• facebook
  • twitter
  • youtube
Thursday, 12 November, 2026

আবাস যোজনার সুবিধা পেতে চলেছেন আরও ৭ লক্ষ উপভোক্তা, বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের

তাছাড়া গত সরকারের আমলে আবাস যোজনায় ১২ হাজারেরও বেশি ভুয়ো উপভোক্তার সন্ধান মিলেছে। ওই উপভোক্তাদের ডিসেম্বর মাসের

আবাস যোজনার সুবিধা পেতে চলেছেন আরও ৭ লক্ষ উপভোক্তা, বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের

CM Suvendu Adhikari Photo-SNS

পশ্চিমবঙ্গ আবাস যোজনায় বড় পদক্ষেপ করল শুভেন্দু অধিকারীর সরকার। আরও ৭ লক্ষ উপভোক্তাকে দেওয়া হবে দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা। শুক্রবার নবান্ন সভাঘর থেকে এই প্রকল্পের টাকা উপভোক্তাদের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই ১০ লক্ষ ২০ হাজারের বেশি উপভোক্তা দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা পেয়ে গিয়েছে। এবার বাকি উপভোক্তাদের টাকা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এখানেই শেষ নয়, পঞ্চায়েতের কাজকর্মের উপর একটি বইও শুক্রবার প্রকাশ হবে। সেখানে মুখ্যমন্ত্রীর লেখাও থাকবে বলে সূত্রের খবর।

এদিকে কেন্দ্রীয় সরকারের ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’র নাম পরিবর্তন করে ‘বাংলার বাড়ি’ নাম দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই প্রকল্পে তৃণমূল সরকারের আমলে পশ্চিমবঙ্গ আবাস যোজনায় প্রায় ১৭ লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা দেওয়া হয়েছিল। তারপর রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকারের আমলে প্রকল্পের নাম বদলে রাখা হয় ‘পশ্চিমবঙ্গ আবাস’। এই প্রকল্পে মোট ৩০ লক্ষ ৬৫ হাজার উপভোক্তা বাড়ি তৈরি করার জন্য আর্থিক সহায়তা পেয়েছেন। তাঁদের মধ্যে ১২ লক্ষ উপভোক্তা দু’দফায় মোট ১ লক্ষ ২০ হাজার টাকা পেয়েছেন তৃণমূল সরকারের আমলেই। আর বাকি ১৮ লক্ষ ৬৫ হাজার উপভোক্তা প্রথম কিস্তির ৬০ হাজার টাকা করে পাওয়ার পর বিধানসভা নির্বাচন হয় এবং রাজ্যে পালাবদল ঘটে।

অন্যদিকে বিজেপি সরকারের আওতায় ১০ লক্ষের বেশি উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা ইতিমধ্যেই দিয়েও দেওয়া হয়েছে। শুক্রবার আরও সাত লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। সুতরাং রাত পোহালেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। যে সমস্ত উপভোক্তার পশ্চিমবঙ্গ আবাস যোজনার বাড়ি তৈরির কাজ চলছে এবং যাঁদের বৈধ জবকার্ড রয়েছে তাঁদের জিরামজি প্রকল্পের আওতায় সর্বাধিক ৯০ দিনের শ্রমদিবসের মজুরি দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু ওই উপভোক্তারা নিজেদের বাড়ি করার সময় যুক্ত থাকেন, কাজ করেন কিন্তু মজুরি পান না। তাই তাঁদের সেই শ্রমকে কেন্দ্রের এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হচ্ছে। ওই শ্রমিকদের অদক্ষ শ্রমিকদের যা মজুরি সেটা দেওয়া হবে।

তাছাড়া গত সরকারের আমলে আবাস যোজনায় ১২ হাজারেরও বেশি ভুয়ো উপভোক্তার সন্ধান মিলেছে। ওই উপভোক্তাদের ডিসেম্বর মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত না দিলে জানুয়ারি মাসেই তাঁদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছেন তিনি। আর জিরামজি প্রকল্পে আরও বেশি করে কর্মদিবস তৈরির উপর জোর দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন, দ্রুত আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া হবে। শুক্রবার তা দেওয়া হবে।