সমাজমাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে বিতর্ক এবার পৌঁছে গেল সরাসরি কর্পোরেট অফিসের দুয়ারে। দুই নেতার সমাজমাধ্যমের অ্যাকাউন্টে বিধিনিষেধ আরোপ করার প্রতিবাদে হায়দরাবাদে মেটার অফিসে ঢুকে বিক্ষোভ দেখালেন তেলেঙ্গানা যুব কংগ্রেসের কর্মীরা। এই বিক্ষোভ চলাকালীন অফিসের ভিতরে ফুলের টব ছুঁড়ে ভাঙচুর করা হয়। অফিসের করিডর থেকে ক্যাফেটেরিয়া চত্বর নান জায়গায় বিক্ষোভকারীদের দাপাদাপির ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমেই। অন্যান্য আসবাবও ভেঙে দেন। তাঁদের বিক্ষোভের জেরে ওই অফিসে বেশ কিছুক্ষণের জন্য কাজ থমকে যায় বলে অভিযোগ।
জাক্কিদি শিবাচরণ রেড্ডির নেতৃত্বে মেটার অফিসে এই বিক্ষোভ দেখানো হয়। মেটা এবং কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করে স্লোগান তোলেন আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ, বিরোধী রাজনৈতিক দলের কণ্ঠস্বরকে দমন করতে সমাজমাধ্যমে থাকা প্ল্যাটফর্মগুলির উপর রাজনৈতিক প্রভাব খাটানো হচ্ছে। যুব কংগ্রেসের জাতীয় সভাপতি উদয় ভানু চিব এবং জাতীয় ইনচার্জ মনীশ শর্মার সমাজমাধ্যমে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল বলে অভিযোগ। পাশাপাশি কয়েকটি পোস্টও ডিলিট করা হয় বলে দাবি প্রতিবাদীদের। বিক্ষোভকারীদের অভিযোগ, কেন্দ্রের বিজেপি সরকার মেটার মতো সংস্থাগুলিকে ব্যবহার করে সমাজমাধ্যমে বিরোধী দলের কর্মীদের কণ্ঠরোধ করছে। কংগ্রেস নেতা-কর্মীদের যে সমস্ত অ্যাকাউন্টে বিধিনিষেধ আরোপ করা হয়েছে সেগুলি আবার সচল করার দাবি তোলেন তাঁরা।
এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে মেটাকে হুঁশিয়ারিও দিয়েছে যুব কংগ্রেস। তাদের বক্তব্য, মেটার উচিত মেরুদণ্ড শক্ত করা। সাতদিনের সময়সীমা বেঁধে দিয়ে নিষিদ্ধ অ্যাকাউন্ট এবং পোস্টগুলি পুনরায় সামনে আনার দাবি জানিয়েছেন তাঁরা। মেটার কাছে চার দফা দাবি পেশ করেছে যুব কংগ্রেস। গত ৬ মাসে সরকারের নির্দেশে কতগুলি ভারতীয় অ্যাকাউন্ট আটকে দেওয়া হয়েছে এবং এখনও কতগুলি অ্যাকাউন্ট নিষিদ্ধ রয়েছে সেটার পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করতে হবে। সাংবাদিক এবং কনটেন্ট ক্রিয়েটারদের উপর আরোপিত সমস্ত বেআইনি বিধিনিষেধ প্রত্যাহার করতে হবে। ভারতের সংবিধানকে সম্মান জানাতে হবে। আর এসব না হলে আদালত, রাজপথ এবং নানা অফিসে আন্দোলন আরও তীব্রতর হবে।
তাছাড়া যুব কংগ্রেসের ফেসবুক পেজ থেকে করা পোস্ট করা হয় যে, মেটা কর্তৃপক্ষ বিজেপির অঙ্গুলিহেলনে চলছেন। বিরোধী কর্মীদের অ্যাকাউন্ট ‘ব্লক’ এবং স্বাধীন কণ্ঠস্বরকে ধামাচাপা দেওয়ার কাজ অনেক হয়েছে। মেটা এবার ভারতের সংবিধান মেনে চলুক। বিজেপির নির্দেশ মেনে নয়। কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছেন বিআরএস নেতা কেটি রামা রাও। যুব কংগ্রেস কর্মীদের গুণ্ডা বলে আক্রমণ করেন তিনি। বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারিও কংগ্রেসকে নিশানা করে অভিযোগ করেন, যুব কংগ্রেস কর্মীরা শুধু মেটার হায়দরাবাদ অফিসে ভাঙচুরই করেনি, ওই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে প্রকাশ করে নিজেদের কর্মকাণ্ডের প্রচারও করেছে।




