প্রয়াত উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের (Ajit Pawar) মৃত্যুর পরেই এনসিপি-র (NCP) দুই বিবদমান গোষ্ঠীর এক হওয়ার সমস্ত আলোচনায় পাকাপাকিভাবে দাঁড়ি পড়ে গিয়েছে। শনিবার সাংবাদিক বৈঠকে এমনটাই স্পষ্ট জানিয়ে দিলেন এনসিপি (শরদচন্দ্র পওয়ার) গোষ্ঠীর কার্যকরী সভাপতি তথা সাংসদ সুপ্রিয়া সুলে (Supriya Sule)। এর ঠিক একদিন আগেই অজিত-শিবিরের নেতা তথা মহারাষ্ট্র এনসিপি-র সভাপতি সুনীল তটকরেও (Sunil Tatkare) শরদ পওয়ারের (Sharad Pawar) দলের সঙ্গে সংযুক্তির (merger) যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়েছিলেন। ফলে মহারাষ্ট্রের রাজনীতিতে পওয়ার পরিবারের দুই শিবিরের পুনর্মিলন নিয়ে যে গুঞ্জন তৈরি হয়েছিল, দু’পক্ষের বয়ানে আপাতত তাতে পূর্ণচ্ছেদ পড়ল।
‘ভাইয়ের মৃত্যুর দিনই আলোচনায় দাঁড়ি পড়েছে’
গত ২৮ জানুয়ারি পুণে জেলার বারামতি বিমানবন্দরে অবতরণের সময় বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় মহারাষ্ট্রের তৎকালীন উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের। তার পর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা চলছিল, পারিবারিক ও রাজনৈতিক বিভেদ ভুলে এনসিপি-র দুই গোষ্ঠী আবার এক ছাতার তলায় আসতে পারে। শনিবার সেই জল্পনা নস্যাৎ করে সুপ্রিয়া বলেন, ‘আমার ভাই অজিত বেঁচে থাকা পর্যন্ত দলের দুই গোষ্ঠীর সংযুক্তি নিয়ে আলোচনা হয়েছিল। যে দিন ও আমাদের ছেড়ে চলে গেল, সে দিনই ওই আলোচনায় পূর্ণচ্ছেদ পড়ে গিয়েছে।
প্রফুল্ল পটেলের সাক্ষাৎ
সম্প্রতি অজিত-গোষ্ঠীর প্রবীণ নেতা প্রফুল্ল পটেল (Praful Patel) বর্ষীয়ান নেতা শরদ পওয়ারের সঙ্গে দেখা করায় নতুন করে রাজনৈতিক সমীকরণের জল্পনা ছড়ায়। তবে শুক্রবার সংবাদসংস্থা এএনআই-কে (ANI) দেওয়া সাক্ষাৎকারে সুনীল তটকরে সেই জল্পনায় জল ঢেলে দেন। তিনি জানান, ৮৬ বছর বয়সি শরদ পওয়ারের শরীর বিশেষ ভাল নেই। তাঁর আশীর্বাদেই দলের নেতারা বিভিন্ন পদে পৌঁছেছেন। তাই নেহাতই সৌজন্যবশত তাঁর স্বাস্থ্যের খোঁজ নিতে গিয়েছিলেন প্রফুল্ল পটেল। এর নেপথ্যে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই।
তটকরের কথায়, আমাদের দলের কোনও স্তরেই সংযুক্তি নিয়ে বিন্দুমাত্র আলোচনা হচ্ছে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ-তে (NDA) যোগ দেওয়ার সিদ্ধান্ত আমরা গভীরভাবে ভেবেচিন্তেই নিয়েছিলাম। আমরা এনডিএ-তেই আছি এবং ভবিষ্যতেও থাকব। তিনি আরও স্পষ্ট করে দেন, সুনেত্রা পওয়ারের (Sunetra Pawar) নেতৃত্বে তাঁদের দল ঐক্যবদ্ধ রয়েছে এবং শরদ-শিবিরের সঙ্গে হাত মেলানোর কোনও প্রশ্নই ওঠে না।
পাল্টা নিশানা
সম্প্রতি শিবসেনা-উদ্ধব গোষ্ঠীর নেতা সঞ্জয় রাউত (Sanjay Raut) দাবি করেছিলেন, শাসক শিবিরের ২০ থেকে ২২ জন বিধায়ক দলবদলের জন্য তৈরি হয়ে রয়েছেন। সেই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তটকরে। রাউতকে তীব্র কটাক্ষ করে তাঁর মন্তব্য, বিধানসভা নির্বাচনের পর থেকে ওঁর মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটেছে। উনি মানসিকভাবে সুস্থ নন। তাই এই ধরনের ভিত্তিহীন কথা বলছেন।




