• facebook
  • twitter
  • youtube
Friday, 13 November, 2026

নির্বাচিত বোর্ড নেই, কলকাতা পুরসভার পর এবার হাওড়া পুরনিগমের ওয়ার্ড পুনর্বিন্যাস ঘিরেও আইনি জটিলতা

কলকাতার পর এবার হাওড়া! পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন ঘিরে নতুন করে আইনি বিতর্কের ঝড়। নির্বাচিত পুরবোর্ড নেই,

নির্বাচিত বোর্ড নেই, কলকাতা পুরসভার পর এবার হাওড়া পুরনিগমের ওয়ার্ড পুনর্বিন্যাস ঘিরেও আইনি জটিলতা

Photo: Representational Image

কলকাতার পর এবার হাওড়া! পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন ঘিরে নতুন করে আইনি বিতর্কের ঝড়। নির্বাচিত পুরবোর্ড নেই, অথচ প্রশাসকের সুপারিশেই ওয়ার্ডের সংখ্যা ও সীমানা বদলে দেওয়ার অভিযোগ। তার উপর জনসংখ্যার হিসাবেও বিস্তর গরমিল! কলকাতা পুরসভার ডিলিমিটেশন নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের সাম্প্রতিক পর্যবেক্ষণের রেশ কাটতে না কাটতেই এবার হাওড়া পুরনিগমের ওয়ার্ড পুনর্বিন্যাসকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হল।

হাওড়া পুরনিগমের প্রাক্তন কাউন্সিলর, প্রাক্তন মেয়র পারিষদ তথা মধ্য হাওড়ার বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী ইমতিয়াজ আহমেদ এই মামলা দায়ের করেছেন। তাঁর মূল অভিযোগ, আইন মেনে নির্বাচিত কর্পোরেশনের সুপারিশ ছাড়াই ওয়ার্ড পুনর্বিন্যাসের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাওড়া পুরভোটের বিজ্ঞপ্তি জারির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়েছেন তিনি।

সম্প্রতি রাজ্য বিধানসভায় হাওড়া পুরনিগমের ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৮ করার বিল পাশ হয়েছে। পরবর্তী সময়ে ১১ সেপ্টেম্বর ২০২৬-এর বিজ্ঞপ্তিতে ওয়ার্ড সংখ্যা ৬৬ থেকে ৬৮ করার কথা জানানো হয়। কিন্তু এই গোটা প্রক্রিয়ার আইনি ভিত্তি নিয়েই প্রশ্ন তুলেছেন মামলাকারী।

নির্বাচিত বোর্ড নেই আট বছর, সুপারিশ করল কে?

মামলার অন্যতম গুরুত্বপূর্ণ যুক্তি হাওড়া পুরনিগম আইন, ১৯৮০-এর ২১৯(১) ধারা। মামলাকারীর বক্তব্য, এই ধারা অনুযায়ী ওয়ার্ডের সংখ্যা কিংবা সীমানা পরিবর্তনের ক্ষেত্রে নির্বাচিত কর্পোরেশনের সুপারিশ প্রয়োজন। অথচ ২০১৮ সাল থেকেই হাওড়া পুরনিগমে কোনও নির্বাচিত বোর্ড নেই। প্রশাসকের অধীনেই চলছে পুরসভার কাজকর্ম। অভিযোগ, নির্বাচিত কর্পোরেশনের পরিবর্তে পুর কমিশনার ও প্রশাসকের সুপারিশের ভিত্তিতে ডিলিমিটেশনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মামলাকারীর প্রশ্ন, নির্বাচিত সংস্থার আইনগত ক্ষমতা কি প্রশাসক নিজের হাতে তুলে নিতে পারেন?

কলকাতার মামলাই এবার হাওড়ার হাতিয়ার

এই মামলায় কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলায় গত ৬ নভেম্বর হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশকেও হাতিয়ার করেছেন ইমতিয়াজ। প্রাক্তন কাউন্সিলর দীপু দাসের দায়ের করা মামলায় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণ করেছিল, কোনও প্রশাসক নিজেকে নির্বাচিত কর্পোরেশন হিসেবে গণ্য করে ওয়ার্ড পুনর্বিন্যাসের সুপারিশ করতে পারেন না।

আরও একটি গুরুতর অভিযোগ, ১১ সেপ্টেম্বর ডিলিমিটেশনের চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি হলেও ওয়ার্ডভিত্তিক জনসংখ্যার হিসাব নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে তার চার দিন পরে, ১৫ সেপ্টেম্বর। চূড়ান্ত বিজ্ঞপ্তির পর জনসংখ্যার হিসাব পাঠানোর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠেছে মামলায়।

ভোটের বিজ্ঞপ্তি জারি হলেই কি তৈরি হবে আইনি জট?

মামলাকারীর আশঙ্কা, রাজ্য নির্বাচন কমিশন যে কোনও মুহূর্তে হাওড়া পুরভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে। একবার নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়ে গেলে ডিলিমিটেশনের বৈধতা নিয়ে আইনি হস্তক্ষেপ আরও জটিল হয়ে উঠতে পারে। সেই কারণেই ১১ সেপ্টেম্বরের ডিলিমিটেশন বিজ্ঞপ্তি বাতিলের পাশাপাশি মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরভোটের বিজ্ঞপ্তি জারির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ চাওয়া হয়েছে।

শুক্রবার মামলাটি দায়েরের বিষয়টি আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আগামী মঙ্গলবার বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের এজলাসে মামলাটির শুনানির সম্ভাবনা।