্ত্বের সঙ্গে মিলে যাচ্ছে। কঠিন লাগছে শুনতে? বরং রবীন্দ্রনাথের কিছু কিছু গান ও কবিতায় এরই আভাস পাওয়া যায়, সীমার মাঝে অসীমের সুর যেখানে বাজে৷
লিওনার্ড ব্লুমফিল্ড, মার্কিন ভাষাতাত্ত্বিক এবং লেখক, শ্রয়েডিঙ্গারের সমসাময়িক। ইন্দো-ইউরোপীয় ভাষার ওপর তিনি ভাষাগঠন সংক্রান্ত কিছু কাজ করেছিলেন। সংস্কৃত ভাষার গঠন, বৈজ্ঞানিক সূক্ষ্মতা লক্ষ্য করে, বিশুদ্ধতা বুঝে, অভিভূত হয়েছিলেন তিনি। ‘ল্যাঙ্গুয়েজ’ নামক বইতে তিনি বলেছেন, এটা অত্যন্ত সত্য যে ভারতবর্ষের জ্ঞানভাণ্ডারই ভাষাতত্ত্বের ওপর ইউরোপীয় ধ্যানধারণায় বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছিল। সনাতন ধর্মীয় ব্যাকরণ, ভাষাতত্ত্বের বিশ্লেষণ করতে শিখিয়েছে ইউরোপীয়দের। সংযোজক শব্দগুলো আগে যেখানে অস্পষ্টভাবে প্রকাশ পেত, সেখানে সেগুলো এখন স্পষ্টভাবে লিপিবদ্ধ করা
সম্ভব হচ্ছে।
ব্লুমফিল্ড আরও লিখেছেন, প্রাচীন সংস্কৃত ব্যাকরণ, ‘পাণিনি’ এমন উন্নত ছিল যে আধুনিক ভাষাতত্ত্বের দৃষ্টিকোণ থেকে তার আর উন্নতিসাধনের অবকাশ নেই। আধুনিক ভাষাতত্ত্ব, বাক্যনির্মাণের জন্য যত কলাকৌশল আয়ত্ত করেছে, পাণিনির দু’জন ভাষ্যকার বহু আগে তা বিস্তৃতভাবে লিপিবদ্ধ করে রেখে গেছেন। গণিতশাস্ত্রে যেমন শূন্যের ধারণা দিয়েছে ভারতবর্ষ, ভাষাতত্ত্বের ক্ষেত্রেও তেমনই মৌলিক কিছু অবদান এই দেশের।
মাক্সমুলার সাহেবের নাম আমরা অনেকেই অল্পবিস্তর জানি। জার্মানির বিশিষ্ট দার্শনিক ও সাহিত্যিক তথা ভাষাবিদ মানুষটি ছিলেন বিদগ্ধ সংস্কৃত পণ্ডিত। অনুবাদের কাজে, সমস্ত পৃথিবীর কাছেই ভারতের প্রাচীন এই ভাষাকে তিনি পৌঁছে দিয়েছিলেন বলা চলে। তিনি বিশ্বাস ব্যক্ত করেছিলেন, প্রাচীন বৈদিক সভ্যতার অন্বেষণেই নিহিত রয়েছে পরবর্তী ইউরোপীয় সভ্যতার উৎপত্তি ও অগ্রগতির ইতিহাস। এই ধারণার বশবর্তী হয়েই তাঁর সংস্কৃত শিক্ষা ও বেদবেদান্ত চর্চার শুরু।
‘দ্য সিক্স সিস্টেমস অফ ইন্ডিয়ান ফিলসফি’ বইতে তিনি লিখছেন, বৈদিক ঋষিরা তাঁদের অসামান্য প্রজ্ঞা আর অক্লান্ত পরিশ্রমের ফসল যে বেদান্ত সৃষ্টি করেছেন, তা পড়তে গেলে আমাদের মাথা ঘুরে যায়, গথিক ক্যাথিড্রালের দোদুল্যমান শেষ সিঁড়িটিতে পা রাখলে যেমন অনুভূতি হয়, ঠিক তেমনই। আমাদের প্রাচীন দার্শনিকরা, যেমন হেরাক্লিটাস, প্লেটো, কান্ট, হেগেলের মতো বিদ্বানরাও তেমন উচ্চ শিখরযুক্ত সৌধ নির্মাণের সাহস পাবেন না, যেখানে ঝড়-বাতাস ও বিদ্যুতের কোনও
আশঙ্কা নেই!
জার্মানি যেহেতু ব্রিটিশের প্রতিপক্ষ ছিল বিগত শতাব্দীতে, সেই সময়ে স্বদেশি আবহাওয়ায় তাঁকে প্রতিবাদী মূর্ত প্রতীকরূপে দাঁড় করিয়ে রাখা হয়েছে নানানভাবে। স্বদেশের আত্মাকে আবিষ্কার, আজও কি আমরা সম্যক করতে শিখেছি? বিশ্বের জ্ঞানীগুণীজন কতরকম চোখে ভারতকে দেখেছেন, আমাদের তা অনুধাবন করা প্রয়োজন, বারংবার ব্যক্ত করা দরকার নবীন প্রজন্মের কাছে।