পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় শুক্রবার গিরিশ পার্ক থানায় হাজিরা দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃষ্টির মধ্যেই ঘড়ির কাঁটায় পৌনে একটা নাগাদ থানায় পৌঁছন তিনি। এদিকে, অভিষেকের অপেক্ষায় থানার বাইরে ছাতা মাথায় দাঁড়িয়ে ছিলেন তাঁর অনুগামীরা। তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন উপাসনা চৌধুরীও।
এই মামলার সূত্রপাত গত ২৯ অক্টোবর। ওই দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক অভিযোগ করেছিলেন, মুখ্যমন্ত্রী ও বর্তমান রাজ্য সরকারের প্ররোচনায় পুলিশ তাঁর মতো বিরোধীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে। পাশাপাশি সরকার পরিবর্তনের পর সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের দেখে নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। অভিষেকের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ৩১ অক্টোবর তাঁর বিরুদ্ধে গিরিশ পার্ক থানায় এফআইআর দায়ের করেন এক মহিলা। সেই অভিযোগের ভিত্তিতেই গত শুক্রবার সন্ধ্যায় কালীঘাটে অভিষেকের বাড়িতে পৌঁছয় পুলিশ। তাঁকে ২০ নভেম্বর থানায় হাজিরার নোটিস দেওয়া হয়। শুক্রবার দুপুর ১টার মধ্যে থানায় পৌঁছনোর নির্দেশ ছিল। নির্ধারিত সময়ের মধ্যেই সেখানে হাজির হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বালি ও কয়লা পাচারের অভিযোগে তদন্ত চালাচ্ছে ইডি ও সিবিআই। এই সংক্রান্ত মামলায় একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখেও পড়েছেন তিনি। রাজনৈতিক পালাবদলের আবহে তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ ও মামলা নতুন করে চর্চায় উঠে এসেছে। সই জাল, ডিজে মন্তব্য এবং পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ-সহ একাধিক বিষয় নিয়ে বর্তমানে তদন্ত চলছে।




