সম্প্রতি অভিনেত্রী ও পশু অধিকারকর্মী জয়া ভট্টাচার্য শরদের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। সেই সাক্ষাতের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ করেন তিনি। সেখানেই চলচ্চিত্র জগতের কাছে কাজের আবেদন জানান শরদ। অভিনেতার কথায়, “আমি সিআইএনটিএএ-কে জানাতে চাই, ভাল কাজ খুঁজছি। আপনাদের সমর্থন প্রয়োজন। আমি জানি, আপনারা সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এই মুহূর্তে সামান্য মানসিক সমর্থন পেলেও আমার জন্য যথেষ্ট।”
নিজের অভিনয়দক্ষতার উপর আস্থা রয়েছে শরদের। তিনি বলেন, “আমি একজন ভাল অভিনেতা, আপনারা সেটা জানেন। টাকাপয়সা কোনও সমস্যা নয়। আমার একটাই সমস্যা, আবার কাজ শুরু করার অপেক্ষায় রয়েছি।”
অভিনেতা জানিয়েছেন, শারীরিক চোটের কারণেই আপাতত কাজ থেকে দূরে রয়েছেন তিনি। বার্সেলোনায় ফুটবল খেলতে গিয়ে পায়ে গুরুতর চোট পান শরদ। সেই ঘটনার কথা বলতে গিয়ে তিনি বলেন, “বার্সেলোনায় ফুটবল খেলতে গিয়েছিলাম। বড় খেলোয়াড়দের দেখে মনে হয়েছিল, আমিও যেন মেসি! সেই বোকামির কারণেই চোট পাই। অন্য এক খেলোয়াড়ের পা আমার পায়ে সামান্য লেগেছিল। তখনই বুঝতে পারি, চোটটা গুরুতর।”
চিকিৎসকদের মতে, আগামী দু’মাসের মধ্যে সুস্থ হয়ে উঠবেন তিনি। শরদের আশা, জানুয়ারি থেকেই কাজে ফিরতে পারবেন। শুধু বড়পর্দা নয়, বিভিন্ন মাধ্যমে অভিনয় করতে আগ্রহী তিনি। বিশেষ করে নেটফ্লিক্স এবং হটস্টারের মতো ওটিটি মঞ্চে কাজের সুযোগ পেলে খুশি হবেন বলে জানিয়েছেন অভিনেতা।
কীভাবে শুরু বিতর্ক?
এইচডব্লিউ ফাউন্ডেশন নামে একটি সংস্থার প্রকাশ করা ভিডিয়ো থেকেই বিতর্কের সূত্রপাত। মুম্বইয়ের খার ওয়েস্ট এলাকায় শরদের বাড়িতে গিয়ে ভিডিয়োটি রেকর্ড করা হয়েছিল। সেখানে অভিনেতাকে চারটি পোষ্য কুকুরের সঙ্গে একটি গদির উপর শুয়ে থাকতে দেখা যায়। বাড়ির চারদিকে ছড়িয়ে ছিল পশুদের মলমূত্র ও আবর্জনা। ঘরের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে উদ্বেগ প্রকাশ করেন নেটিজেনদের একাংশ। এমনকি, এই পরিস্থিতি পশু নির্যাতনের পর্যায়ে পড়ে কি না, তা নিয়েও প্রশ্ন ওঠে।
তবে গোটা ঘটনায় শরদের পাশে দাঁড়িয়েছেন তাঁর পুরনো বন্ধু ও পশুপ্রেমী হেমা সিংহ। তাঁর অভিযোগ, একটি উদ্ধার অভিযানকে সমাজমাধ্যমের প্রচারের উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে। শীঘ্রই ঘটনার সম্পূর্ণ ভিডিয়ো প্রকাশ করার কথাও জানিয়েছেন তিনি।
হেমার দাবি, প্রায় ৩০ বছর ধরে শরদকে চেনেন তিনি। তবে কর্মজীবনের ব্যস্ততা এবং ব্যক্তিগত কারণে দীর্ঘদিন তাঁদের মধ্যে যোগাযোগ ছিল না। শরদের আর্থিক দুরবস্থার অভিযোগও উড়িয়ে দিয়েছেন তিনি। হেমার কথায়, শরদের নিজের বাড়ি রয়েছে। অভিজাত এলাকায় তিন শোয়ার ঘরের একটি ফ্ল্যাটে থাকেন অভিনেতা। শারীরিক অসুস্থতার কারণেই বাড়ির পরিচ্ছন্নতা বজায় রাখা সম্ভব হয়নি।
হেমা আরও জানিয়েছেন, স্ত্রী ও সদ্যোজাত সন্তানকে নিয়ে থাকেন শরদ। পায়ে চোট পাওয়ার পর পরিবারের পক্ষে একদিকে শিশুর দেখভাল, অন্যদিকে চারটি পোষ্যকে সামলানো কঠিন হয়ে পড়েছিল। তাঁর মতে, শরদ এখন জীবনের কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে আর্থিক সাহায্যের চেয়ে তাঁর বেশি প্রয়োজন মানসিক সমর্থন।
এদিকে, পোষ্যদের দায়িত্ব হেমার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত যে সম্পূর্ণ নিজের, তা-ও স্পষ্ট করেছেন শরদ। স্বেচ্ছাসেবী সংস্থার প্রকাশিত ভিডিয়োয় তাঁকে বলতে শোনা যায়, “আমি নিজের সম্মতিতেই আমার কুকুরদের হেমার হাতে তুলে দিচ্ছি। আমি যখন বাড়ি বদল করব, তখন ওদের ফিরিয়ে নিয়ে যাব।”
১৯৯৪ সাল থেকে অভিনয়জগতের সঙ্গে যুক্ত শরদ কপূর। ‘জোশ’, ‘ইয়ে হ্যায় জলওয়া’ এবং ‘এলওসি কার্গিল’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘নো মিনস নো’ ছবিতে শেষ বার বড়পর্দায় দেখা গিয়েছিল তাঁকে। আপাতত চোট সারিয়ে ফের অভিনয়ে ফেরার অপেক্ষায় অভিনেতা।




