জম্মু-কাশ্মীরের কুলগামে সিআরপিএফের নাকা চেকিং চৌকিতে জঙ্গি হামলার তদন্তে উঠে আসছে লস্কর-এ-তইবার স্থানীয় জঙ্গি মহম্মদ লতিফ ভাট ওরফে লতিফ ভাটের নাম। দক্ষিণ কাশ্মীরের অন্যতম ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গি হিসেবে পরিচিত তিনি। গোয়েন্দা সূত্রে খবর, দক্ষিণ কাশ্মীরে লস্কর-এ-তৈবার একমাত্র সক্রিয় স্থানীয় সদস্য লতিফ। বুধবারের হামলার পিছনেও তাঁর ভূমিকা রয়েছে কি না, ত খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
কুলগাম জেলার খেব্রান চাডর এলাকার বাসিন্দা লতিফ। আশমুজির একটি সরকারি স্কুল থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। পরে কুলগামের একটি কলেজে ভর্তি হলেো পড়াশোনা শেষ করেননি। কলেজ ছেড়ে খেব্রানে কাঠমিস্ত্রির কাজ শুরু করেন। কিন্তু ২০২৫ সালের ১৯ নভেম্বর আচমকাই নিখোঁজ হয়ে যান তিনি। বেশ কিছু দিন তাঁর কোনও খোঁজ না পেয়ে পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হয়। এর কয়েক দিন পরেই জানা যায়, লস্কর-এ-তৈবার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)-এ যোগ দিয়েছেন লতিফ।
আরও পড়ুন: কুলগামে সিআরপিএফের চৌকিতে হামলায় লস্কর যোগ! তদন্তকারীদের নজরে সেই জঙ্গি লতিফ
দক্ষিণ কাশ্মীরে লস্কর জঙ্গি কার্যকলাপ পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে লতিফের। কুলগাম ও অনন্তনাগে একাধিক স্লিপার সেল গড়ে তোলার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। নিরাপত্তা বাহিনীর উপর হামলা, পরিযায়ী শ্রমিক-সহ অ-কাশ্মীরিদের বেছে নিশানা করা এবং হত্যার মতো একাধিক ঘটনায় তাঁর নাম জড়িয়েছে। সেই কারণেই দীর্ঘদিন ধরে পুলিশ ও সেনা ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় রয়েছেন তিনি।
ঘটনাচক্রে, কুলগামে সিআরপিএফের চৌকিতে হামলার কেক দিন আগেই চার লস্কর জঙ্গির খোংজে শ্রীনগরের বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়েছিল পুলিশ। পোস্টারে তাঁদের নাম ও ছবি প্রকাশ করা হয়। ওই তালিকায় ছিলেন লতিফও। বাকি তিন জন হলেন বিলাল আহমেদ মীর, মহম্মদ উমর মীর এবং আবিদ কয়ুম লোন। প্রথম দু’জন সোপোর এলাকায় এবং আবিদ বারামুলায় সক্রিয় বলে জানা গিয়েছে।
সেনা সূত্রে দাবি, এই চার জনের মধ্যে একমাত্র লতিফই দক্ষিণ কাশ্মীরে সক্রিয়। বাকি তিন জন পাক-অধিকৃত কাশ্মীর থেকে জম্মু-কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ পরিচালনা করছেন বলে সন্দেহ। তাঁদের কার্যকলাপের সঙ্গে লতিফের যোগাযোগ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
এর আগেও একাধিক নাশকতার ঘটনায় লতিফের নাম উঠে এসেছে। গত ২২ জুলাই লালচকে এক পুলিশ কনস্টেবল খুন এবং ৩১ জুলাই কুলগামে এক পরিযায়ী শ্রমিক হত্যার ঘটনায় তাঁর যোগ রয়েছে বলে অভিযোগ। সেই সময় থেকেই তাঁর সন্ধানে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।
জুলাই মাসেই শোপিয়ানে সেনার একটি অভিযানে প্রায় ধরা পড়ে গিয়েছিলেন লতিফ। তবে শেষ মুহূর্তে পালিয়ে যেতে সক্ষম হন তিনি। ওই অভিযানে আর এক জঙ্গিনেতা জাকির আহমেদ গনী নিহত হন। লতিফের সন্ধান দিতে পারলে ১৫ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলেও সম্প্রতি ঘোষণা করেছে কুলগাম পুলিশ।
বুধবার কুলগামের মীরবাজারের কাছে আখরান এলাকায় সিআরপিএফের চৌকিতে হামলার ঘটনায় তিন জওয়ান আহত হন। প্রাথমিক তদন্তে তিন জঙ্গির জড়িত থাকার সম্ভাবনার কথা জানিয়েছে পুলিশ। তাঁদের মধ্যে দুজন বিদেশি নাগরিক বলে অনুমান করা হচ্ছে। হামলায় লতিফ জড়িত কি না তা এখন তদন্তসাপেক্ষ। তবে দক্ষিণ কাশ্মীরে তাঁর সক্রিয়তা এবং অতীতে একাধিক হামলায় তার নাম জড়িত থাকায় তদন্তকারীদের নজরে রয়েছেন এই ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গি।
দেখুন:




