রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরানোর কমিটির বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও নিষ্ক্রিয়তার অভিযোগে কড়া পদক্ষেপের পর এবার অন্যান্য চিটফান্ডের টাকা ফেরানোর দায়িত্বপ্রাপ্ত বিচারপতি তালুকদার কমিটির কাজকর্ম নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, গত ১২ বছর ধরে কার্যত কোনও কাজই করেনি এই কমিটি। আমানতকারীদের টাকা ফেরানোর ক্ষেত্রে কমিটির ভূমিকা নিয়ে কার্যত প্রশ্নের মুখে পড়ল গোটা প্রক্রিয়া।
বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলার শুনানিতে উঠে আসে কমিটির কাজের একাধিক গাফিলতির ছবি। আদালতের প্রশ্ন, কতগুলি চিটফান্ডের টাকা ফেরানো হয়েছে, কতজন আমানতকারী আবেদন করেছেন, কত সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে কিংবা কত সম্পত্তি বিক্রি করে টাকা উদ্ধার করা হয়েছে— কোনও নির্দিষ্ট সংস্থার ক্ষেত্রেই তার সঠিক হিসেব দিতে পারছে না কমিটি। এমনকী, কোন সংস্থার বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে, সেই তথ্যও যথাযথভাবে সংরক্ষিত নেই।
কমিটির ওয়েবসাইটের বেহাল দশা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। আদালতের নজরে আসে, ওয়েবসাইটে এখনও মাত্র ৮৯টি চিটফান্ডের উল্লেখ রয়েছে। অথচ গত কয়েক মাসে আরও ১০৫টি চিটফান্ডের টাকা ফেরানোর দায়িত্ব দেওয়া হয়েছে কমিটিকে। অর্থাৎ, এতদিনেও ওয়েবসাইট আপডেট করার প্রয়োজন মনে করেনি তারা। এই পরিস্থিতিতে বিচারপতির কড়া মন্তব্য, “আপনারা করেনটা কী? আসলে আপনাদের কমিটির কাজ করার কোনও ইচ্ছেই নেই।”
কমিটির আইনজীবী অরিন্দম দাস জানান, রাজ্য সরকারের দেওয়া ৩৪ জন কর্মীর মধ্যে ১৬ জনই ডেটা এন্ট্রি অপারেটর। সেই বক্তব্য শুনেই পাল্টা প্রশ্ন তোলেন বিচারপতি। কাজ না থাকলে ওই কর্মীরা কি বসে বসে বেতন নিচ্ছেন? দিনে কতগুলি করে ডেটা এন্ট্রি করতে হয় তাঁদের? যদি কাজই না থাকে, তাহলে ওই কর্মীদের অন্যত্র বদলি করার কথা কেন বলছে না কমিটি? বিচারপতির স্পষ্ট বক্তব্য, এই কর্মীদের বেতন দেওয়া হচ্ছে সাধারণ মানুষের করের টাকা থেকে। ফলে সেই অর্থের যথাযথ ব্যবহার হচ্ছে কি না, তার জবাবদিহি করতেই হবে।
শেষ পর্যন্ত কমিটির কাজের খতিয়ান চেয়ে কড়া সময়সীমা বেঁধে দিয়েছে হাইকোর্ট। প্রথম দফায় যে ৫৩টি চিটফান্ডের দায়িত্ব কমিটিকে দেওয়া হয়েছিল, আগামী ৮ ডিসেম্বরের মধ্যে সেই প্রতিটি সংস্থার যাবতীয় তথ্য বিস্তারিত রিপোর্ট আকারে আদালতে জমা দিতে হবে। আদালতের পর্যবেক্ষণ, একটি নির্দিষ্ট সংস্থার সম্পর্কেও যখন যথাযথ তথ্য নেই, তখন এত বছর ধরে কমিটি ঠিক কী কাজ করেছে, সেই প্রশ্ন ওঠা স্বাভাবিক।
আমানতকারীদের টাকা ফেরানোর দীর্ঘ প্রতীক্ষার মধ্যে হাইকোর্টের এই ভর্ৎসনা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এবার ৮ ডিসেম্বরের রিপোর্টে কমিটি কতটা জবাব দিতে পারে, সেদিকেই নজর আমানতকারীদের।




