বাজারে ই২০ পেট্রোলের (E20 Petrol) চল শুরু হওয়ার পর এবার নিঃশব্দে বিক্রি শুরু হয়েছে বি৫ ডিজেল (B5 Diesel)। অভিযোগ, সাধারণ গ্রাহকদের কোনওরকম আগাম তথ্য না দিয়েই এই নতুন মিশ্রণের ডিজেল বিক্রি করছে দেশের একাধিক পেট্রল পাম্প (Petrol Pump)। সম্প্রতি একটি হিন্দি সংবাদমাধ্যমে প্রকাশিত একটি চাঞ্চল্যকর প্রতিবেদনে এই তথ্য সামনে এসেছে।
কী দিয়ে তৈরি হচ্ছে এই বায়োডিজেল?
‘বি৫ ডিজেল’ বলতে মূলত বোঝায় সাধারণ ডিজেলের সঙ্গে ৫ শতাংশ বায়োডিজেলের (Biodiesel) মিশ্রণ। ইন্ডিয়ান অয়েল-এর (Indian Oil) ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, এই বায়োডিজেল তৈরি করা হচ্ছে মূলত জেটরোফা (রতনজ্যোত) এবং করঞ্জিয়া থেকে। এই দুটোই এক বিশেষ ধরনের উদ্ভিজ্জ তেল বা বনস্পতি তেল (Vegetable Oil), যা কোনওভাবেই মানুষের খাওয়ার যোগ্য নয়। বিদেশ থেকে অপরিশোধিত জ্বালানি আমদানির বিপুল খরচ রুখতে দীর্ঘদিন ধরেই বিকল্প জ্বালানির খোঁজ চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। সেই উদ্যোগের অঙ্গ হিসেবেই পেট্রোলে ২০ শতাংশ ইথানল (Ethanol) মেশানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল, যা ই২০ পেট্রোল নামে পরিচিত। এবার ডিজেলের ক্ষেত্রেও সেই একই পথে হাঁটা শুরু হয়েছে।
কেন নিঃশব্দে চলছে এই মিশ্রণ?
পরিবেশ সুরক্ষার স্বার্থে জ্বালানিতে বায়োডিজেলের ব্যবহার অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ হলেও, বিতর্কের মূল সূত্রপাত হয়েছে স্বচ্ছতার অভাব নিয়ে। বর্তমানে সরকারি তেল বিপণন সংস্থাগুলি (OMC) ক্রমবর্ধমান মার্জিন সঙ্কুচিত হওয়ার (Margin Squeeze) মুখে দাঁড়িয়েছে। লভ্যাংশ ধরে রাখতে এবং আমদানির খরচ কমাতেই মূলত এই ৫ শতাংশ বায়োডিজেল মেশানোর প্রক্রিয়া দ্রুততর করা হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কিন্তু অভিযোগ, পেট্রল পাম্পগুলি সাধারণ গ্রাহকদের একেবারে অন্ধকারে রেখেই এই জ্বালানি বিক্রি করে চলেছে। অর্থাৎ, গাড়ির চালক বা মালিকরা সাধারণ ডিজেলের দাম দিলেও, তাঁরা যে মিশ্রিত ডিজেল কিনছেন, তা জানতে পারছেন না। পাম্প কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে কোনও নির্দেশিকা বা বিজ্ঞপ্তি গ্রাহকদের দেওয়া হচ্ছে না।
গাড়ির ইঞ্জিনে সম্ভাব্য প্রভাব
স্বচ্ছতার এই অভাব গ্রাহকদের মধ্যে যথেষ্ট উদ্বেগের সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা মনে করেন, নতুন প্রযুক্তির বা বিএস-৬ (BS-VI) ইঞ্জিনে বি৫ ডিজেল ব্যবহার করা নিরাপদ হলেও, পুরনো মডেলের গাড়িতে এর প্রভাব নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। পুরনো ইঞ্জিনের যন্ত্রাংশে এই বায়োডিজেল মিশ্রিত জ্বালানি দীর্ঘমেয়াদে কোনও সমস্যা তৈরি করবে কি না, তা নিয়ে গ্রাহকরা চিন্তিত। সাধারণ মানুষের দাবি, কী ধরনের জ্বালানি তাঁরা গাড়িতে ভরছেন, তা জানার আইনি অধিকার তাঁদের রয়েছে। পাম্পগুলির উচিত অবিলম্বে ডিসপেন্সার মেশিনের গায়ে এই মিশ্রণের কথা স্পষ্টভাবে উল্লেখ করা।
২০৭০ সালের মধ্যে ভারতকে ‘নেট জিরো’ (Net Zero) কার্বন নির্গমনের লক্ষ্যে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র। সেই কারণে জীবাশ্ম জ্বালানির (Fossil Fuel) ওপর নির্ভরশীলতা কমানোর জন্য জাতীয় স্তরে বায়োফুয়েল নীতি বা ‘ন্যাশনাল পলিসি অন বায়োফুয়েলস’ গ্রহণ করা হয়েছে। তবে সরকারের এই বৃহত্তর উদ্দেশ্য সফল করতে গেলে গ্রাহক স্তরে সচেতনতা এবং স্বচ্ছতা বজায় রাখা যে সমানভাবে জরুরি, বর্তমান পরিস্থিতি সেটাই প্রমাণ করছে। নাহলে জনরোষ আছড়ে পড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।




