• facebook
  • twitter
  • youtube
Saturday, 14 November, 2026

শেষ মুহূর্তে ফাজিলার গোল, আইডব্লিউএলে জয় দিয়ে অভিযান শুরু ইস্টবেঙ্গলের

শুক্রবার কল্যাণী স্টেডিয়ামে গোকুলম কেরালাকে ১-০ গোলে হারিয়ে মহিলাদের জাতীয় লিগের (আইডব্লিউএল) ২০২৬-২৭ মরসুম শুরু করল গত দু'বারের চ্যাম্পিয়নরা

শেষ মুহূর্তে ফাজিলার গোল, আইডব্লিউএলে জয় দিয়ে অভিযান শুরু ইস্টবেঙ্গলের

Scorer Fazila (File Photo)

শেষ বাঁশি বাজার অপেক্ষা। গোলের দেখা নেই। মনে হচ্ছিল, ঘরের মাঠে আইডব্লিউএলের প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হবে ইস্টবেঙ্গলকে। কিন্তু হার মানতে রাজি ছিলেন না ফাজিলা ইকওয়াপুত। সংযুক্তি সময়ে তাঁর গোলেই তিন পয়েন্ট তুলে নিল লাল-হলুদ। শুক্রবার কল্যাণী স্টেডিয়ামে গোকুলম কেরালাকে ১-০ গোলে হারিয়ে মহিলাদের জাতীয় লিগের (আইডব্লিউএল) ২০২৬-২৭ মরসুম শুরু করল গত দু’বারের চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল ইস্টবেঙ্গল। বলের দখল বেশি রেখে একের পর এক আক্রমণ তৈরি করছিলেন সুলঞ্জনা রাউলরা। তবে রক্ষণ জমাট রেখে লাল-হলুদের আক্রমণ সামাল দেয় গোকুলম।

আরও পড়ুন: সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রথম ম্যাচে আজ মণীষ পাণ্ডের কর্নাটকের বিরুদ্ধে শামি, মুকেশের সঙ্গে সায়ন

২০ মিনিটে গোলের সুযোগ তৈরি করেন ফাজিলা। তাঁর পাস থেকে হেমাম সিল্কি দেবীর শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়। ছ’মিনিট পরে সিল্কির পাস পেয়ে গোলের সামনে পৌঁছে গিয়েছিলেন রেস্টি নানজিরি। কিন্তু গোকুলম গোলরক্ষক শ্রেয়া হুডার তৎপরতায় গোল হয়নি। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়।

দ্বিতীয়ার্ধের শুরুতে পাল্টা আক্রমণে ওঠে গোকুলাম। শিলজি শাজির শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এর পর ম্যাচের নিয়ন্ত্রণ আবার নিজেদের হাতে নেয় ইস্টবেঙ্গল।

লইতংবাম আশালতা দেবীর কর্নার থেকে নাওরেম প্রিয়াঙ্কা দেবীর হেড পোস্টে লেগে ফিরে আসে। ফাজিলাও গোলের সুযোগ পেয়েছিলেন। তাঁর চিপ অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। পরে কায়েনপাইবাম অঞ্জু চানুর কাছ থেকে নিশ্চিত গোল বাঁচান গোকুলম গোলরক্ষক হুডা।

আরও পড়ুন: ফেডারেশনের বার্ষিক সভায় প্রতিনিধিত্ব করার জন্য কোনো রাজ্যের সমর্থন পেলেন না সভাপতি কল্যাণ, সভাপতির পদে লড়বেন কী ভাবে?

তবে শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলের চাপের কাছে হার মানে গোকুলামের রক্ষণ। সংযুক্ত সময়ে রিম্পা হালদারের পাস ধরে গোলরক্ষককে পরাস্ত করেন ফাজিলা। তাঁর সেই গোলেই নিশ্চিত হয় ইস্টবেঙ্গলের জয়।

গত মরসুমে দুরন্ত ফুটবল খেলে আইডব্লিউএল চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। এ বারও লক্ষ্য খেতাব ধরে রাখা। তার উপর এশীয় মঞ্চে সাফল্যের পর ঘরোয়া লিগেও নিজেদের আধিপত্য বজায় রাখতে মরিয়া লাল-হলুদ। প্রথম ম্যাচে শেষ মুহূর্তের জয় সেই লক্ষ্যে আত্মবিশ্বাস জোগাবে।

ফল: ইস্টবেঙ্গল ১-০ গোকুলম কেরল। গোল: ফাজিলা ইকওয়াপুত (সংযুক্ত সময়)।

দেখুন: