• facebook
  • twitter
  • youtube
Tuesday, 17 November, 2026

কুলগামে হামলার আগে জায়গা ঠিক করেছিল জঙ্গিরা, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল গতিবিধি, নিহত এক

সিসিটিভি ফুটেজে দু’জনের গতিবিধি ধরা পড়েছে বলে জানা গিয়েছে। সংঘর্ষে উমর নিহত হলেও এখনও অধরা লতিফ

কুলগামে হামলার আগে জায়গা ঠিক করেছিল জঙ্গিরা, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল গতিবিধি, নিহত এক

Image: SNS

জম্মু-কাশ্মীরের কুলগামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত জঙ্গির পরিচয় জানা গিয়েছে। নাম উমর নিসার। গত ১১ নভেম্বর সিআরপিএফ-এর জওয়ানদের উপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে তার খোঁজ চলছিল। ওই হামলায় তিন জন সিআরপিএফ কর্মী আহত হয়েছিলেন। তদন্তকারীদের দাবি, হামলার আগে লস্কর-এ-তৈবার কমান্ডার লতিফ ভাটের সঙ্গে একাধিক জায়গায় ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল উমরকে। সিসিটিভি ফুটেজে দু’জনের গতিবিধি ধরা পড়েছে বলে জানা গিয়েছে। সংঘর্ষে উমর নিহত হলেও এখনও অধরা লতিফ।

হামলার আগে একাধিক জায়গায় নজরদারি  

তদন্তকারী সূত্রের খবর, ১০ নভেম্বর অর্থাৎ হামলার আগের দিন উমর ও লতিফ কুলগামের মীর বাজার, আখরান, হাবলিশ এবং কিলাম এলাকায় ঘোরাফেরা করেছিল। নিরাপত্তাবাহিনীর উপর হামলার আগে তারা ওই এলাকাগুলি পরিদর্শন করেছিল বলে অনুমান তদন্তকারীদের।

আরও পড়ুন: দিল্লিতে বাড়ি ভেঙে মৃত ২, নিহতদের মধ্যে রয়েছে তিন মাসের শিশু, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৮

১১ নভেম্বরের হামলার পর ওই দুই দিনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন নিরাপত্তা সংস্থার আধিকারিকেরা। সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজে উমর ও লতিফকে চিহ্নিত করা হয়েছে বলে দাবি। হামলার আগে তাদের গতিবিধি এবং হামলার পর আখরান এলাকা থেকে পালানোর দৃশ্যও ক্যামেরায় ধরা পড়েছে বলে তদন্তকারীদের বক্তব্য।

১১ নভেম্বর মীর বাজারের কাছে আখরানে একটি নিরাপত্তা চৌকিতে মোতায়েন সিআরপিএফ জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় ওই দুই জঙ্গি। ঘটনায় তিন জন জওয়ান আহত হন। হামলার পর এলাকা ছেড়ে পালিয়ে যায় তারা।

পাঁচ-ছ’মাস ধরে আশ্রয় দেওয়ার অভিযোগ

উমর ও লতিফের মধ্যে দীর্ঘদিন ধরে যোগাযোগ ছিল। নিরাপত্তা সংস্থাগুলির দাবি, প্রায় পাঁচ থেকে ছ’মাস ধরে লতিফকে আশ্রয় ও অন্যান্য সাহায্য দিয়েছিল উমর। উমরের নিখোঁজ হওয়ার পর তাঁর পরিবারের তরফে কুলগাম থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। তদন্তের ফলে এই তথ্যটি সামনে এসেছে। তদন্তকারী সূত্রের আরও দাবি, ১১ নভেম্বর সিআরপিএফের উপর হামলার পরই ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)-এ যোগ দিয়েছিল উমর।

আরও পড়ুন: ‘অ্যাকভান’-এর আশঙ্কায় উপকূল থেকে সরানো হচ্ছে বাসিন্দাদের, সতর্ক ওড়িশা-অন্ধ্র, মোতায়েন এনডিআরএফ

সংঘর্ষে নিহত উমর, অধরা লতিফ

সোমবার কুলগাম জেলার লারু এলাকায় উমর ও লতিফের সন্ধান পায় নিরাপত্তাবাহিনী। সেখানে সংঘর্ষ শুরু হলে নিহত হয় উমর। তবে লতিফের কোনও খোঁজ মেলেনি। মঙ্গলবারও তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন নিরাপত্তাবাহিনীর সদস্যেরা। লতিফ ঘেরাও এলাকার মধ্যেই রয়েছে, নাকি সেখান থেকে পালিয়ে গিয়েছে, তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

কুলগামের পর কিস্তওয়ারে দুই পুলিশকর্মীর দেহ উদ্ধার

কুলগামে ১১ নভেম্বরের হামলার পরের দিন অর্থাৎ ১২ নভেম্বর জম্মু-কাশ্মীরের কিস্তওয়ার জেলায় দুই স্পেশাল পুলিশ অফিসারের দেহ উদ্ধার হয়। মৃতদের নাম বাবি চাঁদ এবং রশপাল কুমার। তাঁরা কিয়ার-দাচ্ছন এলাকা থেকে নিখোঁজ হন। পরে তাঁদের দেহ উদ্ধার করা হয়। এই ঘটনার পরেই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী।

দেখুন: