ইউরোপে উৎসবের মরসুমে জঙ্গি হামলা নিয়ে সতর্কবার্তা জারি করল আমেরিকা। ছুটিতে ইউরোপের বিভিন্ন দেশে বেড়াতে যাওয়া মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে মাদ্রিদে অবস্থিত আমেরিকার দূতাবাস। জঙ্গিরা যে কোনও সময়ে জনবহুল এলাকা, উৎসবেরর বাজার, শপিং মল, পরিবহণ কেন্দ্র এবং ধর্মীয় উপাসনাস্থলকে নিশানা করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। হামলার আগাম কোনও সতর্কবার্তা নাও মিলতে পারে বলে জানানো হয়েছে।
সোমবার একটি নিরাপত্তা সংক্রান্ত পরামর্শবার্তায় মার্কিন দূতাবাস জানিয়েছে, ইউরোপের বিভিন্ন উৎসব ও বড় জনসমাগমকে টার্গেট করা হতে পারে। তাই ছুটিতে উৎসবস্থল এবং জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলিতে যাতায়াতের সময় বাড়তি সতর্কতা নিতে বলা হয়েছে। তবে কোনও নির্দিষ্ট হামলার পরিকল্পনা বা ইউরোপের কোনও বিশেষ দেশকে আসন্ন হামলার লক্ষ্য হিসেবে চিহ্নিত করেনি দূতাবাস।
আরও পড়ুন: উত্তরখণ্ডে নদীখাতে পড়ল বাস, মৃত ৮, আহত বেশ কয়েকজন
বোমা হামলার ভুয়ো হুমকি, ব্যাহত হতে পারে বিমান চলাচল
শুধু জঙ্গি হামলার আশঙ্কাই নয়, ইউরোপের বিভিন্ন দেশে পরিবহন ও দৈনন্দিন পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে আমেরিকা। ধর্মঘট ও বিক্ষোভের ঘনটা বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে সতর্কবার্তায়। পাশাপাশি, নভেম্বর মাসে ইউরোপের একাধিক দেশে অসামরিক বিনাম চলাচল ব্যবস্থাকে লক্ষ্য করে বোমা হামলার ভুয়ো হুমকি দেওয়া হয়েছিল। তার জেরে বেশ কয়েকটি বিমান পরিষেবা ব্যাহত হয়।
এই পরিস্থিতিতে বিমানযাত্রীদের নিয়মিত স্থানীয় সংবাদমাধ্যমের খবরের উপর নজর রাখার পাশাপাশি সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে উড়ানের সময়সূচি যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। কোনও উড়ান অন্যত্র ঘুরিয়ে দেওয়া হলে বা নিরাপত্তার কারণে কোনও এলাকা খালি করার নির্দেশ দেওয়া হলে বিমান সংস্থার কর্মী এবং স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলার কথাও বলা হয়েছে।
মার্কিন নাগরকিদের জন্য বিশেষ সতর্কবার্তা
দূতাবাসের পরামর্শ, জনবহুল এলাকায় চলাফেরার সময় চারপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকতে হবে। কোনও সন্দেহজনক পরিস্থিতি নজরে এলে স্থানীয় পুলিশ ও জরুরি পরিষেবার নির্দেশ মেনে চলতে হবে। বিক্ষোভের স্থান এবং যেখানে পুলিশের ব্যাপক উপস্থিতি রয়েছে, সেই এলাকাগুলি এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে। প্রকাশ্যে মূল্যবান সামগ্রী ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকতে বলা হয়েছে।
এছাড়া কোথাও ঘুরতে গেলে পরিবারের সদস্য, বন্ধু বা বিশ্বস্ত ব্যক্তিদের জানিয়ে রাখার এবং সফরের সময় তাঁদের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস। বিদেশে বসবাসকারী বা ভ্রমণরত মার্কিন নাগরিকদের স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রাম-এ নাম নথিভুক্ত করতেও বলা হয়েছে। পাশাপাশি, স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুসরণ করা, প্রশাসনের নির্দেশ মেনে চলা এবং মার্কিন বিদেশ দপ্তরের সামাজিক মাধ্যমের পেজগুলিতে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
দেখুন: বাড়ির জগদ্ধাত্রী পুজোয় প্রার্থনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর




