কোভিড অতিমারির সময় শেষ হয়েছে অনেক দিন। কিন্তু ক্রিকেটের একটি নিয়ম এখনও বদলায়নি। বল পালিশ করতে লালা ব্যবহারের উপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারতীয় অধিনায়ক শুভমান গিল তা প্রত্যাহারের দাবি তুলেছেন। আপাতত সেই নিয়ম পুনর্বিবেচনার কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ড্র হওয়ার পরেই এই বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন গিল। তাঁর বক্তব্য ছিল, কোকাবুরা বল খুব তাড়াতাড়ি নরম হয়ে যাচ্ছে। বিশেষ করে যে উইকেটে বোলারদের জন্য তেমন কোনও সাহায্য থাকে না, সেখানে বলের অবস্থা ঠিক রাখতে না পারলে উইকেট পাওয়া আরও কঠিন হয়ে যায়।
ম্যাচের পর গিল বলেন, ‘আমার বুঝতে অসুবিধা হচ্ছে, এখনও কেন বল পালিশ করার জন্য লালা ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে না। কোভিডের সময় তো আমরা অনেক পিছনে ফেলে এসেছি। বল পালিশ করতে লালা ব্যবহার করা যাবে না, এমন একটা নিয়ম তৈরি হয়েছিল। সাত-আট বছর হয়ে গেল। এখনও কেন এই অনুমতি দেওয়া হচ্ছে না, তা বুঝতে পারছি না।’
ভারতীয় অধিনায়কের মতে, প্রথম ইনিংসেই ২৫-৩০ ওভারের মধ্যে বল নরম হয়ে গিয়েছিল। শুধু ভারত নয়, নিউজিল্যান্ড শিবির থেকেও একই সমস্যার কথা জানানো হয়। গিলের কথায়, ‘আমাদের প্রথম বলটাই ২৫-৩০ ওভারের পর খুব নরম হয়ে গিয়েছিল। ওদের দল থেকেও একই অভিযোগ এসেছিল। ইংল্যান্ড সফরেও আমরা এই সমস্যা দেখেছি। প্রথম কয়েকটি ম্যাচে বল নিয়ে সমস্যা হয়েছিল। ওভালে অবশ্য আমাদের অন্য ধরনের বল দেওয়া হয়েছিল।’
কিন্তু গিলের দাবিতে এখনই সাড়া দিতে রাজি নয় আইসিসি। জানা গিয়েছে, এই নিষেধাজ্ঞা বহাল রাখার পিছনে স্বাস্থ্যগত এবং ক্রিকেটীয়—দু’ধরনের যুক্তিই রয়েছে আইসিসির। ২০২০ সালে কোভিড অতিমারির সময় ক্রিকেটার ও আম্পায়ারদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে প্রথম এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ২০২২-এ সেটি পাকাপাকি ভাবে আইসিসির খেলার নিয়মে অন্তর্ভুক্ত হয়।
মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ক্রিকেটের আইনেও লালা ব্যবহারকে বলের অবস্থা অন্যায্য ভাবে পরিবর্তনের পদ্ধতি হিসেবে দেখা হয়। কারণ, মিষ্টি, চুইংগাম বা মিন্টের সঙ্গে লালা মিশিয়ে ব্যবহার করলে বলের অবস্থার উপর অতিরিক্ত প্রভাব পড়তে পারে। সেই ব্যবহার নিয়ন্ত্রণ করাও কঠিন।
আরও পড়ুন: যুবরাজের বাবা যোগরাজের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পৃথ্বীর, কী নিয়ে বিতর্ক?
আইসিসির আরও বক্তব্য, লালার মাধ্যমে ক্রিকেটার এবং ম্যাচ আধিকারিকদের স্বাস্থ্যের ঝুঁকি তৈরি হতে পারে। ইউরোপীয় রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, নতুন করে দেখা দেওয়া সার্স-কোভ-২ ভাইরাসের প্রজাতিগুলিও বিশ্ব জুড়ে স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।
চলতি মাসের গোড়ায় ইন্দোনেশিয়ার বালিতে আইসিসির বৈঠক হয়েছিল। সেখানেও লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি নিয়ে কোনও আলোচনা হয়নি। ভবিষ্যতে নিয়ম পরিবর্তন করতে হলে আইসিসির কোনও সদস্য দেশকে সংশ্লিষ্ট কমিটির কাছে প্রস্তাব দিতে হবে। তার পরেই বিষয়টি বিবেচনার জন্য আইসিসি বোর্ডের কাছে যেতে পারে।
উল্লেখযোগ্য, আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা বহাল থাকলেও আইপিএলে ২০২৫ থেকেই বল পালিশ করতে লালা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। অর্থাৎ, গিলের দাবি আপাতত খারিজ। বলের অবস্থা নিয়ে ভারতীয় অধিনায়কের উদ্বেগ থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটে পুরনো নিয়মই বজায় রাখছে আইসিসি।
দেখুন:




