• facebook
  • twitter
  • youtube
Saturday, 14 November, 2026

অকল্যান্ডে পাঁচ গোল হজমের পর এ বার ঘুরে দাঁড়ানোর ডাক জামিলের, নিউজিল্যান্ডে বদলার ম্যাচ!

নিউজিল্যান্ড সফরে নতুন ফুটবলারদের সুযোগ দেওয়ার বিষয়টিও উল্লেখ করেছেন জামিল। অকল্যান্ডের প্রথম ম্যাচেই চার ফুটবলারের আন্তর্জাতিক অভিষেক হয়েছিল। মুহাম্মদ সুহেল, ডেভিড লালনসাঙ্গা, তোম্বা সিং হাওবাম এবং রিকি মেইতেই হাওবাম প্রথম বার জাতীয় দলের জার্সি পরে নেমেছিলেন।

অকল্যান্ডে পাঁচ গোল হজমের পর  এ বার ঘুরে দাঁড়ানোর ডাক জামিলের, নিউজিল্যান্ডে বদলার ম্যাচ!

Photo: X

অকল্যান্ডে পাঁচ গোল হজম করে মাঠ ছাড়তে হয়েছিল ভারতীয় ফুটবল দলকে। এ বার সামনে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ।

রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় প্রীতি ম্যাচে নামার আগে ফুটবলারদের স্পষ্ট বার্তা দিলেন ভারতীয় দলের কোচ খালিদ জামিল। তাঁর বক্তব্য, আগের ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রত্যেককে নিজের দায়িত্ব নিতে হবে। মাঠে নেমে নিজেদের সেরাটা দিতে হবে।

বৃহস্পতিবার অকল্যান্ডে প্রথম ম্যাচে ভারতকে ৫-০-য় হারিয়েছিল নিউজিল্যান্ড। ফিফা ক্রমতালিকায় ৮৮ নম্বরে থাকা দলের বিরুদ্ধে ভারতের রক্ষণকে বার বার অসহায় লেগেছে।

রবিবার ভারতীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটে ক্রাইস্টচার্চের ওয়ান নিউজিল্যান্ড স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

খালিদ বলেছেন, ‘ফল দেখলে বুঝতে পারবেন, আমরা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। তবে ফুটবলাররা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে। আমরা শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলছি বলে সে জন্য কোনও অজুহাত দেওয়া যায় না। আমাদের ভুলগুলো শুধরে লড়াইয়ে ফিরতে হবে। পরের ম্যাচে প্রত্যেককে দায়িত্ব নিতে হবে এবং নিজেদের সবটুকু উজাড় করে দিতে হবে।’

প্রথম ম্যাচের আগে প্রস্তুতির সমস্যার কথাও স্বীকার করেছেন ভারতীয় কোচ। বলেন, ‘আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা কিছু বিষয়ও মাথায় রাখতে হবে। আমরা বিদেশে খেলছি। সময়ের পার্থক্য সাড়ে সাত ঘণ্টা। সফরের আগে অনুশীলনের জন্য মাত্র এক দিন পেয়েছি। তার পর দু’দিনের মধ্যেই ম্যাচ খেলতে হয়েছে। মানিয়ে নিতে সময় লাগে। এখন সবাই পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে বলেই আমার বিশ্বাস।’

প্রথম ম্যাচের হারের দায় নিজের কাঁধে নিয়ে জামি বলেন, ‘ফল খারাপ হয়েছে, তার দায় আমারও। কয়েকটি ব্যক্তিগত ভুলের জন্য আমরা গোল হজম করেছি। তবে একটা ভাল দিক রয়েছে। ফুটবলারদের মানসিকতা ইতিবাচক। ওরা ঘুরে দাঁড়াতে প্রস্তুত।’

প্রথম ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন অনিরুদ্ধ থাপা। তিনিও স্বীকার করেছেন, অকল্যান্ডের হার দলের কাছে বড় ধাক্কা। থাপা বলেন, ‘এই ফল আমাদের কাছে অত্যন্ত হতাশার। ম্যাচের পর ছেলেরা ভেঙে পড়েছিল। নিউজিল্যান্ড শক্তিশালী দল এবং আমাদের ভুলগুলোর সুযোগ নিয়েছে। দল হিসাবে আমাদের দায়িত্ব নিতে হবে। আমরা জানি, আমরা ভাল খেলতে পারি। পরের ম্যাচে তা প্রমাণ করতে হবে’।

তিনি আরও বলেন, ‘এই পর্যায়ের ফুটবলে বেশি ভুল করার সুযোগ নেই। আমাদের আরও শৃঙ্খলাবদ্ধ হতে হবে। রক্ষণকে জমাট রাখতে হবে এবং নিজেদের মধ্যে যোগাযোগ বাড়াতে হবে’।

অধিনায়কত্ব প্রসঙ্গে থাপার বক্তব্য, ‘আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সবাইকে একসঙ্গে রাখা। আমাকে অধিনায়কত্ব দেওয়া হলে সামনে থেকে নেতৃত্ব দিই। তবে দলের এবং দেশের প্রতি প্রত্যেক ফুটবলারেরই দায়িত্ব রয়েছে।’

নিউজিল্যান্ড সফরে নতুন ফুটবলারদের সুযোগ দেওয়ার বিষয়টিও উল্লেখ করেছেন জামিল। অকল্যান্ডের প্রথম ম্যাচেই চার ফুটবলারের আন্তর্জাতিক অভিষেক হয়েছিল। মুহাম্মদ সুহেল, ডেভিড লালনসাঙ্গা, তোম্বা সিং হাওবাম এবং রিকি মেইতেই হাওবাম প্রথম বার জাতীয় দলের জার্সি পরে নেমেছিলেন।

ভারতীয় সমর্থকদের উদ্দেশে জামিলের বার্তা, ‘ফুটবলাররা ইতিবাচক চিন্তাভাবনা করছে। আমরা ভবিষ্যতের জন্য দল গড়ার চেষ্টা করছি। যখন আমরা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাব, তখন সমর্থকদের পাশে থাকা প্রয়োজন।’

পরের ম্যাচ নিয়ে জামিল আরও বলেছেন, ‘আমাদের ঘুরে দাঁড়াতেই হবে। এই ম্যাচে কোনও কিছু বাকি রাখতে চাই না। ফুটবলারদের আগেই বার্তা দিয়েছি, মাঠে নেমে সবটুকু দিতে হবে। ওরা যথেষ্ট উদ্বুদ্ধ।’

থাপারও আশা, ক্রাইস্টচার্চে ভাল ফুটবল উপহার দিতে পারবে ভারত। তাঁর কথায়, ‘আমাদের সামনে আরও একটা সুযোগ রয়েছে। সেটাকে কাজে লাগাতে হবে। এ বার আমরা অনেক ভাল পারফরম্যান্স করতে চাই।’

প্রথম ম্যাচে পাঁচ গোলের ধাক্কা। এ বার জামিলের সামনে সবচেয়ে বড় পরীক্ষা, ভারতীয় ফুটবলারদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনা।