• facebook
  • twitter
  • youtube
Monday, 23 November, 2026

ঘুষ নেওয়ার অভিযোগে কলকাতায় পুলিশকর্মী ও পুরসভার ইন্সপেক্টর-সহ গ্রেপ্তার তিন

ঘুষ নেওয়ার অভিযোগে কলকাতায় পৃথক দু’টি ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করল রাজ্য দুর্নীতি দমন শাখা (এসিবি)। ধৃতদের মধ্যে রয়েছেন কলকাতা

ঘুষ নেওয়ার অভিযোগে কলকাতায় পুলিশকর্মী ও পুরসভার ইন্সপেক্টর-সহ গ্রেপ্তার তিন

প্রতীকী চিত্র

ঘুষ নেওয়ার অভিযোগে কলকাতায় পৃথক দু’টি ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করল রাজ্য দুর্নীতি দমন শাখা (এসিবি)। ধৃতদের মধ্যে রয়েছেন কলকাতা পুলিশের এক সার্জেন্ট, কলকাতা পুরসভার অ্যাসেসমেন্ট সেলের এক ইনস্পেক্টর এবং এক মধ্যস্থতাকারী। সোমবার, ২৩ নভেম্বর শহরের বিভিন্ন জায়গায় ফাঁদ পেতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেন এসিবি-র আধিকারিকেরা।

প্রথম ঘটনাটি এন্টালি থানার। অভিযোগ, একটি ফৌজদারি মামলায় আটক থাকা গাড়ি ছেড়ে দেওয়ার বিনিময়ে এক ব্যক্তির কাছে ১০ হাজার টাকা ঘুষ চেয়েছিলেন থানার এক সার্জেন্ট। অভিযোগকারীর কাছ থেকে বিষয়টি জানার পর ফাঁদ পাতে এসিবি। সোমবার ঘুষের টাকা নেওয়ার সময় ওই সার্জেন্টকে হাতেনাতে ধরেন তদন্তকারীরা। এরপর তাঁকে গ্রেপ্তার করা হয়।

দ্বিতীয় ঘটনাটি কলকাতা পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের। একটি বাড়ির মিউটেশন করিয়ে দেওয়ার জন্য ৪,৫০০ টাকা ঘুষ চাওয়ার অভিযোগ ওঠে পুরসভার অ্যাসেসমেন্ট সেলের এক ইনস্পেক্টরের বিরুদ্ধে। দমদমের বীরপাড়ার এক বাসিন্দা এই অভিযোগ দায়ের করেন। অভিযোগ, এক মধ্যস্থতাকারীর মাধ্যমে ওই টাকা নেওয়ার পরিকল্পনা ছিল।

অভিযোগের ভিত্তিতে এদিন ফাঁদ পেতে অভিযান চালান এসিবি-র আধিকারিকেরা। ৪,৫০০ টাকা নেওয়ার সময় মধ্যস্থতাকারীকে হাতেনাতে ধরা হয়। পরে এই ঘটনায় পুরসভার সংশ্লিষ্ট ইনস্পেক্টরকেও গ্রেপ্তার করা হয়।

দু’টি পৃথক ঘটনায় মোট তিনজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন শাখা। ধৃতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে।