গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ১.৬১৪ কেজি চরস-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের নারকোটিক্স সেল। ধৃতের নাম মহম্মদ ইসমাইল (৩৮)। তাঁর বাড়ি কলকাতার তালতলা এলাকায়।
পুলিশ সূত্রে খবর, ২১ নভেম্বর ইএম বাইপাসের উপর দত্তাবাদ অপরাজিতা সংঘের সামনে তাঁকে আটক করা হয়। ওই এলাকা মানিকতলা থানার অন্তর্গত ৩২ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। ধৃতের কাছ থেকে দু’টি ব্লকে রাখা প্রায় ১.৬১৪ কেজি চরস উদ্ধার হয়েছে।
পুলিশের দাবি, হিমাচল প্রদেশের মাণালি থেকে ওই মাদক কলকাতায় নিয়ে এসেছিলেন ইসমাইল। শহরের বিভিন্ন মাদক কারবারি ও ক্রেতার কাছে তা বিক্রির পরিকল্পনা ছিল তাঁর।
সরকারি আধিকারিক ও স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালানো হয়। গোটা প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফিও করা হয়। সমস্ত আইনি প্রক্রিয়া মেনে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তি আগেও মাদক পাচারের মামলায় গ্রেফতার হয়েছিলেন। ২০১৫ সালে তিলজলা থানায় তাঁর বিরুদ্ধে এনডিপিএস আইনের ২০(b)(ii)(C)/২৯ ধারায় মামলা দায়ের হয়েছিল। সেই মামলার তদন্ত করেছিল কলকাতা পুলিশের ডিডি-র নারকোটিক্স সেল।
ওই মামলায় আলিপুরের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক তাঁকে ১২ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শুনিয়েছিলেন বলে পুলিশ সূত্রে খবর।
নতুন করে এই ঘটনায় মানিকতলা থানায় ২০২/২০২৬ নম্বর মামলা দায়ের হয়েছে। ২২ নভেম্বর ধৃতকে আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে।




