ঘূর্ণিঝড় আকভানের ল্যান্ডফল প্রক্রিয়া শেষ হয়েছে। আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, গোপালপুরের কাছে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়েছে। তবে পুরো প্রক্রিয়া শেষ হতে প্রায় তিন ঘন্টা সময় লেগেছে। ঘূর্ণিঝড় আকভান গোপালপুর সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে। তখন ঝড়ের গতিবেগ ছিল ৭০ থেকে ৮০ কিলোমিটার প্রতি ঘন্টায়। তবে মনে করা হয়েছিল, স্থলভাগে প্রবেশের সময় আকভান প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তবে সমুদ্রেই অনেকটাই শক্তি খুইয়ে ফেলে এই ঘূর্ণিঝড়। স্থলভাগে প্রবেশের পর আকভান পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। যার ফলে কলকাতা ও একাধিক জেলায় নাগাড়ে বৃষ্টি চলছে।
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর সম্ভাব্য প্রভাবের জেরে রাজ্যের বৃষ্টি পরিস্থিতি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে দুর্যোগের মোকাবিলায় গোটা রাজ্য প্রশাসনকে এখন থেকেই প্রয়োজনীয় সব প্রস্তুতি সেরে রাখার কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার এই গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল এবং স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ। এই রাজ্যে বৃষ্টি বাড়লে কেমন করে তা মোকাবিলা করা হবে তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। এদিকে ঝড়ের শক্তি খর্ব হলেও প্রবল দুর্যোগের মুখে পড়েছে ওড়িশা। বৃষ্টি শুরু হয়েছে ওড়িশার নানা জেলায়। অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে গোপালপুরে। শুক্রবার এবং শনিবার ওড়িশার পুরী ভদ্রক কটক গজপতি গঞ্জাম-সহ বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আছে।
প্রশাসন সূত্রে খবর, এই বৈঠক থেকে রাজ্যের একাধিক জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি কথা বলেছেন মুখ্যমন্ত্রী। কোন জেলায় বৃষ্টির পরিস্থিতি এখন কেমন এবং দুর্যোগ মোকাবিলায় প্রশাসনিক প্রস্তুতি কতদূর এগিয়েছে, জেলাভিত্তিকভাবে তার প্রত্যেকটি খোঁজখবর নিয়েছেন শুভেন্দু অধিকারী। টানা বৃষ্টির জেরে প্রত্যেক জেলায় ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ জানানোর জন্য কৃষকদের জন্য চালু করা হয়েছে হেল্পলাইন নম্বরও। জেলা স্তরে পুলিশ এবং প্রশাসনের মধ্যে সমন্বয় বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন মুখ্যমন্ত্রী।
তাছাড়া ১৪৪৪৭ হেল্পলাইন নম্বরে ফোন করে কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতির বিবরণ জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। টানা বৃষ্টির জেরে কলকাতা শহরে যাতে জল জমে জনজীবন বিপর্যস্ত না হয় এবং বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক থাকে সেটা নিশ্চিত করতে কলকাতা পুরসভার কমিশনারকে বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। এই ঝড়ের প্রভাব পড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। ইতিমধ্যেই কলকাতায় বৃষ্টি শুরু হয়েছে। কলকাতায় আগামী ১২ ঘণ্টা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার দিনভর কলকাতা ছাড়াও হাওড়া, হুগলী, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া জেলায় বৃষ্টি হয়। ভারী বৃষ্টি হয় দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রামে। শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।




