• facebook
  • twitter
  • youtube
Wednesday, 18 November, 2026

কলেজ স্ট্রিটে ফের অশান্তি, এসএফআইয়ের স্টল লক্ষ্য করে ইট-ডিম, চকোলেট বোমা

সন্ধ্যায় নতুন করে উত্তপ্ত হয়ে উঠল কলেজ স্ট্রিট। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সংলগ্ন এলাকায় বইয়ের স্টল ঘিরে সোমবার থেকেই উত্তেজনা চলছে।

কলেজ স্ট্রিটে ফের অশান্তি, এসএফআইয়ের স্টল লক্ষ্য করে ইট-ডিম, চকোলেট বোমা

সন্ধ্যায় নতুন করে উত্তপ্ত হয়ে উঠল কলেজ স্ট্রিট। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সংলগ্ন এলাকায় বইয়ের স্টল ঘিরে সোমবার থেকেই উত্তেজনা চলছে। বুধবার সকালেও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) বিক্ষোভে অবরুদ্ধ হয়ে পড়ে কলেজ স্ট্রিট। দুপুরের পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও সন্ধ্যায় ফের অশান্তি শুরু হয়।

সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ এসএফআইয়ের বইয়ের স্টল লক্ষ্য করে চকোলেট বোমা ছোড়ার অভিযোগ ওঠে। একই সঙ্গে ইট ও ঢিল ছোড়া হয় বলেও অভিযোগ। প্রাণ বাঁচাতে প্লাস্টিকের চেয়ার মাথায় দিয়ে আড়াল খোঁজেন এসএফআইয়ের কর্মী-সমর্থকেরা। বই বাঁচাতেও মরিয়া চেষ্টা চালান তাঁরা।

অভিযোগ, উল্টো দিক থেকে ইট, ঢিল, জলের বোতল ও লাঠি ছোড়া হয়। পরে এসএফআইয়ের বইয়ের টেবিল লক্ষ্য করে ডিমও ছোড়া হয় বলে দাবি। বইয়ের স্টল কাপড় দিয়ে ঢেকে দেন সদস্যেরা। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী ব্যারিকেড তৈরি করে।

তবে সেই ব্যারিকেড ধরে টানাটানি করতে দেখা যায় এবিভিপি সদস্যদের। অন্য দিকে, ট্রামলাইনের উপর বসে পড়েন এবিভিপি কর্মীরা। তাঁদের হাতে ছিল স্বামী বিবেকানন্দের ছবি। দু’পক্ষকে আলাদা রাখতে গার্ডরেল দিয়ে ঘিরে রাখে পুলিশ।

সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে অভিযোগ। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এসএফআই সদস্যেরা। তাঁদের দাবি, মঙ্গলবার পুলিশ সক্রিয় হয়ে এসএফআই কর্মীদের আটক করলেও বুধবার এবিভিপির বিক্ষোভ ও হামলার সময় একই ভূমিকা দেখা যায়নি।

এই অশান্তির জেরে সপ্তাহের মাঝেই কলকাতার অন্যতম ব্যস্ত রাস্তা কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। সমস্যায় পড়েন নিত্যযাত্রী থেকে অসুস্থ ব্যক্তিরা। কলকাতা মেডিক্যাল কলেজের দিক থেকে আসা অ্যাম্বুল্যান্সকে সূর্য সেন স্ট্রিটের দিকে ঘুরিয়ে দেয় পুলিশ।

বুধবার সকাল থেকেই কলেজ স্ট্রিটে উত্তেজনার সূত্রপাত। অন্য বছরের মতো কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বইয়ের স্টল করতে চেয়েছিল এসএফআই। পঞ্চম বর্ষের ‘সংগ্রামী বইপত্র’ কর্মসূচির জন্য জোড়াসাঁকো থানা ও পুরসভার অনুমতি নেওয়া হয়েছিল বলে দাবি সংগঠনের।

কিন্তু সোমবার রাতে আচমকাই রাস্তার পাশে স্টল করা যাবে না বলে জানানো হয়। এর প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ ও অবরোধ শুরু করেন এসএফআই সদস্যেরা। পরে পুলিশ তাঁদের আটক করে নিয়ে যায়।

বুধবার সকালে পুলিশের অনুমতি নিয়ে ফের ছোট পরিসরে বই বিক্রি শুরু করে এসএফআই। তখনই পথে নামে এবিভিপি। প্রথমে তাদের দাবি ছিল, কলেজ স্ট্রিটে ‘রাষ্ট্রবিরোধী বই’ বিক্রি করতে দেওয়া যাবে না। পরে এসএফআই বই বিক্রি করলে তারাও ‘রাষ্ট্রবাদী বই’ বিক্রি করবে বলে জানায় এবিভিপি।

দুপুরে এসএফআইয়ের বইয়ের স্টলে যান সিপিএমের চেয়ারম্যান বিমান বসু এবং বাম নেতা সুজন চক্রবর্তী। প্রায় আধ ঘণ্টা পর বিমান বসু বেরিয়ে যাওয়ার সময় তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দেন এবিভিপি সদস্যেরা।

সন্ধ্যায় ফের উত্তেজনা ছড়ালে বিমান বসুর বিরুদ্ধেও আক্রমণ শানায় এবিভিপি। সেই সঙ্গে উঠে আসে মনীষা মুখোপাধ্যায়ের নাম। এসএফআইয়ের অভিযোগ, পুলিশ তাঁদেরই বারবার সরে যেতে বলছে, অথচ হামলার অভিযোগে এবিভিপি সদস্যদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করছে না।

এসএফআইয়ের এক সদস্যের কথায়, সকালে এবিভিপি বইয়ের স্টল করতে চেয়েছিল। সন্ধ্যার পর থেকে ঢিল, ডিম ও চকোলেট বোমা ছোড়া শুরু হয়। এর মধ্যে তাদের স্টলের কয়েকটি বই নষ্ট হয়েছে বলেও দাবি সংগঠনের।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই বইপত্র গুটিয়ে এলাকা ছাড়ার চেষ্টা করেন এসএফআই সদস্যেরা। অন্য দিকে, দু’পক্ষের মাঝে ব্যারিকেড করে দাঁড়িয়ে থাকে পুলিশ। অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই এসএফআইয়ের স্টল লক্ষ্য করে একের পর এক চকোলেট বোমা ফাটানো হয়। ধোঁয়ায় ঢেকে যায় কলেজ স্ট্রিট।