• facebook
  • twitter
  • youtube
Saturday, 21 November, 2026

দিল্লি থেকে অস্ট্রেলিয়া— জীবনের লড়াই পেরিয়ে এমসিজি-র নায়ক নিখিল! একা জেতালেন অস্ট্রেলিয়াকে, এক হাতে হাঁকালেন ছক্কা

দিল্লির এক তরুণের অস্ট্রেলিয়ার জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন এ ভাবেই নতুন মাত্রা পেল। আর মেলবোর্নের

দিল্লি থেকে অস্ট্রেলিয়া— জীবনের লড়াই পেরিয়ে এমসিজি-র নায়ক নিখিল! একা জেতালেন অস্ট্রেলিয়াকে, এক হাতে হাঁকালেন ছক্কা

Nikhil Chaudhary Photo-SNS

দিল্লি থেকে অস্ট্রেলিয়া। মাঝের পথটা মোটেই সহজ ছিল না। এক সময় ক্রিকেট খেলার স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। কোভিডের কারণে আটকে পড়েছিলেন বিদেশের মাটিতে। সংসার চালাতে করতে হয়েছে নানা ধরনের কাজ। কিন্তু ক্রিকেটের স্বপ্ন ছাড়েননি। সেই লড়াইয়ের পুরস্কার অর্জন করে নিলেন শনিবার। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক হয়ে উঠলেন দিল্লিজাত নিখিল চৌধুরি।

ব্যাট হাতে ৩৮ বলে ৬৬ রান। বল হাতে চার ওভারে ২১ রান দিয়ে দু’টি উইকেট। ম্যাচের সেরা ক্রিকেটারও হলেন তিনিই। আর এই বিশেষ দিনে গ্যালারিতে বসে তাঁর অসাধারণ পারফরম্যান্স দেখলেন নিখিলের বাবা-মা। তাঁদের সামনে এমন পারফরম্যান্স করে আবেগ ধরে রাখতে পারেননি দিনের নায়ক।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক সময় চাপে পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। সেই পরিস্থিতিতে চার নম্বরে ব্যাট করতে নেমে ম্যাচের রং বদলে দেন নিখিল। তাঁর ইনিংসে ছিল পাঁচটি চার ও দু’টি ছক্কা। একটি অবিশ্বাস্য এক হাতে মারা ছক্কাও নজর কেড়েছে দর্শকদের।

শেষ দিকে জ্যাক এডওয়ার্ডসের অপরাজিত ২৫ রানের সৌজন্যে ১৯.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। তিন উইকেটে জিতে পাঁচ ম্যাচের সিরিজ়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল তারা। মেলবোর্নে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়া করে জয়।

 

ম্যাচের সেরা হওয়ার পরে নিখিলের কাছে এই সাফল্যের গুরুত্ব ছিল অন্য রকম। কারণ, প্রথম বার তাঁকে অস্ট্রেলিয়ার হয়ে খেলতে দেখতে ভারতে থেকে মেলবোর্নে এসেছিলেন তাঁর বাবা-মা। নিখিল বলেন, ‘গত রাতে আমার বাবা-মা ভারত থেকে এসেছেন। তাঁদের সামনে ম্যাচের সেরা হওয়ার চেয়ে ভাল আর কিছু হতে পারে না। ওঁরা এই প্রথম আমাকে মাঠে খেলতে দেখলেন’।

অস্ট্রেলিয়ার হয়ে মেলবোর্নে এমন সম্মান পাওয়ার কথা কখনও ভেবেছিলেন কি না, প্রশ্ন করা হলে নিখিলের জবাব, ‘সত্যি বলতে কখনও ভাবিনি’। নিখিলের এই সাফল্যের পিছনে রয়েছে দীর্ঘ সংগ্রামের কাহিনি। ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত পঞ্জাবের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন। সেই সময় শুভমান গিলের মতো ক্রিকেটারের সঙ্গে সাজঘর ভাগাভাগি করে নিয়েছেন।

২০২০-তে অস্ট্রেলিয়ায় বেড়াতে গিয়ে কোভিডের কারণে সেখানেই আটকে পড়েন নিখিল। দেশে ফেরার সুযোগ না থাকায় অস্ট্রেলিয়াতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। ক্রিকেটের স্বপ্ন বাঁচিয়ে রাখতে শুরু করেন ক্লাব ক্রিকেট। পাশাপাশি সংসার চালানোর জন্য নানা ধরনের কাজও করেছেন। নর্দার্ন সাবার্বস ক্লাবের হয়ে খেলার সময় তাঁর প্রতিভা নজরে আসে।

২০২৩-২৪ মরসুমে বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেনসের হয়ে খেলার সুযোগ পান। পরে তাসমানিয়ার হয়ে শেফিল্ড শিল্ডেও সুযোগ আসে। ২০২৬-২৭ মরসুমের জন্য ঘরোয়া জাতীয় ক্রিকেটের চুক্তিও পেয়েছেন। অস্ট্রেলিয়ার স্থায়ী নাগরিকত্ব পাওয়ার পরে ২০২৬ সালের ১৭ জুন বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় তাঁর।

শনিবারের পারফরম্যান্স তাই নিছক একটি ম্যাচ জেতানো ইনিংস নয়। দীর্ঘ ছ’বছরের লড়াইয়ের এক বড় স্বীকৃতি। ইংল্যান্ডের বিরুদ্ধে নিখিলের পারফরম্যান্স নজর কেড়েছে ভারতের প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিনেরও। তাঁর মতে, আইপিএলের দলগুলি এ বার নিখিলকে নিয়ে আগ্রহ দেখাবে। বিশেষ করে চেন্নাই সুপার কিংসের জন্য তিনি কার্যকর ক্রিকেটার হয়ে উঠতে পারেন।

দিল্লির এক তরুণের অস্ট্রেলিয়ার জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন এ ভাবেই নতুন মাত্রা পেল। আর মেলবোর্নের গ্যালারিতে বসে বাবা-মায়ের চোখের সামনে ম্যাচের সেরা হওয়ার আনন্দ—নিখিলের কাছে সেটাই হয়তো জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।