একসময় বলিউডে খলনায়কের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শরদ কাপুর। ‘রাফ অ্যান্ড টাফ’ চেহারা, সুদর্শন ব্যক্তিত্ব আর পর্দায় দাপুটে উপস্থিতির কারণে তাঁকে নিয়ে চর্চা হত ইন্ডাস্ট্রিতে। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে পরিস্থিতি। বর্তমানে অভিনেতার শীর্ণকায় চেহারা দেখে তাঁকে চেনাই দায়। হাতে নেই কোনও কাজও। সম্প্রতি মুম্বইয়ের একটি পশুকল্যাণ কেন্দ্রে অসুস্থ অবস্থায় অভিনেতার ভেঙে পড়ার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তাঁকে নিয়ে শুরু হয় আলোচনা। আর সেই চর্চার মধ্যেই এল সুখবর। হলিউডে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন ‘জোশ’ খ্যাত অভিনেতা।
সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে শরদ জানিয়েছেন, একটি হলিউড ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। আগামী জানুয়ারি মাস থেকেই ছবির শুটিং শুরু হওয়ার কথা। এই ছবির হাত ধরেই হলিউডে অভিষেক হতে চলেছে তাঁর। তবে বিদেশি ছবিতে সুযোগ পেলেও বলিউড ছাড়ার কোনও পরিকল্পনা নেই অভিনেতার। বরং সুস্থ হয়ে ফের হিন্দি ছবিতে কাজ শুরু করতে চান তিনি।
শরদের কথায়, “ইতিমধ্যেই একটি হলিউড ছবির প্রস্তাব পেয়েছি। আগামী জানুয়ারিতে সেই ছবির কাজ শুরু করব। পাশাপাশি বলিউডের ছবিতেও কাজ চালিয়ে যাব। এটাই আমার দেশ। আশা করছি, দু’মাসের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে উঠলে সবকিছু আবার আগের মতো ঠিক হয়ে যাবে।”
কাজের সন্ধানে ইতিমধ্যেই ‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন’ বা সিন্টার দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োয় কাজের জন্য আবেদনও জানান তিনি। শরদের বক্তব্য, “সিন্টার কাছে আবেদন জানাতে চাই, আমি ভালো কাজের সন্ধানে রয়েছি। এই সময়ে আপনাদের সমর্থন আমার প্রয়োজন। আপনারা সবসময় সকলের পাশে দাঁড়িয়েছেন। মানসিকভাবে পাশে থাকলেও সেটা আমার কাছে অনেক বড় সমর্থন হবে।”
ভিডিয়োটি ছড়িয়ে পড়ার পর থেকেই বহু অনুরাগী তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। তবে শরদ জানিয়েছেন, তাঁর কাছে এই মুহূর্তে অর্থের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ কাজ। অভিনেতার কথায়, “আমি একজন ভালো অভিনেতা, আপনারা সেটা জানেন। টাকা এখানে কোনও সমস্যা নয়। আসল বিষয় হল, আমি আবার কাজ শুরু করতে চাই।”
একসময় বলিউডে পরিচিত মুখ ছিলেন শরদ কাপুর। দীর্ঘ বিরতির পর এবার হলিউডের হাত ধরে নতুন করে অভিনয়জগতে ফেরার সুযোগ তৈরি হয়েছে তাঁর সামনে। স্বাভাবিকভাবেই এই খবরে স্বস্তি ফিরেছে অনুরাগীদের মধ্যে।




