• facebook
  • twitter
  • youtube
Friday, 13 November, 2026

এনভিডিয়ার শেয়ারে ব্যাপক ধস, বাজার থেকে উবে গেল ৪৭ লক্ষ কোটি

মাত্র কয়েকদিনের ধাক্কায় কার্যত তছনছ বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি সংস্থা এনভিডিয়ার বাজারমূল্য। সংস্থার শেয়ারে

এনভিডিয়ার শেয়ারে ব্যাপক ধস, বাজার থেকে উবে গেল ৪৭ লক্ষ কোটি

মাত্র কয়েকদিনের ধাক্কায় কার্যত তছনছ বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি সংস্থা এনভিডিয়ার বাজারমূল্য। সংস্থার শেয়ারে লাগাতার পতনের জেরে বাজার মূলধন থেকে উধাও প্রায় ৪৯০ বিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪৭ লক্ষ কোটি টাকা। ব্যক্তিগত জীবনের একাধিক কেলেঙ্কারি এবং চিনা গুপ্তচর-যোগের অভিযোগে জড়িয়ে পড়েছেন সংস্থার সহ-প্রতিষ্ঠাতা তথা প্রধান জেনসেন হুয়াং। শেষ পর্যন্ত বৃহস্পতিবার পদত্যাগও করেছেন ৬৩ বছরের এই কর্তা। তাঁর বিদায়ের পরেও অবশ্য স্বস্তি ফেরেনি শেয়ার বাজারে।

১৯৯৩-এ এনভিডিয়া প্রতিষ্ঠা করেন জেনসেন। তিন দশকেরও বেশি সময় ধরে তাঁর নেতৃত্বেই কৃত্রিম বুদ্ধিমত্তার চিপের দুনিয়ায় শীর্ষস্থান দখল করেছে সংস্থাটি। কিন্তু গত সপ্তাহের শেষে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক সামনে আসতেই শুরু হয় বিপর্যয়। সিঙ্গাপুরের ডেটা সেন্টার সংস্থা মেগাস্পিড ইন্টারন্যাশনালের প্রাক্তন কর্তা অ্যালিস হুয়াংয়ের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা কর্মীদের কাছে লেখা চিঠিতে স্বীকার করেন জেনসেন। অ্যালিসের বিরুদ্ধে চিনের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহও প্রকাশ করেছেন মার্কিন গোয়েন্দারা। যদিও সেই অভিযোগ এখনও প্রমাণিত নয়।

সোমবার ও মঙ্গলবার পরপর দু’দিন এনভিডিয়ার শেয়ার দর কমে যায় মোট ৯.৬ শতাংশ। বুধবার সামান্য ঘুরে দাঁড়ালেও নতুন করে বিতর্ক তৈরি হয়। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়, সংস্থার ভাইস প্রেসিডেন্ট কিম্বারলি পাওয়েলের সঙ্গেও বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন জেনসেন। একই সময়ে তাঁর ভবিষ্যৎ নিয়ে বোর্ডের জরুরি বৈঠকের খবর সামনে আসে। বুধবার বাজার বন্ধের পর শেয়ারের দর প্রায় ৮ শতাংশ পড়ে যায়।

বৃহস্পতিবার বাজার খোলার আগেই জেনসেনের পদত্যাগের কথা ঘোষণা করে এনভিডিয়া। অন্তর্বর্তী সিইও করা হয়েছে সংস্থার দীর্ঘদিনের অর্থ বিভাগের প্রধান কোলেট ক্রেসকে। বোর্ডের প্রথম স্বাধীন চেয়ারম্যান হয়েছেন হার্ভে জোন্স। এদিন বাজার খোলার পর শেয়ারের দর এক সময়ে ১৪.৩ শতাংশ পর্যন্ত নেমে যায়। যদিও পরে কিছুটা সামলে দিনের শেষে ৪.৩ শতাংশ কমে ১৬৬.১৯ ডলারে বন্ধ হয়। গত শুক্রবারের তুলনায় সংস্থার বাজার মূলধন কমেছে প্রায় ৪৯০ বিলিয়ন ডলার। এক সময়ে তা ৪ লক্ষ কোটি ডলারেরও নিচে নেমে গিয়েছিল।

শুধু জেনসেনের বিদায় নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত ব্যবসার ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ বাড়ছে বিনিয়োগকারীদের মধ্যে। আপাতত নতুন নেতৃত্বের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সংস্থার প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফেরানো।