• facebook
  • twitter
  • youtube
Friday, 13 November, 2026

ফলতায় জাহাঙ্গিরের প্রাসাদোপম বাড়ি ভাঙার কাজ শুরু, প্রশাসনের পদক্ষেপে হাইকোর্টে তৃণমূল নেতা

জনবহুল এলাকায় বাড়িটি অবস্থিত হওয়ায় সতর্কতা অবলম্বন করছে প্রশাসন। প্রথমে বাড়ির ভিতরে থাকা খাট, সোফা, বালিশ-সহ যাবতীয় আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী সরিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। তারপর হাতুড়ি ও ছোট যন্ত্রের সাহায্যে ধাপে ধাপে ভাঙার কাজ চলছে।

ফলতায় জাহাঙ্গিরের প্রাসাদোপম বাড়ি ভাঙার কাজ শুরু, প্রশাসনের পদক্ষেপে হাইকোর্টে তৃণমূল নেতা

Jahangir Khan Photo-SNS

ফলতার ‘পুষ্পা’ এখন জেলে বন্দি। আর তাঁর তৈরি প্রাসাদোপম বাড়িতে হাতুড়ি চালাচ্ছে প্রশাসন। দক্ষিণ ২৪ পরগনার ফলতার দাপুটে তৃণমূল নেতা জাহাঙ্গির খানের বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগে তাঁর বিশাল বাড়ি ভাঙার কাজ শুরু করেছে জেলা প্রশাসন। বুধবার সকাল থেকেই ফলতার শ্রীরামপুরে পৌঁছে যান প্রশাসনিক আধিকারিকরা। বিডিও, পুলিশ ও দমকল বাহিনীর উপস্থিতিতে শুরু হয়েছে বাড়ি ভাঙার প্রক্রিয়া। অন্যদিকে, প্রশাসনের এই পদক্ষেপের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন জাহাঙ্গির।

বৃহস্পতিবার আদালত খোলার পরেই জাহাঙ্গিরের আইনজীবী ব্রততী প্রামাণিক বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে মামলাটির দ্রুত শুনানির আবেদন জানান। মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি। বৃহস্পতিবারই শুনানির আশ্বাসও দিয়েছিলেন তিনি। তবে সময়ের অভাবে এ দিন শুনানি সম্ভব হয়নি। শুক্রবার মামলাটির শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।

২৬-এর বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরেই নেপালে পালিয়ে গিয়েছিলেন ফলতার এই তৃণমূল নেতা। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর জুন মাসে নেপাল সীমান্ত থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত জাহাঙ্গির এবং তাঁর স্ত্রী বর্তমানে জেলবন্দি। সেই আবহেই এ বার তাঁর প্রাসাদোপম বাড়িতে প্রশাসনের অভিযান ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

জেলা প্রশাসনের অভিযোগ, বাড়িটি নির্মাণের ক্ষেত্রে কোনও নিয়মকানুন মানা হয়নি। এমনকী বাড়ি তৈরির জন্য প্রয়োজনীয় অনুমতিও নেওয়া হয়নি। পঞ্চায়েত কিংবা জেলা পরিষদের কাছ থেকেও নির্মাণের কোনও অনুমোদন ছিল না বলে দাবি প্রশাসনের। এই বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল স্থানীয় প্রশাসন। আদালতের অনুমতি পাওয়ার পরেই বাড়ি ভাঙার প্রক্রিয়া শুরু হয়েছে।

আদালত সূত্রের খবর, এর আগে বাড়িটি ভেঙে ফেলার জন্য সাত দিনের সময়সীমা দিয়ে নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে বাড়ি ভাঙার কোনও উদ্যোগ নেওয়া হয়নি। তার পরেই আর অপেক্ষা না করে নিজেরাই ভাঙার কাজে নামে প্রশাসন। তবে জনবহুল এলাকায় বাড়িটি অবস্থিত হওয়ায় সতর্কতা অবলম্বন করছে প্রশাসন। প্রথমে বাড়ির ভিতরে থাকা খাট, সোফা, বালিশ-সহ যাবতীয় আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী সরিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। তারপর হাতুড়ি ও ছোট যন্ত্রের সাহায্যে ধাপে ধাপে ভাঙার কাজ চলছে।

আরও পড়ুন: হাইকোর্টের কড়া নির্দেশে ফিরল ১.৩৪ একরের পুকুর, পুনরুদ্ধারের খরচ মালিকের কাছ থেকেই আদায়ের উদ্যোগ

একদিকে জেলবন্দি জাহাঙ্গির। অন্যদিকে তাঁর সাধের প্রাসাদে প্রশাসনের হাতুড়ি। এই পরিস্থিতিতে বাড়ি ভাঙার অভিযান বন্ধ করতে শেষ পর্যন্ত হাইকোর্টের দ্বারস্থ হলেন ফলতার তৃণমূল নেতা। এখন নজর শুক্রবারের শুনানির দিকে।