• facebook
  • twitter
  • youtube
Sunday, 22 November, 2026

নানুর থানায় ভুয়ো এফিডেভিট তৈরির অভিযোগে কালীঘাট থানায় শুভাশিস চক্রবর্তীর লিখিত অভিযোগ, নিশানায় দুই বিধায়ক

নানুর থানায় বসে ভুয়ো এফিডেভিট তৈরির অভিযোগে এবার কালীঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন তৃণমূলের কোষাধ্যক্ষ

নানুর থানায় ভুয়ো এফিডেভিট তৈরির অভিযোগে কালীঘাট থানায় শুভাশিস চক্রবর্তীর লিখিত অভিযোগ, নিশানায় দুই বিধায়ক

নানুর থানায় বসে ভুয়ো এফিডেভিট তৈরির অভিযোগে এবার কালীঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন তৃণমূলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী। নির্বাচন কমিশনের কাছে জাল নথি জমা দেওয়ার এই অভিযোগে নাম জড়িয়েছে নানুর থানার ওসি সঞ্জয় সরকার, সাব-ইন্সপেক্টর গোলক ঘোষ এবং দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের। থানার অন্যান্য পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধেও ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ তোলা হয়েছে।

শুভাশিসের অভিযোগ, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের অন্দরে তৈরি হওয়া গোষ্ঠীসংঘাতের জেরেই এই ঘটনার সূত্রপাত। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি অংশ আলাদা গোষ্ঠী তৈরি করে নিজেদের আসল তৃণমূল বলে দাবি করে। ওই গোষ্ঠীর চেয়ারপার্সন হিসেবে অরূপ রায়ের নাম সামনে আনা হয়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠী এই দাবি মানতে নারাজ। দলের প্রকৃত সাংগঠনিক পরিচয় ও কর্তৃত্ব নিয়ে দুই পক্ষের বিরোধ গড়ায় নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত। কমিশনের কাছে নিজেদের শক্তি ও সমর্থন প্রমাণ করতেই নথি জাল করার পরিকল্পনা হয়েছিল বলে অভিযোগপত্রে দাবি করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ২৩ থেকে ২৭ অক্টোবরের মধ্যে নানুর থানার পরিকাঠামো ব্যবহার করে একাধিক ভুয়ো এফিডেভিট তৈরি করা হয়। স্থানীয় গ্রামের ভোটার তালিকা থেকে সাধারণ মানুষের নাম ও ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে স্ট্যাম্প পেপারে নির্দিষ্ট বয়ান লেখা হয়েছিল। সংশ্লিষ্ট ব্যক্তিদের অজান্তেই তাঁদের স্বাক্ষর জাল করে নথি তৈরি করা হয় বলে অভিযোগ।

শুধু স্বাক্ষর জাল করাই নয়, নথির বিশ্বাসযোগ্যতা তৈরির জন্য নোটারি পাবলিকের সিল ও স্বাক্ষরও জাল করা হয়েছিল বলে দাবি শুভাশিসের। এই কাজে নানুর থানার ওসি সঞ্জয় সরকার ও এসআই গোলক ঘোষের পাশাপাশি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং অরূপ রায়ের যোগসাজশের অভিযোগও তোলা হয়েছে।

ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩-এর ৬১(২), ১৯৮, ২০১, ২২০, ২৩৬, ৩৩৬, ৩৪০ ও ৩৪১ ধারায় মামলা রুজু করে তদন্তের আবেদন জানিয়েছেন তৃণমূলের কোষাধ্যক্ষ। অভিযোগের ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ করে, এখন সেটাই দেখার।

প্রসঙ্গত, এই বিষয়টি নিয়ে আগেই সরব হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্যেই তিনি সাত দিনের মধ্যে গোটা ঘটনা প্রমাণ-সহ সামনে আনার হুঁশিয়ারি দিয়েছিলেন। তাঁর দাবি ছিল, থানার ভিতরে বসেই এফিডেভিট তৈরি ও পূরণের কাজ হয়েছে।

অভিষেক আরও অভিযোগ করেছিলেন, সংশ্লিষ্ট এফিডেভিটে স্বাক্ষর করানোর সময় কোনও নোটারি উপস্থিত ছিলেন না। অন্য জায়গা থেকে নোটারি করানো হয়েছিল বলেও দাবি করেন তিনি। ঘটনাটিকে ফৌজদারি অপরাধ বলে উল্লেখ করে শুভেন্দু অধিকারী ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন অভিষেক।

তাঁর দাবি, থানায় বসে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এফিডেভিট পূরণ করার ভিডিও তাঁর কাছে রয়েছে। সেই ভিডিও সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন এবং সংবাদমাধ্যমের কাছে জমা দেওয়ার কথাও জানিয়েছিলেন তিনি। এবার শুভাশিস চক্রবর্তীর লিখিত অভিযোগে এই বিতর্ক নতুন মাত্রা পেল।