টানা তিন ম্যাচের অ্যাওয়ে সফর শেষ। এ বার ঘরের মাঠে ফেরার পালা ইস্টবেঙ্গলের । আজ, শুক্রবার বিকেলে যুবভারতী ক্রীড়াঙ্গনে স্পোর্টিং ক্লাব দিল্লির মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়নরা। চলতি আইএসএলে এই প্রথম ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলতে নামবে লাল-হলুদ বাহিনী। তবে ঘরের মাঠে প্রত্যাবর্তনের ম্যাচে প্রতিপক্ষকে হালকা ভাবে নেওয়ার সুযোগ নেই। কারণ, শেষ দু’টি ম্যাচ জিতে যথেষ্ট আত্মবিশ্বাসী দিল্লি।
মরসুমের শুরুটা দুরন্ত হয়েছিল আন্তোনিয়ো লোপেজ হাবাসের দলের। প্রথম ম্যাচে চার গোলে চার্চিল ব্রাদার্সকে উড়িয়ে দেওয়ার পরে ইন্টার কাশীকে ৫-১ গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু চেন্নাইয়ে গিয়ে ছবিটা বদলে যায়। চেন্নাইন এফসি-র কাছে ৩-৫ গোলে হেরে ধাক্কা খায় লাল-হলুদ শিবির। তিন ম্যাচে ১২ গোল করলেও রক্ষণে তাদের দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে।
চেন্নাইয়ের বিরুদ্ধে হারের পর দলের পারফরম্যান্সকে ‘দুর্ঘটনা’ বলে ব্যাখ্যা করেছিলেন হাবাস। তিনি বলেছিলেন, ‘চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচের পর আমরা নিজেদের খেলার ধারণা, নিজস্ব ধরন হারিয়ে ফেলেছিলাম। সেটা দ্রুত ফিরে পেতে হবে।’
তবে গোল করার ক্ষেত্রে এখনও লিগের সেরা দল ইস্টবেঙ্গল। আকে লোবা এবং দানি রামিরেস দু’জনেই তিনটি করে গোল করেছেন। লোবার রয়েছে দু’টি অ্যাসিস্টও। বিপিন সিং করেছেন দু’টি গোল। তবে চোটের জন্য অনোয়ার আলি না থাকায় রক্ষণ নিয়ে চিন্তা রয়েছে হাবাসের। একই সঙ্গে দলের গভীরতার উপরেও জোর দিচ্ছেন তিনি।
আরও পড়ুন: ফিফার মসনদে সভাপতি ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী এক ফরাসি ও এক জাপানি, কারা তাঁরা?
বৃহস্পতিবার ইস্টবেঙ্গল কোচ বলেন, ‘মাঠের প্রতিটি পজিশনে ভাল ফুটবলার নিয়ে একটা শক্তিশালী দল তৈরি করা প্রয়োজন। আমাদের এই ম্যাচে সেটাই করতে হবে। আন্তর্জাতিক বিরতির সময় আমরা ভাল ভাবে বিশ্রাম নেওয়ার এবং নিজেদের চাঙ্গা করে নেওয়ার সুযোগ পেয়েছি। মাঠের প্রতিটি পজিশনে ভাল ফুটবলার নিয়ে একটা শক্তিশালী দল তৈরি করা প্রয়োজন।
ভারতীয় ও বিদেশি ফুটবলারদের মধ্যে আমি কোনও পার্থক্য দেখি না। প্রত্যেকেই পেশাদার এবং যথেষ্ট শৃঙ্খলাপরায়ণ। বিষ্ণু এবং (সন্দীপ) মান্ডির দিকে তাকান। সাফ চ্যাম্পিয়নশিপে ওরা নিজেদের প্রমাণ করেছে, দায়িত্ব নিয়ে খেলেছে। এই তরুণ ফুটবলারদের প্রত্যেকেরই উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। নিয়মিত ম্যাচ জেতানোর ক্ষমতাও ওদের আছে।’
দলীয় সূত্রের খবর, সদ্য জাতীয় দলের শিবির থেকে ফেরা চার ফুটবলার সন্দীপ মান্ডি, পিভি বিষ্ণু, জয় গুপ্ত ও ডেভিড লালনসাঙ্গা-দের এই ম্যাচেই নামাবেন কিনা হাবাস, তা নিয়ে সন্দেহ আছে।
দলের মিডফিল্ডার জিকসন সিং বলেন, ‘আমাদের দলের সবচেয়ে ভাল দিক হল, প্রত্যেকেই দায়িত্ব নিতে চায়। অনোয়ারের চোটটা দুর্ভাগ্যজনক। তবে আমরা প্রত্যেকেই আরও বেশি দায়িত্ব নিয়ে নিজেদের কাজ ঠিক ভাবে করার চেষ্টা করব। চেন্নাইয়ের বিরুদ্ধে হারের পর আমরা নিজেদের ভুলগুলো বুঝতে পেরেছি। সেই ভুল শুধরে নিয়েই এই ম্যাচে মাঠে নামতে চাই।’
আরও পড়ুন: সিরাজের বাদ পড়া নিয়ে গম্ভীর-গিলকে খোঁচা অশ্বিন-আজহারদের, দল বাছাইয়ে ক্ষুব্ধ প্রাক্তনরা
অন্য দিকে, শুরুতে ধাক্কা খেলেও ক্রমশ ছন্দে ফিরেছে স্পোর্টিং ক্লাব দিল্লি। বেঙ্গালুরু এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্টের কাছে হার, গোয়ার বিরুদ্ধে ড্র—প্রথম দিকে প্রত্যাশামতো এগোতে পারেনি তারা। কিন্তু তার পরেই ঘুরে দাঁড়ানো। মুম্বই সিটি এফসিকে ৩-২ গোলে হারানোর পরে ইন্টার কাশীকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে টমাস চর্জের দল। পাঁচ ম্যাচে সাত পয়েন্ট নিয়ে লিগ টেবলের চার নম্বরে রয়েছে দিল্লি। ছ’নম্বরে থাকা ইস্টবেঙ্গলের চেয়ে তারা এগিয়ে মাত্র এক পয়েন্টে। লাল-হলুদ ব্রিগেড অবশ্য দু’টি ম্যাচ কম খেলেছে।
কলকাতায় এসে জয়ের লক্ষ্যেই নামতে চান দিল্লির কোচ। চর্জের কথায়, ‘আমরা কলকাতায় ম্যাচ জিততেই নামব। আক্রমণাত্মক ফুটবল খেলতে চাই। প্রচুর সুযোগ তৈরি করে বেশি গোল করাই আমাদের লক্ষ্য।’ দিল্লির আক্রমণের অন্যতম ভরসা জুয়ান পেনা। তিনটি গোল করেছেন তিনি। কার্লোস ফর্তেস এবং রদ্রিগো দা সিলভা দু’টি করে গোল করেছেন। রদ্রিগোর নামের পাশে রয়েছে দু’টি অ্যাসিস্টও। পাঁচ ম্যাচে ১০ গোল করে তারাও বুঝিয়ে দিয়েছে, আক্রমণে যথেষ্ট ধার রয়েছে।
যদিও সাম্প্রতিক অতীতের পরিসংখ্যানে এগিয়ে ইস্টবেঙ্গল। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দিল্লিকে ৪-১ গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গল। তার আগের লিগ মরসুমেও ২-০ গোলে জিতেছিল তারা। তবে এ বারের দিল্লিকে যে সহজে হারানো যাবে না, তা মানছেন ফুটবল বিশেষজ্ঞদের একাংশ।শুক্রবারের ম্যাচে তিন পয়েন্ট পেলে ইস্টবেঙ্গলের পয়েন্ট হবে ৯। তারা উঠে আসবে প্রথম চারে। অন্য দিকে, জিতলে প্লে-অফের দৌড়ে নিজেদের অবস্থান আরও মজবুত করবে দিল্লি।
ম্যাচ: ইস্টবেঙ্গল বনাম স্পোর্টিং ক্লাব দিল্লি
তারিখ: শুক্রবার, ২০ নভেম্বর
সময়: বিকেল ৫টা
স্থান: বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা
সরাসরি সম্প্রচার: ISL-এর YouTube চ্যানেল, SonyLIV ও সোনি স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলে।
দেখুন:




